হায় অ্যালার্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অহেতুক রাত জাগার বদনাম আছে আমার। রাত জেগে আকাশকুসুম ভাবতে ভাবতে যখন রাতের অন্ধকার কেটে ভোরের সূর্য উঁকি দিতে শুরু করে, তখনই আমার দুচোখ ঘুমে জড়িয়ে আসে। স্বভাবতই সেই ঘুমের রেশ কাটতে বেশ বেলা হয়ে যায়। অফিসে গিয়ে জাঁদরেল বসের কলজে কাঁপা ঝাড়ি খেতে হয়। তাই প্রাত্যহিক এই বিড়ম্বনার হাত থেকে পরিত্রাণ পেতে মোবাইল ফোন সেটে অ্যালার্ম দিয়ে রাখি।একদিন মোবাইল ফোনসেটের অ্যালার্মের ডিজিটাল শব্দে নয়, ঘুমটা পড়ি কি মরি করে ছুটে পালাল বাবার উচ্চ স্বরে চিৎকারে।ঘটনার সঙ্গে ধাতস্থ হতেই দেখি, বাবার কানের সঙ্গে লেপ্টে আছে আমার মোবাইল ফোনসেটখানা। (বাবার ঘরে চার্জে দিয়েছিলাম সেটটি। নিজের কাছে নিতে মনে ছিল না)। আর বাবা সমানে ‘হ্যালো, হ্যালো’ বলে যাচ্ছেন। বলে রাখা ভালো, অল্পতে রেগে অগ্নিশর্মা হয়ে যাওয়া মানুষদের অন্যতম আমার বাবা। কোনো কিছু বুঝুন আর না বুঝুন, তিনি রাগবেনই। এটা যেন তাঁর অলিখিত নিয়ম। কিছুক্ষণ আগুনরাঙা চোখে সেটটির দিকে তাকিয়ে আমার কাছে ছুড়ে মারলেন। ‘কল দিয়া ক্যান যে কথা কয় না’, বাবা গজ গজ করতে লাগলেন। মোবাইল ফোনের স্ক্রিনে তাকাতেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল ঘটনাটা। আসলে হয়েছে কি... অ্যালার্ম টোনকে বাবা ‘কল’ মনে করেই...। ছ্যাঁকা খাওয়া প্রেমিকের মতো বদনখানি কালো করে মনে মনে হেসে নিলাম একচোট। রসুলপুর, কামরাঙ্গীরচর, ঢাকা।