হিমদিনে স্বর্ণাভের দ্যুতি
শীতে শত রকমের মৌসুমি ফুল ফুটবে ছাদে, আঙিনায়, বাগানে ও উদ্যানে। এই সময়টাতে ফুলের প্রাচুর্য এত বেশি যে শীতে কী ফুল লাগাবেন, সেটা বাছাই করতে নিশ্চয়ই হিমশিম খেতে হয়। সব ফুলই তার নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য। তবে শীতের ফুলগুলোর মধ্যে যেসব ফুল সম্প্রতি এ দেশে এসেছে সেগুলো লাগিয়ে অনেকেই তাক লাগিয়ে দিতে পারেন। এই শীতে ডালিয়া, কসমস, চন্দ্রমল্লিকা, গাঁদার পাশপাশি টবে ও বাগানের জন্য বেছে নিতে পারেন স্বর্ণাভ। এটি এই ফুলের বাংলা নাম। তবে এই নাম বললে নার্সারির লোকেরা হয়তো ফুলটা চিনবে না, আপনিও বীজ বা চারা কিনতে পারবেন না। তাই এর ইংরেজি নামটাই বলতে পারেন। কেননা অনেকেই একে হেলিক্রিসাম নামে জানেন। ইংরেজি নাম স্ট্র ফ্লাওয়ার। এ ফুল অনেক দিন গাছে থাকে, এমনকি কাঁটা ফুল শুকিয়ে গেলেও রাখা যায়। সে জন্য এ ফুলকে ইংরেজিতে এভারলাস্টিং ফ্লাওয়ারও বলা হয়। এর উদ্ভিদতাত্ত্বিক নাম Helichrysum bracteatum, পরিবার Compositae.বছর পাঁচেক আগে এক শীতে প্রথম স্বর্ণাভ ফুল ফুটতে দেখেছিলাম গাজীপুরের সার্ডিতে। প্রথম দেখে ঠিক ফুল বলে মনে হয়নি। কিন্তু বাগানপথের দুই ধারে ঘন করে লাগানো গাছগুলোতে সোনারঙা ডিমের কুসুমের মতো যেন ফোটা ফুল। গাঢ় সোনালি পাপড়িগুলো ঘন করে পাশাপাশি রয়েছে গোলাকারভাবে। না গাঁদা, না সূর্যমুখী—ফুল দেখতে অনেকটা টেবিল টেনিস বলের মতো বা তার চেয়ে ছোট। কিন্তু গত বছর স্বর্ণাভের অনেক জাতের ফুল এই দেশে ফুটতে দেখে আবার স্বর্ণাভকে মনে পড়ে গেল। এসব ফুল প্রথম দেখায় স্বর্ণাভের চেয়ে অনেক বেশি লাবণ্যময়ী, রং-মাধুর্যে উজ্জ্বল। যেন স্বর্ণদ্যুতি ছড়িয়ে আশপাশ আলোকিত করছে। এই ফুলের গাছ ৪৫ থেকে ৯০ সেন্টিমিটার লম্বা হয়। ডালের মাথায় লম্বা বোঁটায় ফুল ফোটে। ফুলের রং শুধু সোনালি নয়, বেগুনি, সাদা, লাল, হলুদও হতে পারে। ফুলদানি সাজাতে এর জুড়ি নেই। কেননা ফুলগুলো অনেক দিন সতেজ থাকে। শীতের মাঝামাঝি থেকে ফুল ফুটতে থাকে, বসন্ত-ভর দেখা যায়। ফুলটি এ দেশে এসেছে অস্ট্রেলিয়া থেকে। ছায়ায় এর চাষ হবে না, রোদ চাই। টবেও লাগানো যাবে। তবে বাগানপথের দুই ধারে সার করে লাগানো উত্তম। বীজ থেকে চারা হয়। ফেব্রুয়ারি-মার্চ মাস পর্যন্ত ভালো ফুল ফোটে। বীজ ও চারার জন্য এখনই খুঁজতে পারেন ফার্মগেটের কাছে কৃষিবিদ ইনস্টিটিউট চত্বরের নার্সারিগুলোতে।