হায়দরাবাদি বিরিয়ানি ও চিকেনের স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতারে যাঁরা ভারী খাবার পছন্দ করেন, তাঁদের জন্য মেরিডিয়ান রেস্তোরাঁর এবারের সংযোজন হায়দরাবাদি বিরিয়ানি। আর পিটস্টপ রেস্তোরাঁ ভোজনরসিকদের জন্য হাজির করেছে নানা পদের মুরগি। এই দুই রেস্তোরাঁর ইফতারের নানা পদ নিয়ে আজকের আয়োজন।মেরিডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট: নগরের জিইসি মোড়ে অবস্থিত অভিজাত রেস্তোরাঁ মেরিডিয়ানের নিচে বিশেষ বিক্রয় কাউন্টারে সাজানো হয়েছে রকমারি ইফতারসামগ্রী। সময়টা বিকেল পাঁচটা। তাই ইফতারি কিনতে আসা রোজাদারদের ভিড়ও ছিল লক্ষণীয়। ছোলা, পেঁয়াজু, বেগুনি, হালিম, চপসহ ইফতারের সাধারণ পদগুলোর পাশাপাশি মেরিডিয়ানের এবারের নতুন সংযোজন হায়দরাবাদি বিরিয়ানি।কে কার আগে কিনবেন, ক্রেতাদের মধ্যে এমন প্রতিযোগিতা চলছিল। বিক্রয়কর্মীরা রোজার প্রথম দিন থেকেই এমন মধুর বিড়ম্বনা সহ্য করছেন বলে জানালেন।এবার ইফতারসামগ্রীতে হায়দরাবাদি বিরিয়ানি যোগ করে নতুনত্ব আনতে চেয়েছে মেরিডিয়ান কর্তৃপক্ষ। সঙ্গে আম্রপালি আমের জুস তো আছেই। বান্দরবানের লামায় অবস্থিত রেস্তোরাঁর নিজস্ব বাগানের আম থেকে তৈরি এই জুসের কদর দিনে দিনে বাড়ছে।হায়দরাবাদের বিরিয়ানির হাফ প্লেট ২২০ টাকা ও ফুল প্লেট ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। আম্রপালি আমের জুস প্রতি লিটার বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। মাটন ও চিকেন হালিম, ফিরনি, জিলাপি, দইবড়া, মিষ্টি দই, সমুচাসহ প্রায় ৪০টি পদ দিয়ে সাজানো হয়েছে ব্যুফে আয়োজন। ব্যুফেতে খেতে হলে জনপ্রতি খরচ পড়বে ৬৭৫ টাকা (ভ্যাট ছাড়া)। এ ছাড়া ১২টি পদের ইফতারির প্যাকেট ৩২০ টাকা ও ১৬টি পদের প্যাকেটের দাম ৭৮০ টাকা রাখা হয়েছে।রেস্তোরাঁর সহকারী ব্যবস্থাপক নিমাই দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘ক্রেতাদের সেবায় আমাদের কর্মীরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ফলে ক্রেতামহলে যেমন আস্থা অর্জন করেছি, তেমনি বেশ সাড়াও পাচ্ছি।’পিটস্টপ: যাঁরা ইফতারে মুরগির নানা পদ রাখতে চান, তাঁরা আসতে পারেন লালখান বাজার মোড়ের পিটস্টপ রেস্তোরাঁয়। ইফতারের পরিচিত পদগুলোর পাশাপাশি এখানে মিলবে চিকেন চিলি স্টেক, চিকেন বারবিকিউ, ফ্রায়েড চিকেন, চিকেন ড্রাম স্টিক, ইন্দোনেশিয়ান চিকেন সঁতে, ইন্ডিয়ান চিকেন টিক্কা, চিকেন পরোটা রোল, চিকেন হালিম, চিকেন সমুচা ও চিকেন রোল। এখানে ব্যুফেতে খাওয়ার সুযোগ যেমন আছে, তেমনি বাড়িতে নেওয়ার জন্য ইফতারের প্যাকেটও রয়েছে। ব্যুফেতে ইফতারি খেতে একজনের খরচ পড়বে ৪৬০ টাকা (ভ্যাট ছাড়া)।রমজান মাস উপলক্ষে রেস্তোরাঁর বিশেষ আকর্ষণ পিটস্টপ ফালুদা প্রতি কেজি ৩০০ টাকা, ইন্দোনেশিয়ান সঁতে প্রতিটি ৫০ টাকা ও ইন্ডিয়ান চিকেন টিক্কা প্রতিটি ১০০ টাকা, চিকেন চিলি স্টেক প্রতিটি ৩০ টাকা, বারবিকিউ ৬৫ টাকা ও চিকেন ড্রাম স্টেক ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ১৫ পদের ইফতারি বক্সের দাম ৩৩০ টাকা ও ১১ পদের বক্সের দাম রাখা হয়েছে ৩০০ টাকা।পিটস্টপ রেস্তোরাঁর ফুড অ্যান্ড বেভারেজ ব্যবস্থাপক মো. গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘নির্ভেজাল ইফতারসামগ্রীর জন্য ক্রেতারা আমাদের ওপর নির্ভর করেন। আমরা প্রতিবারের মতো এবারও বেশ ভালোই সাড়া পাচ্ছি। তবে হঠাৎ হরতালের কারণে কিছুটা সমস্যা হচ্ছে।’