হিটলারের হারিয়ে যাওয়া ঘোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উবার সার্লজবুর্গে হিটলারের অবসরকেন্দ্রে প্রিয় শিল্পী জোসেফ থোরাকের সঙ্গে হিটলার
উবার সার্লজবুর্গে হিটলারের অবসরকেন্দ্রে প্রিয় শিল্পী জোসেফ থোরাকের সঙ্গে হিটলার

ঘোড়া দুটি বানানো হয়েছিল অ্যাডলফ হিটলারের জন্য। ১৯৩৯ সালে নির্মিত চ্যান্সেলর ভবনের পেছনের বিশাল বাগান লাগোয়া বারান্দার সৌন্দর্য বাড়ানোই ছিল এর উদ্দেশ্য। ব্রোঞ্জের তৈরি ১০০ টন ওজনের চিৎকাররত ঘোড়া দুটি বানানোর দায়িত্ব পেয়েছিলেন হিটলারের প্রিয় ভাস্কর শিল্পী জোসেফ থোরাক। এই ঘোড়া দুটির সঙ্গে আরও কিছু ভাস্কর্যও তৈরি করা হয়েছিল। সেগুলোর দায়িত্ব পেয়েছিলেন আর্নো ব্রেকার, ফ্রিৎস ক্লিমচসহ কয়েকজন ভাস্কর। তৃতীয় রাইখ জার্মান সাম্রাজ্য গড়ার স্বপ্নে বিভোর অ্যাডলফ হিটলারের সেই ঘোড়া দুটি এবং আরও কিছু শিল্পকর্ম হারিয়ে গিয়েছিল। অবশেষে উদ্ধার হলো প্রায় ৭০ বছর আগে হারিয়ে যাওয়া অ্যাডলফ হিটলারের পছন্দের শিল্পকর্মগুলো।
বার্লিনের ফস স্ট্রাসে জুড়ে ৬০০ মিটার দীর্ঘ আর ২২ মিটার উঁচু চ্যান্সেলর ভবনের স্থপতি ছিলেন হিটলারের বন্ধু স্থপতি আলবার্ট স্পেয়ার। তিনি একাধারে ছিলেন নাৎসি জার্মানির প্রধান স্থপতি এবং যুদ্ধ উপকরণ প্রস্তুতি-বিষয়ক মন্ত্রী। হিটলার আর স্পেয়ারের ইচ্ছা ছিল নতুন চ্যান্সেলর ভবন হবে বিশ্ব স্থাপত্যের এক উদাহরণ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৩ সালে বিমান আক্রমণের ভয়ে বেশ কিছু ভাস্কর্য ও শিল্পকর্ম সরিয়ে নেওয়া হয় বার্লিনের শহরতলি ভ্রিজেনে। ১৯৪৫ সালের ১৬ এপ্রিল, মিত্রবাহিনীর অন্যতম শক্তি সোভিয়েত রেড আর্মির সেনারা যখন বার্লিন দখল করতে ভ্রিজেনের ওপর দিয়ে এগিয়ে যায়, তখন প্রচণ্ড গোলাগুলিতে আর্নো ব্রেকারের বিশাল বাড়ি ধ্বংস হয়ে যায়। এই বাড়ির আঙিনাতেই রাখা ছিল
সেই সব শিল্পকর্ম।

বার্লিনে হিটলারের চ্যান্সেলর ভবন, ১৯৩৯
বার্লিনে হিটলারের চ্যান্সেলর ভবন, ১৯৩৯

যুদ্ধ শেষে নাৎসি শিল্পকর্মগুলোর দায়িত্বপ্রাপ্ত দামেরোভ নামের একজন সোভিয়েত কর্মকর্তা একটি নোটে তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাকে লেখেন, কিছু শিল্পকর্মে গুলির দাগ থাকলেও সেগুলো প্রায় অক্ষত রয়েছে। ১৯৪৬ সালের ২৫ এপ্রিল সকালে সোভিয়েত সেনারা প্রায় অক্ষত এই শিল্পকর্মগুলো ভ্রিজেনে আর্নো ব্রেকারের বিধ্বস্ত বাড়ির আঙিনা থেকে সরিয়ে ফ্রায়েনভাল্ডে সোভিয়েত কমান্ডারের কাছে নিয়ে যায়। এরপর বহু বছর শিল্পকর্মগুলোর অবস্থান অজানাই রয়ে যায়।
১৯৮৬ সালে ড্রেসডেন শহরের একজন শৌখিন শিল্পী ও গীতিকার ফ্রাঙ্ক লানজেনডর্ফ বার্লিনের উত্তরে ছোট শহর এবার্সভাল্ডের সোভিয়েত ক্যান্টনমেন্টের খেলার মাঠে বেশ কিছু ভাস্কর্য দেখেন। গোপনে সেগুলোর ভিডিও ধারণ করেন। কিন্তু ১৯৮৮ সালে আত্মহত্যা করেন ফ্রাঙ্ক। এরপর পশ্চিম বার্লিনের শিল্পকর্ম ইতিহাস লেখক ম্যাগডেলেনা বুসার্ট, কিছু বন্ধুর সঙ্গে এবার্সভাল্ডে গিয়ে গোপনে সোভিয়েত সেনাদের খেলার মাঠে থাকা ছয়টি ভাস্কর্যের ছবি তোলেন এবং কয়েক মাস পর ছবিগুলোসহ মারবুর্গ জার্নালে ‘পুরোনো পরিচিত শিল্পকর্মের বিস্ময়কর আবিষ্কার’ শিরোনামে একটি নিবন্ধ লেখেন।
১৯৮৯ সালের ৯ নভেম্বরে বার্লিন প্রাচীরের পতন ঘটলে হিটার মেরামতকারী ফ্রাঙ্ক রেকহফ প্রাচীন শিল্পকর্মের ব্যবসা শুরু করেন। তিনি খবর পান এবার্সভাল্ডের খেলার মাঠে দুটি বিরাট ব্রোঞ্জ মূর্তি পড়ে আছে। একজন সোভিয়েত কর্মকর্তাকে ব্রোঞ্জ মূর্তির ব্যাপারে কথা বলেন।  দুর্নীতিপরায়ণ কর্মকর্তা কয়েক হাজার মার্কের বিনিময়ে এটি বিক্রি করতে রাজি হন। পরের দিন রুশ উরাল সামরিক ট্রাকে দ্বিখণ্ডিত ব্রোঞ্জ মূর্তি পৌঁছে যায় নয়েস্ট্রিলজে ফ্রাঙ্ক রেকহফের বাসায়। এটি ছিল আর্নো ব্রেকারের তৈরি মূর্তি। কিছুদিন পরই ফ্রাঙ্ক রেকহফ এটি আবার বিক্রি করে দেন। এর কিছুদিন পর সোভিয়েত সেনারা এবার্সভাল্ড ছেড়ে চলে যান, তবে হিটলারের ঘোড়া ও অন্য ভাস্কর্যগুলোর কোনো খোঁজ আর পাওয়া যায়নি।

