ফটিকছড়ি উপজেলায় প্রতিবছর প্রচুর সবজি উৎপাদিত হয়।্রকিন্তু হিমাগার না থাকায় উৎপাদিত সবজির এক-তৃতীয়াংশই নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া যথাযথ সংরক্ষণ করতে না পারায় কম দামে সবজি বিক্রি করে কৃষকদের লোকসান গুনতে হয়।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় রবি মৌসুমে এক হাজার ৫৩০ হেক্টর ও গ্রীষ্ম মৌসুমে ৭৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়। এসব সবজির মধ্যে রয়েছে—আলু, মিষ্টি আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মূলা, লাউ, শিম, করলা, শসা, খিরা, বরবটি, গাজর, ধনিয়া, চালকুমড়া প্রভৃতি। দক্ষিণ সুন্দরপুর গ্রামের কৃষক আবছার উদ্দিন বলেন, সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে উপজেলায় বেশি সবজি চাষ হয়। উৎপাদনও হয় বেশি। কিন্তু ঠিকমতো সংরক্ষণ করতে না পারায় এগুলো কম দামে বিক্রি করে দিতে হয়। জাহানপুর গ্রামের আলুচাষি আলী আকবর বলেন, ‘চলতি মৌসুমে সাত কানি জমিতে আলু চাষ করেছি। প্রতি কানিতে ২০ থেকে ২৫ মণ আলু পাওয়া যায়। কিন্তু সেগুলো সংরক্ষণের কোনো সুযোগ না থাকায় সাত থেকে আট টাকা দামে জমিতেই বিক্রি করে দিতে হচ্ছে।’এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কাশেম বলেন, উপজেলায় হিমাগার নেই। হিমাগারের অভাবে এলাকার উৎপাদিত সবজিগুলো সংরক্ষণ করা যায় না। এগুলো সংরক্ষণ করা গেলে এলাকার কৃষি নির্ভর পরিবারগুলো আরও বেশি লাভবান হতো এবং উৎপাদন আরও বাড়ত। ইতিপূর্বে হিমাগারের স্থাপনের বিষয়টি জানিয়ে উচ্চপর্যায়ে কয়েকবার চিঠি লিখেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ জানান, এ এলাকায় হিমাগার খুবই প্রয়োজন। এ জন্য সবজি সংরক্ষণে হিমাগার নির্মাণের জন্য তিনি বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন। এলাকার বিত্তশালীদের কেউ উদ্যোগ নিলে তিনি প্রশাসনিক সহযোগিতা দেবেন। ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘শিগগির একটি হিমাগার স্থাপনের প্রস্তাব কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হবে।’