চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রধান ফটক দিয়ে একটু ভেতরে ঢুকলেই চোখে পড়বে একটা গোলচত্বর। চত্বরের পর আম, কাঁঠাল ও মেহগনি শোভিত একটি রাস্তা চলে গেছে ক্যাম্পাসের ভেতরে। বিকেল হলেই এ রাস্তা সরগরম হয়ে ওঠে। বিভিন্ন হলের শিক্ষার্থীরা মেতে উঠেন আড্ডায়।চুয়েটের দুই হাজার ১০০ ছাত্রছাত্রীর মধ্যে দুই- তৃতীয়াংশ শিক্ষার্থী আবাসিক। চারটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাসে প্রায় সাড়ে সতের থেকে আঠার শ শিক্ষার্থী থাকেন। একটানা ক্লাসের ক্লান্তি আর পড়াশোনার কঠিন চাপ হালকা করার জন্য শিক্ষার্থীরা মেতে ওঠেন গান, আড্ডা আর খেলাধুলায়। সন্ধ্যা গড়ালে অনেকেই পরীক্ষার প্রস্তুতির জন্য ফিরে যান হলে। তবে বিদ্যুৎ চলে গেলে হলের ছাদে, মাঠে আর বারান্দায় জমে ওঠে আড্ডা। বেশ রাতেও থেকে থেকে শোনা যায় গিটারের ধ্বনি, সমস্বরে হেসে ওঠার শব্দ।বিকেলে দুই ধারে গাছপালা ঘেরা রাস্তায় হাঁটতে বের হন শত শত শিক্ষার্থী। গাছে ফাঁকে ফাঁকে চলে যুগল আড্ডা। এ ছাড়া চার-পাঁচজন, দশজন মিলে গোল হয়ে বসেও কথার ফোয়ারা ছোটান অনেকে। কেউ কেউ হাঁটতে হাঁটতেই চালিয়ে যান আড্ডা। এখানে হাঁটতে আসা শহীদ তারেক হুদা হলের শিক্ষার্থী শান্তনু বডুয়া বলেন, ‘এ রাস্তাটা আমাদের বাঁচিয়ে রেখেছে। এ রাস্তায় একবার চক্কর দিলেই প্রকৌশল জীবনের কষ্টকর মুহূর্তগুলো আমরা ভুলে যাই।’পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাইফুল ইসলাম প্রতিদিন বিকেল হওয়ার জন্য অপেক্ষা করেন। শহীদ মোহাম্মদ শাহ হল হলে থাকেন তিনি। ক্লাস শেষে বিকেলে হলের ছাদের আড্ডায় যোগ দেন তিনি। সাইফুল জানান, ‘প্রকৌশল শিক্ষায় শ্বাস ফেলার অবকাশ পাওয়া যেত না যদি হলের এই আড্ডা না থাকত।’ পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নুরুজ্জামান একই হলে থাকেন। বিকেলে প্রতিদিন চলে যান ফুটবল খেলতে। তাঁর মতে খেলাধূলা না করলে শরীর-মন কোনোটাই ঠিক থাকে না। তবে খেলার ফাঁকে ফাঁকে চলে আড্ডা। অবশ্য কেবল নুরুজ্জামান নন আবাসিক ছাত্রদের অনেকেই বিকেলে ক্রিকেট, ফুটবল, ভলিবল ও বাস্কেটবল খেলেন। চুয়েটে আছে চমৎকার একটি বাস্কেটবল গ্রাউন্ড। সেখানে নিয়মিত খেলতে যান কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষার্থী আরাফাত রহমান। তিনি বলেন, ‘রাতে ফ্লাড লাইটে বাস্কেটবল খেলার মজাটাই আলাদা। চারদিকে অন্ধকার। বাস্কেটবল গ্রাউন্ডের চার কোনায় জ্বলছে ফ্লাডলাইট। কখনো সন্ধ্যায় আবার কখনো বা মাঝরাতেও পড়ার অবসরে খেলি। খেলা শেষে গ্রাউন্ডের পাশে চলে আড্ডা, কখনো কখনো গান।’ ছাত্রী হল ছাড়া আর বাদবাকি সব হল কাছাকাছি জায়গায় অবস্থিত। চুয়েটের পাঁচ ছাত্রাবাসের মধ্যে সবচেয়ে বড় যে হলটি তার নামকরণ হয়নি এখনো। শিক্ষার্থীদের কাছে এই হল তাই নতুন হল হিসেবে পরিচিত। নতুন হল এবং শহীদ মোহাম্মদ শাহ হলের মাঝে আছে পুকুর। পুকুরঘাটে কখনো কখনো রাতভর চলে জমজমাট আড্ডা। এখানে বসে গানে আসর। শহীদ শাহ মোহাম্মদ হলের শিক্ষার্থী ইমন আহমেদ জানান, এখানে গানের আসরে লালন, আবদুল আলীম, আব্বাসউদ্দীন, হাসন রাজা, নজরুলের গান চলে। পাশাপাশি চলে ব্যান্ডের গানও।’রাতের আড্ডাবাজদের আরেকটা প্রিয় জায়গা কাসেম ফুড কর্নার। শিক্ষার্থীরা মজা করে বলে কেএফসি। পুরকৌশল বিভাগের ইমরান হোসেন জানান, রাতে একবার এই আড্ডায় না এলে ঘুমই আসে না।