হিমাগার না থাকায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতকালীন সবজি সংরক্ষণের অভাবে সীতাকুণ্ড উপজেলার ২৪ হাজার কৃষক হতাশায় আছেন। উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে সৈয়দপুর, বারৈয়াঢালা ও মুরাদপুর ইউনিয়ন এবং সীতাকুণ্ড পৌরসভার কৃষকেরা বিভিন্ন জাতের শীতকালীন ফসলের আবাদ করেন। এবার প্রতিটি এলাকায় ফসলের ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার দুই হাজার হেক্টরেরও বেশি জমিতে বিভিন্ন প্রকার সবজির চাষ করা হয়েছে। এর মধ্যে ৬০০ হেক্টর জমিতে শিম, ৪০০ হেক্টর জমিতে বাঁধাকপি ও ফুলকপি, ৫০০ হেক্টর জমিতে টমেটো, ৪০০ হেক্টর জমিতে বেগুন ও তিতা করলা এবং প্রায় ৫০০ হেক্টর জমিতে অন্যান্য ফসলের চাষ হচ্ছে। উপজেলা কৃষি বিভাগ জানায়, সীতাকুণ্ডের শতাধিক একর পাহাড়ি এলাকায়ও সবজির ভালো ফলন হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ১৫ কিলোমিটার পাহাড়ি এলাকার ঢালু জমিতে স্থানীয় কৃষকেরা সবজি চাষ করেছেন।বারৈয়াঢালা ইউনিয়নের মহানগর গ্রামের কৃষক জানে আলম জানান, ‘বাজারে বিভিন্ন ধরনের ফসল এনে পরিবহন, বদলা খরচ পর্যন্ত উঠছে না।’ সৈয়দপুরের শেখের হাট, জাফরনগর, মীরের হাট গ্রামের কৃষক আবুল হোসেন, মনির উল্যা, ফজল হকসহ কয়েকজন কৃষক জানান, ‘কীটনাশক ও সারের মূল্যবৃদ্ধির পরও আশা নিয়ে জমিতে টমেটো, ফুলকপি, মরিচ ও বেগুন চাষ করেছিলাম।’ বাজারমূল্য না পাওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন। প্রথমবারের মতো শালগম চাষ করা বহরপুরের কৃষক পরিতোষ জানান, ‘অল্প পুঁজি বিনিয়োগ করে শালগম ফলানো যায় বলে প্রায় দেড় একর জমিতে চাষ করেছিলাম। ফলনও ভালো হয়েছে। কিন্তু বাজারে এনে মনে হচ্ছে উৎপাদন খরচও উঠে আসবে না।’ কৃষকদের অভিযোগ, ফসলের ভালো উৎপাদন হলেও সংরক্ষণের অভাবে অধিকাংশ সবজি মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলায় সরকারি-বেসরকারি পর্যায়ে কোনো হিমাগার না থাকায় কৃষকেরা ভর মৌসুমে কম মূল্যে সবজি বিক্রি করতে বাধ্য হন। হিমাগারের অভাবে কৃষকেরা তা সংরক্ষণ করতে পারছেন না। তাঁরা উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণে সরকারের কাছে হিমাগার নির্মাণের দাবি জানিয়েছেন। উপজেলা ব্যবসায়ী কমিটির সভাপতি আবুল কাশেম ওয়াহেদী প্রথম আলোকে বলেন, ‘সবজি চাষের ওপর নির্ভরশীল এ এলাকার ৯০ শতাংশ চাষি। এসব কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ করলে এলাকার কৃষকেরা লাভবান ও উৎসাহী হবেন।’সীতাকুণ্ডের সাংসদ এ বি এম আবুল কাশেমের নির্বাচনী অঙ্গীকার ছিল এখানকার কৃষিপণ্য ও মৎস্যসম্পদ সংরক্ষণে হিমাগার নির্মাণ করা। তাই এ অঞ্চলের কৃষকেরা আশা করছেন, তিনি অঙ্গীকার অনুযায়ী হিমাগার নির্মাণে উদ্যোগী হবেন।যোগাযোগ করলে সাংসদ এ বি এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘সীতাকুণ্ডের কৃষকদের জন্য এখানে হিমাগার নির্মাণের বিষয়টি আমার দীর্ঘদিনের রাজনৈতিক অঙ্গীকার। এবার আমি সংসদে গেছি। শিগিগর বিষয়টি সংসদে উত্থাপন করা হবে। আশা করছি, সরকার তা দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করবে।’ উপজেলা কৃষি কর্মকর্তা তারেক মাহমুদুল ইসলাম প্রথম আলোকে জানান, কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ করা হলে কৃষকেরা সরাসরি বিক্রি এবং সারা বছর আয় করার সুযোগ পেতেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে জানান, এখানকার কৃষকদের পণ্য সরাসরি কৃষকেরা বিক্রির সুযোগ পেলে অথবা হিমাগার নির্মাণ করা হলে সারা বছর তাঁরা আয় করার সুযোগ পেতেন। উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া প্রথম আলোকে জানান, সবজি সংরক্ষণের জন্য হিমাগার খুবই প্রয়োজন। এ ব্যাপারে স্থানীয় সাংসদের সঙ্গে কথা হয়েছে। বেসরকারি উদ্যোগে কেউ হিমাগার নির্মাণ করতে চাইলে তাঁদের সহযোগিতা করা হবে।