হাসির আড়ালে স্বপ্নভঙ্গের কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন নিয়ে বেঁচে থাকে মানুষ। তাই স্বপ্নভঙ্গের পরিণতি ভালো হয় না। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ভেঙে গেলে আত্মহননের মতো কঠিন পথ বেছে নেয় মানুষ। হাস্যরসের আড়ালে এ ধরনের স্বপ্নভঙ্গের করুণ কাহিনি নিয়ে রচিত নাটক জর্জ দঁদ্যাঁ। ফরাসি নাট্যকার এম দ্য মলিয়্যের রচিত এ নাটকের অনুবাদ করেছেন অরূপ রুদ্র ও চিন্ময় গুহ। পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। গত শুক্রবার বেলা ১১টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ নাটকের মঞ্চায়ন করেন ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।

নাটকের কাহিনি পরিক্রমায় দেখা যায়, চাষার ছেলে দঁদ্যাঁ জাতে ওঠার অদম্য অভিপ্রায়ে বিয়ে করে সম্ভ্রান্ত পরিবারের কন্যা আঁজেলিককে। স্বপ্ন দেখে ছোট্ট একটা ঘর বাঁধার, নতুনভাবে জীবন গড়ার। কিন্তু জাত-পাত, উঁচু-নিচুর ভেদ-প্রভেদে সব স্বপ্নই দলিত হয় নিমিষে। আর এর মধ্যে বিচিত্রভাবে ঘটতে থাকে নানা ঘটনা। বারবার অপমানিত হওয়ার মাধ্যমে ধীরে ধীরে স্বপ্নভঙ্গ হয় দঁদ্যাঁর। অবশেষে সে বেছে নেয় আত্মহননের পথ। দর্শক নাটকে হাস্যরসাত্মক বিষয়গুলো যেমন উপভোগ করেছে, তেমনি সমব্যথী হয়েছে দঁদ্যাঁর করুণ পরিণতিতে।

এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইফুল পারভেজ, মুবিদুল সুজাত, তাপস চক্রবর্তী, নাজিয়া ন্যান্সি, রুমেল বড়ুয়া, মানিসা অর্চি, পলি চৌধুরী ও হাসিবুল আলম। সেদিন সন্ধ্যা সাতটায় একই মিলনায়তনে ফেইম নাট্যকলা বিভাগ পরিবেশন করে নাটক বাঁধ। ফরাসি নাট্যকার হেলেন সিক্সুস রচিত ড্রামস অন দ্য ড্যাম নাটকটির অনুবাদ বাঁধ নাটকটি। এ নাটকে প্রকৃতির সঙ্গে যান্ত্রিকতার দ্বন্দ্ব ফুটিয়ে তোলা হয়েছে। এই নাটকের অনুবাদ ও নির্দেশনায় ছিলেন অসীম দাশ।