‘আমাদের দেশে সমুদ্রসৈকত আছে ঠিক, তবে এত বড় নয়, ছোট। আমাদের সৈকতে এমন চমৎকার বালুও নেই। সৈকতভর্তি কেবল নুড়িপাথর। এখানে সৈকতে অনেক শামুক-ঝিনুকও আছে। আমরা পাহাড়ের জন্য পুরোপুরি সূর্যাস্তও দেখতে পারি না সেখানে দাঁড়িয়ে। আর এখানে লাল আভা ছড়িয়ে সূর্য ডুব দেয় সাগরে। কী অপূর্ব দৃশ্য! এখানকার সমুদ্রের বড় বড় ঢেউ সার্ফিংয়ের জন্যও চমৎকার। এত সুন্দর আর এত বড় সমুদ্রসৈকত কোথাও দেখিনি। এত সুন্দর সৈকত থাকতে বাংলাদেশকে কেন গরিব বলা হয়?’ কথাগুলো বলছিলেন জাপানের হিরোশিমা শহরের সুজুগামানি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মিজুয়ি আখি। বয়স ১৮। গত ১২ মার্চ এসেছিলেন বাংলাদেশে; সঙ্গে ছিল তাঁর আরও ১৬ সহপাঠী। উদ্দেশ্য কেবল ঘোরাঘুরিই নয়; বাংলাদেশের ছেলেমেয়েরা কীভাবে লেখাপড়া করছে, তাদের সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং জীবনযাপন সম্পর্কে জানাটাও ছিল অন্যতম কারণ। তা ছাড়া জাপানি এই শিক্ষার্থীদের টিফিনের টাকায় কক্সবাজারে চলছে ছিন্নমূল পথশিশুদের একটি প্রাক্-প্রাথমিক বিদ্যালয়। এই পথশিশুদের লেখাপড়া ও শিক্ষা কার্যক্রম সরেজমিন দেখা এবং শেখাও ছিল ভ্রমণের আরেক উদ্দেশ্য।উদ্দেশ্য অনেক থাকলেও পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত—কক্সবাজার এই শিক্ষার্থীদের চোখে এঁকেছে বিস্ময় আর মুগ্ধতার ছবি। গত ১৪ মার্চ বিকেলে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এসে সেসব কথাই বললেন ইউসি মোরা ইউরি, আয়া মত রিহু, লাগানো আয়ু মি, মায়াতা আয়ুমি, ইউশি মুঠো ইউকা, ইসিডা মায়ুসহরা। বিশাল সমুদ্রসৈকতে এসে জাপানি মেয়েদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দৌড়ঝাঁপ, লাফালাফি, ভেজাবালু নিয়ে খেলাধুলা—সবখানেই ছিল তারুণ্যের প্রমাণ। তবে ভুলেও তাঁরা পানিতে নামলেন না! কেন? প্রশ্নের উত্তর দিলেন ইউসি মোরা ইউরি, ‘আমাদের দেশে যে কেউ হুট করে সাগরে নামতে পারে না। গোসলের জন্য সমুদ্রের নির্দিষ্ট এলাকা ঘিরে রাখা হয়। কিন্তু এখানে এ রকম ঘেরা নেই। নেই কোনো নিরাপত্তা। তাই অরক্ষিত সাগরে নামা ঝুঁকিপূর্ণ। আমরা জানতে পেরেছি, এখানে গোসল করতে নেমে অনেকের মৃত্যু হয়েছে। আমাদের দেশে এ রকম কোনো মানুষের মৃত্যু হলে সরকারকে জবাবদিহি করতে হয়। দিতে হতো উপযুক্ত ক্ষতিপূরণ।’কথা হলো জাপানের সুজুগামানি বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক ও ভ্রমণকারী দলের প্রধান ইউসি কাওয়া মাশাহিরুর (৪৪) সঙ্গে। তিনি জানালেন, বাংলাদেশের ছেলেমেয়েদের লেখাপড়া, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং জীবনযাপন সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই ছাত্রীদের নিয়ে এসেছেন তাঁরা। যাতে তাঁরা ধরতে পারেন দুই দেশের শিশুদের জীবনযাপনের পার্থক্যটা। এর আগে অবশ্য আরও সাতবার অন্যান্য ছাত্রীদের নিয়ে বাংলাদেশ ঘুরে গেছেন মাশাহিরু। সেই অভিজ্ঞতার কথা বললেন তিনি, ‘আট বছর আগে প্রথম যখন কক্সবাজার ভ্রমণ করি, তখন ছিন্নমূল শিশুদের ঘোরাফেরা করতে দেখে অবাক হলাম। এরপর তাদের জন্য একটি প্রাক্-প্রাথমিক স্কুল খোলার চিন্তা মাথায় নিয়ে জাপান ফিরে গেলাম। স্কুলের মেয়েরা টিফিনের টাকা বাঁচিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে কোক, পেপসি, বিয়ারের ক্যান সংগ্রহ করে। তারপর ওই খালি ক্যান এক ইয়েন করে রিসাইকেল মার্কেটে বিক্রি করে তহবিল গঠন করে। ওই টাকা বাংলাদেশি ছিন্নমূল ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য পাঠানো হয়। তা দিয়ে কক্সবাজারে একটি প্রাক্-প্রাথমিক স্কুল চলছে আট বছর ধরে। স্কুলের নাম “পালস সুজুগামানি প্রাক্-প্রাথমিক বিদ্যালয়”।’