হিমাগার না থাকায় সবজি চাষিরা লোকসানে

সবজির বাম্পার ফলনেও মুখে হাসি নেই সাতকানিয়ার চাষিদের। দাম পড়ে গেছে। হিমাগারের অভাবে সংরক্ষণ করাও যাচ্ছে না। শেষ পর্যন্ত লোকসানই গুনতে হচ্ছে তাঁদের। ছদাহা ইউনিয়নের শিশুতল ও কেঁওচিয়া ইউনিয়নের আমতল পাইকারি সবজিবাজারে গিয়ে দেখা গেছে, খেত থেকে তুলে আনা সবজি নিয়ে হতাশ মনে বসে আছেন চাষিরা। কিন্তু আড়তদার বা পাইকারদের দেখা নেই। দু-একজনকে দেখা গেল চাষিদের সঙ্গে দর-কষাকষিতে ব্যস্ত। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে এক হাজার ৪০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির আবাদ হয়েছে। অন্তত ১৮ হাজার ৯৫ জন চাষি সবজি চাষের সঙ্গে জড়িত। চাষিরা এ বছর ৩৫০ হেক্টর জমিতে শিম, ৩৯৫ হেক্টরে ফ্রান্স বিম, ১১৫ হেক্টরে বেগুন ও ৬০ হেক্টরে টমেটো আবাদ করেছেন।
উপজেলার পুরানগড় এলাকার সবজি চাষি জাহাঙ্গীর আলম জানান, তিনি দেড় একর জমিতে শিমের চাষ করেছেন। ফলন খুব ভালো হয়েছে। প্রথম দিকে শিমের কেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করেছিলেন। কিন্তু এখন ১৫ টাকা দরেও বিক্রির জন্য পাইকার পাচ্ছেন না।
শিশুতল এলাকার সবজি চাষি আবুল হাসেম বলেন, ‘গত চার-পাঁচ বছর ধরে সাত কানি জমিতে টমেটো চাষ করে আসছি। কোনো বছর লোকসান গুনতে হয়নি। কিন্তু এ বছর দেশের প্রায় অঞ্চলে উৎপাদন বেশি হওয়ায় সব ধরনের সবজির দাম পড়ে গেছে। টমেটোর কেজি চার-পাঁচ টাকার বেশি বিক্রি করা যাচ্ছে না। তা ছাড়া পাইকাররাও আগের মতো সবজির প্রতি আগ্রহ দেখাচ্ছেন না। আমাদের উৎপাদন খরচও উঠছে না।’
আবুল হাসেম আরও বলেন, প্রতি কানি টমেটো চাষে ৬৫ থেকে ৮০ হাজার টাকা খরচ হয়। আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ লাভও পাওয়া যায়। কিন্তু এ বছর ফলন ভালো হওয়ার পরও লোকসান গুনতে হচ্ছে। শিম, লাউ, টমেটো, করলা ইত্যাদি সংরক্ষণের জন্য হিমাগার থাকলে চাষিদের এই লোকসান গুনতে হতো না।
মধ্যস্বত্বভোগী পাইকার ছালেহ আহমদ বলেন, চাহিদার তুলনায় বাজারে সবজির চালান বেশি হওয়ায় সব ধরনের সবজির দামই পড়ে গেছে। এতে স্বাভাবিকভাবে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিধান চন্দ্র দেব বলেন, উপজেলার প্রত্যেক এলাকায় সবজি উৎপন্ন হচ্ছে। ভরা মৌসুমে সবজির উৎপাদন বেশি হওয়ায় চাষিরা সবজির ন্যায্য দাম পাচ্ছেন না। সবজি সংরক্ষণের জন্য হিমাগারের ব্যবস্থা থাকলে চাষিরা লাভবান হবেন। তা ছাড়া সারা বছর বাজারে ওই সবজি বিক্রি করার সুযোগ থাকবে।
সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, উপজেলায় আলু সংরক্ষণের জন্য হিমাগার আছে। তবে অন্যান্য সবজি সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। উপজেলার মাঝামাঝি কোনো এলাকায় সবজি সংরক্ষণের জন্য একটি হিমাগার নির্মাণের চেষ্টা করা হবে।