হায় সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির উদ্দিন,এম এ ওহাব
নাসির উদ্দিন,এম এ ওহাব

আমাদের কুমারখালীর সাবেক প্রতিনিধি দীপু মালিক সকাল বেলা জানালেন, নাসির ভাই মারা গেছেন। কয়েক দিন ধরেই নাসির উদ্দিন ও এম এ ওহাবকে নিয়ে আলোচনা হচ্ছিল। ১৮ নভেম্বর তাঁরা দুজন সড়ক দুর্ঘটনার শিকার হন। ঈশ্বরদী-ভেড়ামারা নামক স্থানের বারোমাইল এলাকায়। দুজনই ছিলেন মোটরসাইকেলে। একটি ট্রাক তাঁদের চাপা দেয়। দুজনেরই পায়ের ওপর দিয়ে ট্রাকটি চলে যায়।
সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নাসির উদ্দিনের বাঁ পা কেটে ফেলতে হয়। দুজনই গুরুতর আহত হন। পরে সেখান থেকে দুজনকেই নিয়ে যাওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে আবার নিয়ে আসা হয় ঢাকায়। ভর্তি করা হয় ট্রমা সেন্টারে।
ট্রমা সেন্টারেই নাসির উদ্দিনের চিকিৎসা চলছিল। ছিলেন আইসিইউতে। ২৩ নভেম্বর রাত দেড়টায় তিনি মারা যান। নাসির উদ্দিন এবং এম এ ওহাব দুজনই কুষ্টিয়ার কুমারখালী বন্ধুসভার সদস্য।
ওহাব বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সড়ক দুর্ঘটনায় ভৈরব আর গাইবান্ধার দুই বন্ধুকে হারানোর পর ভাবিনি আবার দুর্ঘটনা নিয়ে লিখতে হবে। নাসির আর ওহাব ছিলেন বন্ধুসভার একসময়ের তুখোড় কর্মী। নাওয়াখাওয়া ভুলে বন্ধুসভায় সময় কাটাতেন। তাঁদের এমন হবে কখনো ভাবিনি।
নাসির উদ্দিনের আত্মার শান্তি কামনা করা ছাড়া কীই-বা করার আছে আমাদের! আমরা কি পারব সড়ক দুর্ঘটনা কমাতে। ‘নিরাপদ সড়ক চাই’ এই দাবি আমাদের করে যেতেই হবে। ওহাবের জন্য আমাদের বন্ধুদের পক্ষ থেকে প্রার্থনা—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।