কথা হলো বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাহিরা আকতারের সঙ্গে, ‘বর্তমানে এই বিদ্যালয়ে ৩৫ জন ছিন্নমূল শিশু লেখাপড়া করছে। যারা আগে সৈকতে কাগজ কুড়াত, ভিক্ষা করত। গত সাত বছরে ৩২০ জন পথশিশুকে এই বিদ্যালয়ে অক্ষরজ্ঞান সম্পূর্ণ করে নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থী এখনো ঝরে পড়েনি। একজন শিক্ষকের বেতন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার বিপরীতে আনুষঙ্গিক খরচ জাপানি মেয়েরা সংগ্রহ করে পাঠান। বেসরকারি উন্নয়ন সংস্থা “পালস” এই শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে।’১৩ মার্চ বেলা ১১টায় জাপানি মেয়েরা ওই স্কুলে গিয়েছিলেন। ছিন্নমূল শিশুদের পড়ালেখা করতে দেখে ভীষণ আনন্দিত তাঁরা। শিশুদের সঙ্গে মাটিতে বসে তুমুল আড্ডা জমালেন তাঁরা। খেলাধুলাও করলেন সবার সঙ্গে। জাপান থেকে নিয়ে আসা খাতা-কলম, পেনসিল আর খেলাধুলার সরঞ্জামও নিয়ে এসেছিলেন তাঁরা, স্কুলের শিশুদের জন্য। সেসব পেয়ে সবার আর আনন্দ ধরে না!জাপান সরকারের সহায়তায় পরিচালিত শহরের বাইপাস সড়কের পালস তায়ামা ইন্টিগ্রেটেড স্কুলেও ঘুরে আসেন শিক্ষার্থীরা। ওই স্কুলে ছিন্নমূল শিক্ষার্থী রয়েছে ২৫০ জন। সবাই গরিব ও এতিম। এদের পড়াচ্ছেন পাঁচজন শিক্ষক।তার আগের দিন অর্থাৎ ১২ মার্চ বিকেল পাঁচটায় জাপানি মেয়েরা ঘুরে আসেন শহর থেকে ২৫ কিলোমিটার দূরের পাথুরে সৈকত ইনানী থেকে।১৩ মার্চ দুপুরে জাপানি শিক্ষার্থীরা যান কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। অল্প সময়ে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে তাঁদের। পড়াশোনার পাশাপাশি আরও হাজারটা বিষয় নিয়ে তাঁদের গল্প। ভাষার দূরত্ব সেখানে কোনো ব্যাপারই ছিল না। একসময় স্কুলের বিশাল মাঠে খেলাধুলায় মেতে ওঠেন সবাই। বিদায়ের আগে একে অপরকে জড়িয়ে বন্ধুত্বের শপথ করেন। যোগাযোগের জন্য ই-মেইল আর ঠিকানা বিনিময় করতেও ভোলেননি কেউ। সেই রাতে সৈকতপারের এক হোটেলে ‘পালস’ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন জাপানি মেয়েরা। সেখানে কক্সবাজারের রাখাইন মেয়েদের নাচ-গান দেখে তো তাঁরা দারুণ মুগ্ধ। জাপানি মেয়েরাও তাঁদের বিদ্যালয়ের নিজস্ব সংগীত গেয়ে শোনান। ১৫ মার্চ সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনও পরিদর্শন করেন এই ১৭ জাপানি। সেই রাতেই বাংলাদেশকে বিদায় জানান সবাই। দেশে ফেরার আগে বাংলাদেশ ভ্রমণের অনুভূতি প্রকাশ করলেন জাপানি মেয়ে আয়া মত রিহু, ‘এখানকার মানুষ খুব ভালো, আন্তরিক। আর কক্সবাজার সমুদ্রসৈকতের নির্জন পরিবেশটা ছিল অপার্থিব সুন্দর।’ মায়াতা আয়ুমি বললেন শিশুদের কথা, ‘এখানকার ছেলেমেয়েদের অনেকেরই পায়ে স্যান্ডেল নেই। দারিদ্র্যই প্রধান কারণ হয়তো। অনেকের পরনে ভালো জামাও নেই। তার পরও এই ছেলেমেয়েগুলোর মুখে অকৃত্রিম হাসি।’