হাসি নেই সীতাকুণ্ডের চাষিদের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেচসুবিধার অভাবে ও রোগের প্রকোপ দেখা দেওয়ায় এবার সীতাকুণ্ডে তরমুজের আশানুরূপ ফলন হয়নি। বাজারে তরমুজের ভালো দাম পাওয়া গেলেও ফলন কম হওয়ায় লোকসানের মুখে পড়েছেন চাষিরা।কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, পুকুর, ডোবা, দিঘির পানি শুকিয়ে যাওয়ায় জমিতে সেচ দিতে গিয়ে চাষিরা বিপাকে পড়েছেন। তার ওপর চারাগাছে নানা রোগবালাইয়ের আক্রমণ হয়েছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী, কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করেও ফল পাননি তাঁরা।সীতাকুণ্ডের গুলিয়াখালীর চাষিদের অভিযোগ, কৃষি কর্মকর্তারা মাঠে আসেন না। এ ছাড়া কয়েক বছর ধরে এলাকায় একটি গভীর নলকূপ বসানোর দাবি জানালেও সাড়া দেয়নি প্রশাসন। তাই প্রকৃতির ওপর নির্ভর করেন তাঁরা।গুলিয়াখালীর চাষি রহিম বক্স বলেন, ‘আমি এবার ৮০ শতক জমিতে তরমুজ চাষ করেছি। খরচ হয়েছে ৪০ হাজার টাকা। খেতের বেশির ভাগ তরমুজ রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে। এবার চাষের খরচও উঠবে না বলে আশঙ্কা করছি।’উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলার সৈয়দপুর, বারৈয়ারঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, গুলিয়াখালী, ভাটেরখীল, গুপ্তাখালী, উত্তর ও মধ্যম মাহমুদাবাদ, নডালিয়াসহ উপকূলের গ্রামগুলোর ২০০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। মার্চ মাস থেকে ফলন আসা শুরু হয়েছে। মে মাস পর্যন্ত খেত থেকে তরমুজ তুলবেন চাষিরা।সম্প্রতি গুলিয়াখালীতে গিয়ে দেখা যায়, অধিকাংশ তরমুজ খেতে রোগের প্রকোপ দেখা দিয়েছে। পানির অভাবে শুকিয়ে গেছে মাঠ। ফলনও আশানুরূপ হয়নি। শহরে তরমুজের দাম কমলেও সীতাকুণ্ডের বাজারে দাম চড়া। প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ২৫০ টাকায়। দাম বেশি কেন, জানতে চাইলে ফলবিক্রেতা মো. দিদার জানান, ‘ফলন ভালো হয়নি বলে কৃষকদের থেকে কিনতে হয়েছে বেশি দামে।’উপজেলা কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম জানান, যেসব জায়গায় সেচসংকট ছিল, সেখানেই মূলত রোগবালাই দেখা দিয়েছে। কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করেছেন বলেও দাবি করেন তিনি।