হিমাগার না থাকায় নষ্ট হচ্ছে কৃষিপণ্য
কক্সবাজারের চকরিয়া উপজেলায় হিমাগার (কোল্ড স্টোরেজ) না থাকায় সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকেরা।
স্থানীয় কৃষকেরা জানান, হিমাগার না থাকায় উৎপাদিত কৃষিপণ্য মধ্যস্বত্বভোগী লোকজনের কাছে বাধ্য হয়েই অল্প দামে বিক্রি করতে হচ্ছে। এতে লোকসানের মুখে পড়ছেন তাঁরা।
চকরিয়া উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চকরিয়ার ৬০টির মতো গ্রামে ৮ হাজার ৮৩০ হেক্টর জমিতে সবজির চাষ হয়। পৌরসভার আমান্যারচর এলাকার কৃষক ছাবের আহমদ (৪২) বলেন, ‘একটি হিমাগার আমাদের দীর্ঘদিনের দাবি। কিন্তু জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও হিমাগার স্থাপনে কোনো ব্যবস্থা নেননি।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোট এলে কৃষকের হাতে-পায়ে ধরেন নেতারা। ভোটের পর আর কৃষকের খবর নেয় না কেউই।’
২০১০ সালে মহাজোট সরকারের তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া চকরিয়াকে কৃষিভিত্তিক শিল্পনগর করার ঘোষণা দিয়েছিলেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, এখনো মন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়ন হয়নি। তাঁর ঘোষণার সিকিভাগ বাস্তবায়ন হলেই উপজেলাবাসীর ভাগ্যে জুটত একটি হিমাগার। কারণ, কৃষিভিত্তিক শিল্পনগর গড়ে তোলার অন্যতম শর্ত হিমাগার স্থাপন।
এলাকার কৃষকেরা আরও জানান, চকরিয়া উপজেলার সঙ্গে যোগাযোগব্যবস্থা ভালো থাকায় পাশের পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী এবং বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলার কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য এখানে মজুদ করে সারা বছর বাজারজাত করতে পারবেন।
উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী বলেন, প্রতিবছর কৃষকেরা বিপুল পরিমাণ টাকা লগ্নি করে চাষাবাদ করলেও হিমাগার না থাকায় তাঁরা লাভের মুখ দেখছেন না। মৌসুমের শুরুতে ফসলের দাম পাওয়া গেলেও এরপর দাম পড়ে যায়। ওই সময় উৎপাদিত কৃষিপণ্য মজুদ করে রাখতে পারলে কম দামে বিক্রি করতে হতো না তাঁদের। চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ কুতুবী বলেন, হরতাল ও অবরোধের কারণে ঢাকা ও চট্টগ্রামের বাজারে কৃষিপণ্য সরবরাহ করা যাচ্ছে না। এতে লাখ লাখ টাকার কৃষিপণ্য পচে যাচ্ছে। হিমাগার থাকলে কৃষকেরা সেখানে মজুদ রেখে পরে পণ্য সরবরাহ করতে পারতেন।
জানতে চাইলে চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ২০০১ সালে চকরিয়া কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চকরিয়াকে শিল্পনগর ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে বিএনপি নেতৃত্বোধীন জোট ক্ষমতাসীন হলে কৃষিভিত্তিক শিল্পনগর স্থাপনের সব প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এরপর ২০১০ সালে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এলাকা পরিদর্শন করে আবার একই ঘোষণা দেন। কিন্তু সেটা এখনো বাস্তবায়িত হয়নি।