হিমদিনের ওম
হিম হিম হাওয়া বলে দিচ্ছে, পৌষ আসতে আর দেরি নেই। তাতে অবশ্য কোনো মাথাব্যথা নেই সোনামণিদের। শীতবুড়িকে আর ভয় পায় ওরা! ছোট্ট সোনামণিদের জন্য শীতপোশাক চোখে পড়বে বিভিন্ন ফ্যাশন হাউস ও শপিং মলে। নানান রং, ডিজাইন ও মোটিফে সাজানো হয়েছে এবারের মেয়েশিশুর শীতের পোশাক। ফ্যাশন হাউস শৈশবের নির্বাহী প্রধান ফারহানা ফারুক বলেন, হেমন্তের শেষ দিক থেকেই পড়তে থাকে শীত। তাই এ সময় থেকেই শিশুদের পোশাক নির্বাচনেও একটু শীত শীত ভাবের কথাটা মাথায় রাখতে হয়। মেয়েশিশুদের শীতের পোশাকগুলো করা হয়েছে এবার শৈল্পিকভাবে। ফুল, লতাপাতা, প্রাণিজগৎ ও তারার মোটিফগুলো সোয়েটার, জ্যাকেট বা জিনসে যোগ করেছে ভিন্ন মাত্রা। নবজাতক শিশু থেকে শুরু করে সব মেয়েশিশুর শীতপোশাকেই আনন্দের ছোঁয়া আনার চেষ্টা করা হয়েছে। শিশুরা একটু রঙিন পোশাক বেশি পছন্দ করে। তাই ডেনিমের প্যান্টগুলোয় এবার লাল রং যোগ করা হয়েছে। নবজাতক শিশুদের জন্য রয়েছে বেবিকিপার, যা পায়ের তালু থেকে মাথা পর্যন্ত উষ্ণ রাখবে শিশুকে। ফ্যাশন হাউস আড়ং-এর বিপণন প্রধান ফারজানা হালিম বলেন, শীতের পোশাকগুলো সাধারণত ভেতরের জামা-কাপড়কে ঢেকে দেয়। তাই সোয়েটার হতে হবে রঙিন, যাতে শিশুরা পরলে সুন্দর দেখায়। এ দিকটি মাথায় রেখে শীতের পোশাকে যোগ করা হয়েছে বিভিন্ন রং। মেয়েদের ফতুয়া ও ফ্রকে যোগ করা হয়েছে হুডি আর থ্রি-কোয়ার্টার প্যান্টের বদলে ফুলপ্যান্ট। শিশুদের শীতের পোশাকের কাপড় সুতি হলে পরতে আরামদায়ক হয়। তাই শিশুদের এবারের বেশির ভাগ শীতের পোশাক করা হয়েছে সুতির ওপর। রয়েছে ডেনিমের প্যান্ট আর উলের সোয়েটারও। এ ছাড়া চামড়ার জ্যাকেটও কিনতে পারেন। শিশুদের উল ও চামড়ার শীতের পোশাক কিনতে চলে যেতে পারেন বিভিন্ন শপিং মলে। ঢাকার আলপনা প্লাজার দ্বিতীয় তলায় রয়েছে শিশুদের শীতের পোশাকের বিশাল সমারোহ। আল্পনা প্লাজার লুবনা প্যালেসের কর্মী রাকেশ সাহা বলেন, এবার মেয়েশিশুদের জ্যাকেট, ওভারকোট, কার্ডিগান এবং উল ও ক্যাশমেয়ার সোয়েটার বেশ চলছে। এ ছাড়া জিনসের প্যান্ট, সুতির প্যান্টও কিনছেন অনেকে। লাল, নীল, হলুদ, গোলাপি রঙের পাশাপাশি সাদা রঙের সোয়েটারও শিশুরা পছন্দ করছে। শিশুদের শীতের কাপড় কিনতে চলে যেতে পারেন টেক্সমার্টে। শীতের জ্যাকেট আর প্যান্টগুলোতে প্রজাপতির রঙিন পাখা দেখা পাবেন এখানেই। দেশীয় ফ্যাশন হাউস ছাড়া নগরের বিভিন্ন শপিং মল, নিউমার্কেট, গাউসিয়া এবং গুলশান, বনানীর বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে এসব শীতের পোশাক। দরদামসুতির শীতের পোশাকগুলো পাওয়া যাবে ৩৯০-৭৯০ টাকার মধ্যে। চামড়ার জ্যাকেট ১০০০-১৮০০, ওভারকোট ৮০০-১৮০০, উলের সোয়েটার ৫০০-৬০০, ক্যাশমেয়ার সোয়েটার ১৫০০-৩০০০, ডেনিমের প্যান্ট ৫০০-১০০০ ও সুতির প্যান্ট ৩০০-৬০০ টাকার মধ্যে পাওয়া যাবে।