ব্যাড-ড্রুকহাইম থকে উদ্ধারের পর হিটলারের ঘোড়া দুটি বার্লিনে নিয়ে যাওয়া হচ্ছে
ব্যাড-ড্রুকহাইম থকে উদ্ধারের পর হিটলারের ঘোড়া দুটি বার্লিনে নিয়ে যাওয়া হচ্ছে

বার্লিনের শিল্প-বিষয়ক গোয়েন্দা পুলিশ বহুদিন থেকেই তক্কে তক্কে ছিল এগুলো উদ্ধারের জন্য। হিটলারের প্রিয় ওই সব শিল্পকর্মের প্রতি গোয়েন্দা পুলিশের মতো চোখ ছিল সারা বিশ্বের শিল্প সংগ্রাহক, গ্যালারি ও তাদের এজেন্টদের। গ্যালারির মালিক ইমেল সাওয়ার নামের এক বয়স্ক নারী ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা রেনে আলোঙ্গোকে এ ব্যাপারটা জানান।
অন্য দিকে ২০১৪ সালের ১৩ জানুয়ারি বেলজিয়ামের এনটর্প শহরের একজন আর্ট এজেন্ট স্টিভেন ডে ফ্রিস নেদারল্যান্ডসের শিল্পকর্ম বিক্রেতা মিশেল ফন রাইনকে ই-মেইলে শিল্পকর্মগুলোর ছবিসহ স্যুভেনির সংযুক্ত করে দেন। এতে হিটলারের ব্রোঞ্জের ঘোড়ার ছবি ছিল। ডে ফ্রিস জানান, এগুলোর মালিক জার্মানির একটি ধনী পরিবার। পরিবারটির প্রধান ফ্রেডেরিক ফ্লিক, নুরেমবার্গ ট্রায়ালে যুদ্ধ অপরাধী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছিলেন। তাঁদের কাছে থাকা ঘোড়াসহ সব শিল্প সামগ্রী বিক্রি করতে চান। মিশেল ফন রাইন দ্রুত এই গোপন তথ্য জানিয়ে দেন শিল্প-বিষয়ক গোয়েন্দা আমস্টারডামের আর্টুর ব্যান্ড ও বার্লিনের রেনে আলোঙ্গোকে। এই দুজনই দীর্ঘদিন থেকে এই হারিয়ে যাওয়া শিল্পকর্মগুলো খুঁজে ফিরছিলেন। শিল্পকর্মগুলো উদ্ধারের জন্য ক্রেতা সেজে খুব সাবধানে ফাঁদ পাতেন তাঁরা। হিটলারের ঘোড়া দুটির দাম নির্ধারিত হয় ৮ লাখ ডলার। তবে শিল্পকর্মগুলো দেখতে যাওয়ার প্রস্তাব স্টিভেন আবারও এড়িয়ে যান।

মোটা কালো পলিথিনে ঢাকা ছিল ঘোড়ার ভাস্কর্য
মোটা কালো পলিথিনে ঢাকা ছিল ঘোড়ার ভাস্কর্য

এর পরপরই দুই দেশের দুই গোয়েন্দারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আর অপেক্ষা না করে সন্দেহভাজন জায়গাগুলোতে গোপনে হানা দিতে হবে। চলতি বছরের ২১ মে সূর্যের আলো ফোটার আগেই কয়েক শ পুলিশ জার্মানির সাতটি জায়গায় হানা দেয়। আর সবাইকে অবাক করে দিয়ে জার্মানির ব্যাড-ড্রুকহাইমে ব্যবসায়ী রাইনারভল্ফের গুদামঘরে কালো মোটা পলিথিনে ঢাকা অবস্থায় পাওয়া যায় হিটলারের হারিয়ে যাওয়া ঘোড়া। ওদিকে কিল শহরের কাছে ফ্রেডেরিক ফ্লিকের গুদামে মেলে ছয়টি বিশাল ভাস্কর্য। এগুলোও তৈরি হয়েছিল হিটলারের সেই চ্যান্সেলর ভবনের জন্য।
এভাবেই উদ্ধার হলো অ্যাডলফ হিটলারের হারিয়ে যাওয়া শিল্পকর্মগুলো।