হাসান জাহাঙ্গীরের একক মিউজিক ভিডিও ‘স্বপ্ন স্বপ্ন’
স্বপ্ন দেখতে কে না ভালোবাসে? স্বপ্ন নিয়েই মানুষ বেঁচে থাকেন। সে স্বপ্ন যদি হয় গানে গানে সুরে সুরে তবে তো কথাই নেই। দরদি কণ্ঠশিল্পী হাসান জাহাঙ্গীর তাঁর একক মিউজিক ভিডিও স্বপ্ন স্বপ্নতে এমন স্বপ্ন সুরের জাল বুনেছেন। এতে রয়েছে ১০টি গান। এর মধ্যে সাতটি মৌলিক আধুনিক, একটি সংগৃহীত ও দুটি চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গান। সব গানেরই গায়কী ঢং চমৎকার। তবে সংগৃহীত গান ‘মক্কাতে ইঞ্জিনখানা বোগদাদে বগীখানে’ শিল্পীর মায়াবী কণ্ঠে ভিন্ন দ্যোতনার সৃষ্টি করেছে। মৌলিক আধুনিক গানের মধ্যে ভালো লেগেছে ‘আকাশজুড়ে মেঘ করেছে ... মেঘবালিকা উড়ে উড়ে যায়।’ চমৎকার মিউজিক কম্পোজিশনের কারণে গানটির আবেদন শ্রোতাদের কাছে বার বার ধরা দেয়। সঞ্জিত আচার্যের কথা ও সুরে আঞ্চলিক গান দুটিতে চট্টগ্রামের সংস্কৃতি ও সৌন্দর্যের ব্যঞ্জনা ফুটে উঠেছে। হাসান জাহাঙ্গীরের মিষ্টি কণ্ঠে গান দুটি শুনতে বেশ চমৎকার। অ্যালবামের অন্য গানগুলোর মধ্যে রয়েছে—‘বুকের ভেতর তুষের আগুন’, ‘তিলোত্তমা উপমাগো’, ‘এখন অনেক রাত’, ‘আমার কষ্টে গড়া বাগান’, ‘বরষার বৃষ্টিতে পিচঢালা পথ বেয়ে’ এবং ‘জলের ওপর যে বাঁধে ঘর।’ গানগুলোর চিত্রধারণে কারিগরি সহযোগিতা দিয়েছে সৃজনী টেলিমিডিয়া। পরিচালনা করেছেন দিলরুবা খানম।