হাসির ভেতর-বাহির
কোনো মানুষের মুখে অকৃত্রিম হাসি ফুটে ওঠার আগেই তা টের পাওয়া যায়। কিন্তু ভদ্রতার খাতিরে কিংবা অনিচ্ছা সত্ত্বেও হাসলে তা-ও বোঝা যায়। নতুন এক গবেষণায় এ তথ্য মিলেছে।যুক্তরাজ্যের ব্যানগোর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রকৃত হাসির রহস্য উন্মোচন করেছেন। সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।গবেষকেরা বলেন, মানুষের অন্তর থেকে আসা হাসির সামাজিক মূল্য অনেক। মজার ব্যাপার হলো, কোনো মানুষের মুখে প্রকৃত হাসি ফুটে ওঠার আগেই তাঁর চোখে-মুখে বিশেষ লক্ষণ ধরা পড়ে। ওই ব্যক্তির চোখের চারপাশের মাংশপেশি বিশেষভাবে সঞ্চালিত হয়। কিন্তু মেকি হাসির ক্ষেত্রে এমনটি ঘটে না।গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কারও সঙ্গে পরিচিত হওয়ার সময় মানুষ একধরনের মৃদু হাসি বিনিময় করে; তা প্রকৃত কিংবা ভদ্রতাসূচক হতে পারে। কিন্তু ঘনিষ্ঠজনদের সঙ্গে দেখা হলে মনের অজান্তেই এক ধরনের সুখানুভূতির জন্ম নেয়। এ কারণে মুহূর্তের মধ্যে তাঁদের মুখে ফুটে ওঠে প্রকৃত হাসি। গবেষণাগারে দেখা গেছে, এর পেছনে রয়েছে হাসিসংক্রান্ত মাংসপেশির ভূমিকা।গবেষক এরিন হিরে বলেন, প্রকৃত মৃদু হাসিই বেশির ভাগ ক্ষেত্রে জয়ী হয়। সামাজিক মর্যাদা পায়। টেলিগ্রাফ।