হিমশিম খাচ্ছে পুলিশ, তদন্তে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর পাল্লা দিয়ে বাড়তে থাকে সহিংসতা
জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর পাল্লা দিয়ে বাড়তে থাকে সহিংসতা

গত এক বছরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত ছিল সীতাকুণ্ড উপজেলা। একের পর এক সহিংসতার ঘটনায় অচল হয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এখন সীতাকুণ্ড স্বাভাবিক হলেও এসব ঘটনায় দায়ের করা ১১৩ মামলার তদন্ত নিয়ে হিমশিম খাচ্ছে পুলিশ। তদন্ত শেষ হয়নি তিন-চতুর্থাংশ মামলার। তদন্ত কর্মকর্তার বদলি, আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ, সাক্ষীদের বক্তব্য রেকর্ড করাসহ নানা কারণে তদন্ত ধীরগতিতে এগোচ্ছে বলে জানা গেছে।

সবচেয়ে বেশি মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। তিনি নাশকতার ঘটনায় দায়ের করা ১৯টি মামলার তদন্ত করছেন। এ পর্যন্ত তিনি ছয়টি মামলার অভিযোগপত্র দিয়েছেন। তাঁর কাছে থাকা আরও ১৩টি মামলার তদন্ত এখনো চলছে।

মামলার তদন্ত প্রসঙ্গে প্রথম আলোকে নজরুল ইসলাম বলেন, অনেক মামলা আছে, যেগুলোর আসামি সীতাকুণ্ডের বাইরের। সে ক্ষেত্রে ওই আসামির সংশ্লিষ্ট থানা থেকে ঠিকানাসংবলিত একটি প্রতিবেদন চাওয়া হয়। ওই প্রতিবেদনে আসামির সঠিক পরিচয় পাওয়া না গেলে আবার আদালতে রিমান্ডের জন্য প্রেয়ার দিতে হয়। পরে রিমান্ড মঞ্জুর হলে তখন তদন্ত কার্যক্রম শুরু হয়। তা ছাড়া যেসব মামলায় জখমের বিষয় থাকে, সেগুলোয় প্রয়োজন হয় মেডিকেল প্রতিবেদন। এতে কিছু সময় অপেক্ষা করতে হয়। আর সে জন্য তদন্ত প্রতিবেদন জমা দিতে একটু সময় লাগছে।

সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রথম সহিংসতার ঘটনা ঘটে গত বছরের ৪ জানুয়ারি। সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় গাড়িতে আগুন দিয়ে ভাঙচুর করা হয়। ওই দিন রাতেই সীতাকুণ্ড থানার এসআই আবদুস সালাম বাদী হয়ে সহিংসতার প্রথম মামলাটি করেন। এতে ২০ জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে নাম উল্লেখ করা হয় ১২ জনের। মামলা দায়েরের নয় দিনের মাথায় অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এ ধরনের ঘটনায় ওই মাসে মাত্র দুটি মামলা হয়েছিল। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর পাল্লা দিয়ে বাড়তে থাকে সহিংসতা। এর পর থেকে চলতি বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত মোট ১১৩টি মামলা দায়ের করে পুলিশ। এতে আসামি করা হয় ১০ হাজার ৯৭৬ জনকে, যার মধ্যে সুনির্দিষ্ট দুই হাজার ৯৪৫ জন ও অজ্ঞাত আট হাজার। এসব মামলার মধ্যে মাত্র ২৬টির অভিযোগপত্র ও একটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। বাকি ৮৬টি মামলার এখনো তদন্ত চলছে। প্রথম দিকে মামলাগুলোয় বিএনপি-জামায়াতের উপজেলার ও জেলার শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে হুকুমের আসামি করা হলেও পরবর্তী সময়ে তাঁদের এজাহারনামীয় আসামি করা হয়।

মামলা পর্যালোচনায় দেখা গেছে, উত্তর জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক আসলাম চৌধুরী বিরুদ্ধে ১৩টি, উপজেলা বিএনপির আহ্বায়ক ইউনুছ চৌধুরীর বিরুদ্ধে ছয়টি, জামায়াতের উপজেলা আমির শফিকুল মাওলার বিরুদ্ধে দুটি, সহকারী সেক্রেটারি মোস্তফা নুরের বিরুদ্ধে পাঁচটি, পৌর আমির তৌহিদুল হক চৌধুরীর বিরুদ্ধে ২৫টি ও ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মোজাহেদুল ইসলাম ওরফে রাসেলের রিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করে পুলিশ। মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে নেতাপর্যায়ের প্রায় সব আসামিই জামিনে আছেন। এর মধ্যে মোস্তফা নুরের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। এদিকে ওই বছরের ২ মার্চ পৌর সদরের পন্থিছিলা এলাকায় সরকার ও বিরোধী দলের কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।

জানতে চাইলে সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রথমত বিস্ফোরক আইনে যেসব মামলা হয়েছে, সে মামলাগুলোর তদন্তে বিস্ফোরক অধিদপ্তরের বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা না করে তদন্ত প্রতিবেদন দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, তদন্ত কর্মকর্তার বদলি হলে অন্য একজনকে তদন্তের ভার দেওয়া হয়। ঘটনা সম্পর্কে অবগত হয়ে তদন্ত শুরু করতে কিছুটা সময় লাগে ওই কর্মকর্তার। কিছু আসামি পুলিশকে ভুয়া ঠিকানা দেওয়ায় তা বের করতেও সময়ের প্রয়োজন হয়। এ ছাড়া নির্বাচনসহ বিভিন্ন কারণে তদন্ত করতে তেমন সময় পাননি কর্মকর্তারা। তার পরও আমি সব কটি মামলার তদন্ত কর্মকর্তাদের দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তাগাদা দিয়েছি।’