২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে জাগরণ সংগীত দলের উদ্যোগে আয়োজন করা হয় হাসান জাহাঙ্গীরের একক সংগীতের আসরের। ‘যদি নীল দাও’ শিরোনামের এই আসরে শিল্পী পরিবেশন করেন ১৬টি আধুনিক গান ও লোকগীতি।
আসরের শুরুতে হাসান জাহাঙ্গীর নিজের লেখা ও সুর করা ‘যদি নীল দাও, আমি আকাশ হব’ ও ‘তোর কারণে প্রেম মাজারে’ এই দুটি গান পরিবেশন করেন। এরপর তিনি একে একে পরিবেশন করেন ‘পাখিরে তুই দূরে থাকলে’, ‘আমি সাম্পানে বাঁধিব ঘর’, ‘হাওয়ার উপর চলে গাড়ি’, ‘তুমি বিনে আকুল পরান’ ও ‘শুয়া উড়িল উড়িল’।
গানের ফাঁকে চলেছে কথামালার আসরও। আলোচনা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, গীতিকার শেখ সাদী খান ও সাফাত খৈয়াম, কবি এজাজ ইউসুফী, নাট্যজন খালেদ হেলাল, শিল্পী সুলতান উল আলম ও আবদুর রহিম। সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মামুন।
আসরের দ্বিতীয় পর্বে হাসান জাহাঙ্গীর বেশ কয়েকটি গান গেয়ে শোনান। এসবের মধ্যে দর্শক মাতায় ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘বকুল ফুল বকুল ফুল’, ‘আমার যমুনার জল দেখতে কালো’, ‘সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা’ গানগুলো।
প্রায় দুই ঘণ্টার অনুষ্ঠানে সুরের মায়ায় আচ্ছন্ন করে রাখেন শিল্পী। কাজী নজরুল ইসলামের রণসংগীত ‘চল্ চল্ চল্’ এই গানটি পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় আসরের।