হায়দারের ‘ডিকে ছাত্র ইউনিট’

দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় কেউ প্রতিষ্ঠা করেছেন দাতব্য সংগঠন, কেউ আবার দুর্গম চরে স্থাপন করেছেন স্কুল। আপন আলোর দীপ্তিতে তাঁরা হয়ে উঠেছেন শিক্ষার্থীদের প্রেরণা, এলাকার সর্বজন শ্রদ্ধেয়। দেশজুড়ে ছড়িয়ে থাকা এমন ১১ জন শিক্ষককে সম্মানিত করেছে আইপিডিসি ও প্রথম আলো। এখানে পড়ুন নাটোরের শিক্ষক হায়দার আলীর কথা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হায়দার আলী
ছবি: সংগৃহীত

বাবা তাঁর অষ্টম সন্তানটির নাম রেখেছিলেন হোসেন আলী। তবে স্কুলজীবনের শুরুতে মায়ের ইচ্ছায় তাঁর নাম হয়ে যায় হায়দার আলী। বাবার তেমন একটা প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল না। তবে নিজের চেষ্টায় যেটুকু জ্ঞান অর্জন করেছিলেন, শিশুদের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার ইচ্ছা থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে বিনা বেতনেই শিক্ষকতা করতেন। বিদ্যালয়টি সরকারি হওয়ার সময় স্বেচ্ছায় তিনি শিক্ষকতা থেকে অবসর নেন।

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার দিয়াড় গাড়ফা গ্রামে জন্ম নেওয়া হায়দার আলী পাঁচ বোন ও চার ভাইয়ের মধ্যে অষ্টম। পারিবারিক অসচ্ছলতার কারণে অন্য ভাইবোনেরা পড়ালেখা করতে পারেননি। একসময় সাধারণ শিক্ষা ছেড়ে মাদ্রাসায় ভর্তি হন হায়দার। ১৯৯৪ সালে প্রথম বিভাগে দাখিল পাস করেন। ১৯৯৬ সালে বনপাড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। ২০০৩ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে গণিতশাস্ত্রে স্নাতক করেন। একই বছর গ্রামের দিয়াড় গাড়ফা খৈরাশ (ডিকে) উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন।

হায়দার আলী শুরুতেই দুর্বল শিক্ষার্থীদের মান উন্নয়নে তৎপর হন। গঠন করেন ‘ডিকে ছাত্র ইউনিট’। গ্রামের যেসব শিক্ষার্থী বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাঁদের শিক্ষামূলক স্বেচ্ছাসেবী এই সংগঠনে যুক্ত করেন। সংগঠনের সদস্যরা নিজেরা ও শিক্ষানুরাগীদের কাছ থেকে চাঁদা তুলে ডিকে উচ্চবিদ্যালয়ে অস্থায়ী ছাত্রাবাস প্রতিষ্ঠা করেন, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানান। যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষার জন্য মনোনীত হতো, পরীক্ষা পর্যন্ত এই ছাত্রাবাসে রেখে তাদের পড়ালেখা করানো হতো। নিজে ছাত্রাবাসে থেকে তাদের তত্ত্বাবধান করতেন হায়দার আলী। নিজের ব্যাংক হিসাব থেকে টাকা তুলে দরিদ্র শিক্ষার্থীদের ধার দিতেন। সুবিধামতো সময়ে তারা সে ঋণ পরিশোধ করত।

সবার প্রিয় শিক্ষক হায়দার আলীর এসব প্রচেষ্টা এখনো অব্যাহত আছে।