ঠিক সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার উদ্দেশে বাস ছেড়ে যাবে, মাকে বাসে তুলে দেওয়ার জন্যই অপেক্ষা করছি। এই প্রথমবারের মতো মা ঢাকায় এসেছে এবং তাকে একাই ফিরে যেতে হচ্ছে। তাই বারবার ফোন করার কথা বলছিলাম। মায়ের ‘ওল্ড মডেলের’ মুঠোফোনটা হাতে নিয়ে সেভিং অপশনে গিয়ে আমি অবাক হয়ে দেখলাম, আমার নম্বরটার পাশে একটি গাছের ছবি সেভ করা....একইভাবে আমার বোনদের মোবাইল নম্বরের পাশেও ফুটবল, বিড়াল, পাখি, হাতপাখাসহ বিভিন্ন রকম প্রতীক। এভাবেই বিভিন্ন প্রতীক ব্যবহার করে মা সবার মোবাইল নম্বর চিনে রাখে! প্রাচীন মিসরীয়রা চিত্রভিত্তিক বর্ণমালা ব্যবহারের জন্য ‘হায়ারোগ্লিফিক্স’ পদ্ধতি ব্যবহার করত। আমার ‘নিরক্ষর’ মায়ের এ অভিনব পদ্ধতির ব্যবহার দেখে আমি অভিভূত এবং বিস্মিত হয়ে গেলাম! মা সব সময়ই বিভিন্নভাবে আমাকে বিমোহিত ও বিস্মিত করে। যেমন, কণ্ঠস্বর সামান্য অন্য রকম শোনালেই মা বলতে শুরু করবে, ‘বোধহয় ঠান্ডা লেগেছ, জ্বর আসবে—হিস্টাসিন, প্যারাসিটামল খেয়ে নিস আর না হলে অ্যালাট্রল, কট্রিম খাস।’ পেটে সমস্যা হয়েছে জানতে পারলেই বলবে, ‘মেট্রোনিডাজল কিনে খাস, সঙ্গে স্যালাইন তো থাকবেই....।’ গরমের সময় দুপুরে প্রতিদিন শরবত খাওয়ার কথা তো বলবেই। আমার ‘নিরক্ষর’ মায়ের এ প্রেসক্রিপশন আমি চুপ করে শুনি। তা ছাড়া ক্যাম্পাস, ফার্মেসি, রেজিস্ট্রেশন, ইন্টার্নি, ভাইভা, জব—এসব শব্দ মায়ের মুখ থেকে শুনে অবাক হয়ে ভাবি, ‘নিরক্ষর’ হয়েও এত সব মনে রেখে বলা সম্ভবত শুধু মায়ের পক্ষেই সম্ভব! আমি বাসা থেকে চলে আসার সময় মা কেন ‘অহেতুক’ চোখের পানি ফেলত, দুশ্চিন্তা করত, খাবারের ‘পুটলি’ বেঁধে দিত আর সঙ্গে থাকত একগাদা উপদেশ। তখন বুঝতাম না! বাস ছেড়ে যাওয়ার পরপরই নিজের অগোচরেই চোখ ভিজে এল; কিছুক্ষণের জন্য নিজেকে খুব অসহায় ও একা লাগছিল। হয়তো বাস্তবতা আর ব্যস্ততার মাঝে আবার হারিয়ে যাব, কিন্তু মাকে ঘিরে এ রকম বিস্ময়কর অনুভূতি স্মৃতি থেকে কি কখনো হারিয়ে যাবে? আমার মা কি কখনো এ অনুভূতি-মিশ্রিত লেখা পড়তে পারবে? নাজমুল হুদা ফার্মাসিস্ট, ওরিয়ন ফার্মা লি.ঢাকা।