খাগড়াছড়ি জেলা হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। রোগীদের কোনো অভিযোগ থাকলে কর্তৃপক্ষের কাছে খুদে বার্তার মাধ্যমে জানাতে অনুরোধ করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গত বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ‘সেবা গ্রহীতাদের মুখোমুখি হাসপাতাল কর্তৃপক্ষ’ শীর্ষক আলোচনা সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার এ কথা বলেন।সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সনাক আহ্বায়ক অনন্ত বিহারী খীসা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, অধ্যাপক বোধিসত্ত্ব দেওয়ান, জহুরুল আলম, এ জি এম জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আবাসিক চিকিৎসক সনজিব ত্রিপুরা। সনাক আহ্বায়ক অনন্ত বিহারী খীসা বলেন, ‘বাংলাদেশের হাসপাতালগুলোতে অনিয়ম-দুর্নীতি নিত্যনৈমিত্তিক ঘটনা। সেখানে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সেবার মান ভালো জেনে আমরা খুবই আনন্দিত এবং আশাবাদী।’ খাগড়াছড়িতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় সনাক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তার অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।