হায় তেলাপোকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ কলম হারায়, পেনসিল হারায়, ইরেজার হারায়, আর আমার কী ভাগ্য, আমি একটা আস্ত তেলাপোকা হারিয়ে ফেলেছি। তাও আবার উড়ন্ত তেলাপোকা! জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকেই অস্থিরতা প্রমাণ করতে ঘরময় ওড়াউড়ি শুরু করে দিয়েছিল ওটা। আমি পাশের রুম থেকে অ্যারোসলটা আনতে আনতে তেলাপোকাটা হারিয়ে গেল, আর খুঁজে পাচ্ছি না।
আমি এখন খুব সতর্কতার সঙ্গে অ্যারোসল হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছি। রাত কম হয়নি, কিন্তু ঘুমাতে যেতে পারছি না। মনে হচ্ছে শুয়ে পড়লেই ওটা আমার গায়ে ঝাঁপিয়ে পড়বে। হঠাৎ পেছনে শুনি বিজ বিজ শব্দ। না, তেলাপোকা নয়, ফোন ভাইব্রেট হচ্ছে। মৌমিতা ফোন করেছে। এখনই ফোন করতে হলো?
অ্যারোসল রেখে খাটে বসে ফোন রিসিভ করলাম। ওপাশ থেকে বলল, ‘হ্যালো, রাহিক? কেমন আছ?’
‘ভালো।’
‘কী করছ?’
মুখে ‘কিছু না’ বললেও আমি রুমের চারপাশে সতর্ক দৃষ্টি রাখছি।
‘জানো, আজকে কী হয়েছে? আমি...’
মৌমিতা কথা বলতে থাকল। তার কথাগুলো ছাপিয়ে তেলাপোকার পাখা ঝাপটানোর শব্দ কানে আসছে। সতর্কতা আরও একধাপ বাড়িয়ে দিলাম। হঠাৎ টেবিলের পেছন থেকে উড়াল দিয়ে প্রাণীটা আমার অদূরে খাটের ওপর ল্যান্ড করল।
‘অ্যাই, কথা বলছ না কেন? তুমি খুব ব্যস্ত?’
‘না।’ আমি অ্যারোসলের কনটেইনারের দিকে হাত বাড়ালাম।
‘তুমি কি আমাকে অ্যাভয়েড করছ?’
আমি শুনতেও পেলাম না কী বলল মৌমিতা। আগের বার ‘না’ বলেছি, তাই এবার ‘হ্যাঁ’ বললাম।
‘ফাইন! তাহলে ফোন রেখে দিই। আমার সাথে আর কথা বলবা না।’
মৌমিতা ফোন কেটে দিল। যাক, ভালোই হলো। ফোনটা রেখেই অ্যারোসলটা তাক করলাম, তখনই তেলাপোকাটা উড়ে গিয়ে টেবিলে রাখা গত সপ্তাহের রস+আলোটার ওপর বসল। আমিও উঠে গিয়ে অ্যারোসল তাক করে বাটন প্রেস করলাম, কিন্তু কিছুই বের হলো না, পুরো কনটেইনারটা ফাঁকা। ধ্যাত।
অগত্যা দ্রুতবেগে স্যান্ডেল খুলে কয়েক ঘা বসিয়ে দিলাম। তেলাপোকাটা রস+আলোর সঙ্গে লেপ্টে জঘন্য অবস্থা হয়ে গেল।
আবার বিজ বিজ শব্দ শুনতে পেলাম। মৌমিতার কথা মনে পড়তেই ফোনের দিকে দৌড়ে গেলাম, ওকে সবকিছু বুঝিয়ে বলা দরকার। ফোন হাতে নিয়ে দেখি, মৌমিতা নয়, অনিক ফোন করেছে। রিসিভ করলাম।
‘হ্যালো রাহিক, কালকে বায়োলজি ল্যাবে তেলাপোকা কাটতে হবে, জানিস তো?’
‘কী? তেলাপোকা? মানে?’
‘কলেজে না এলে জানবি কীভাবে? শোন, আমার বাসায় তেলাপোকা নেই, তুই একটা ধরে নিয়ে আয়, মরা হলে সমস্যা নেই, কিন্তু অক্ষত থাকতে হবে, আমাদের দুজনের নম্বর তোর ওপর নির্ভর করছে, বুঝিস কিন্তু।’
আমি একবার অ্যারোসলের খালি কনটেইনারের দিকে, এরপর লেপটানো তেলাপোকা আর বেচারা রস+আলোটার দিকে তাকালাম। অনিক ফোনে ‘হ্যালো হ্যালো’ করেই যাচ্ছে, কী বলব বুঝতে পারছি না!