স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে হাজিরা খাতায় বুধবারের ঘরে সই আছে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সোলাইমানের। কিন্তু হাসপাতালের কোথাও তাঁকে পাওয়া গেল না। সকাল নয়টার পর বেশ কয়েকবার কক্ষে গিয়েও তাঁর খোঁজ মেলেনি। অবশেষে ১০টায় তাঁর দেখা পাওয়া গেল। কার্যালয়েই এলেন না অথচ হাজিরা খাতায় আপনার সই, এটা কীভাবে সম্ভব? এ প্রশ্ন করলে সোলাইমান বলেন, ‘আমি অসুস্থ, তাই আসতে দেরি হলো। আর ভুলে আগাম সই করে ফেলি।’গত বুধবার সকাল নয়টায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিত্সক সালাউদ্দিন মাহমুদ ও গিয়াস উদ্দিন ছাড়া আর কেউ উপস্থিত হননি। সোয়া নয়টায় আসেন সহ-সার্জন (ডেন্টাল) মনোজ কুমার বড়ুয়া। পৌনে ১০টায় আসেন স্বাস্থ্য কর্মকর্তা সাইয়েদা হুমাইরা জামিন। যানজটের কারণে সময়মতো কার্যালয়ে আসতে পারিনি—আত্মপক্ষ সমর্থন করেন সাইয়েদা হুমাইরা। তবে দেরিতে আসার কারণ জানতে চাইলে স্বাস্থ্য কর্মকর্তা এস এম আবু সাঈদ উল্টো প্রশ্ন করেন ‘নয়টায় আসব কেন? আমি তো ধরে নিয়েছি ১০টায় আসতে হবে।’ওই দিন কনসালটেন্ট জিয়াউল আনসার চৌধুরী ও মো. নাজমুল আহসান ছুটিতে আছেন বলে জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন মাহমুদ।কর্মচারীরাও প্রায় সময় দেরিতে কর্মস্থলে আসেন বলে অভিযোগ রয়েছে। তবে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক সাহিদুল ইসলাম ও কোষাধ্যক্ষ পরেশ চন্দ্র মণ্ডল বলেন, ‘আমরা প্রতিদিন সময়মতো আসি।’জানা গেছে, আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রে রাতে দায়িত্ব পালনকারী চিকিত্সক ছাড়া অন্যরা স্বাস্থ্যকেন্দ্র এলাকায় থাকেন না। আবাসিক স্বাস্থ্য কর্মকর্তাও থাকেন বাইরে। তিনি লোহাগাড়ার বাড়ি থেকে আসা-যাওয়া করেন।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন মাহমুদ জানান, স্বাস্থ্যকেন্দ্রে লোকবলসংকট রয়েছে। ১৫ জন সেবিকার স্থলে আছেন ছয়জন। পাঁচজন ঝাড়ুদারের মধ্যে আছেন দুইজন। জ্যেষ্ঠ সেবিকা রীতা বৈদ্য জানান, ওই দিন (বুধবার) স্বাস্থ্যকেন্দ্রের পুরুষ ওয়ার্ডে সাতজন, মহিলা ওয়ার্ডে পাঁচজন, শিশু ও পুরুষ ওয়ার্ডে পাঁচজন এবং শিশু ও মহিলা ওয়ার্ডে দুই জনসহ ১৯ জন রোগী ভর্তি ছিলেন। চিকিত্সা নিয়ে তেমন সমস্যা হচ্ছে না। তবে, রোগী বেড়ে গেলে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।পুরুষ ওয়ার্ডে ২২ দিন ধরে চিকিত্সা নিচ্ছিলেন তেকোটার মোজাহের ইসলাম (৩৮)। তিনি জানান, চিকিত্সকেরা তাঁকে সময়মতো দেখেন। ওষুধ ও খাবার দেওয়া হয়।সুপর্ণা সিকদার (২৭) জানান, ‘আজ (বুধবার) ভোরে আমার একটি বাচ্চার জন্ম হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে। এখানে ভালো চিকিত্সা পেয়েছি।’জরুরি বিভাগের চিকিত্সক গিয়াস উদ্দিন জানান, ‘মঙ্গলবার রাত আটটা থেকে বুধবার সকাল নয়টা পর্যন্ত ১২ জন রোগী এসেছেন। তাঁদের তিনজনকে ভর্তি করা হয়েছে। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’ চিকিত্সকদের দেরিতে আসা প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমি আজই (বুধবার) তাঁদের কারণ জানাতে বিজ্ঞপ্তি দেব, যাতে তাঁরা ভবিষ্যতে আর এমন না করেন।’