হিমাগার নেই, মার খাচ্ছেন সবজিচাষিরা

চট্টগ্রামের সীতাকুণ্ড সদরের মৌলভীপাড়া এলাকার কৃষক হেলাল উদ্দিন এবার ৪৮০ শতক জমিতে শিম চাষ করছেন। আশানুরূপ ফলনও হয়েছে। কিন্তু বেশি দিন রাখলে পচে যায় বলে প্রতি কেজি শিম ২০ টাকা দরে বেচে দিয়েছেন তিনি। ৬২০ কেজি শিম এই দামে বিক্রি করায় লোকসান গুনতে হচ্ছে তাঁকে। অথচ বাজারে কিছুদিন আগেও ৫০ থেকে ৬০ টাকায় শিম বিক্রি হয়েছে। বছরের কোনো কোনো সময় ১০০ টাকার ওপরেও ওঠে শীতের এই সবজির দাম।
গত শুক্রবার সকালে সীতাকুণ্ড সবজি বাজারে তাঁর সঙ্গে কথা হয়। হেলাল উদ্দিন আক্ষেপ করে বলেন, হিমাগার থাকলে ভরা মৌসুমে এভাবে সবজির দাম পড়ে যেত না। সারা বছরই শিম বিক্রি করে লাভ করতে পারতেন তিনি।
শুধু হেলাল উিদ্দন নয়, পুরো উপজেলার আরও ১৮ হাজার ৫৪০ জন সবজিচাষি এখন সস্তায় নানা ধরনের শীতের সবজি বিক্রি করে দিচ্ছেন। টমেটোসহ বিভিন্ন সবজি কম দামে বেচে দিতে হয়। উপজেলার বিভিন্ন বাজারে এখন শিম, বরবটি, ফুলকপি, শসা, টমেটো, লাউসহ অন্যান্য সবজির দাম ১৫ থেকে ২০ টাকায় নেমে এসেছে। কৃষিপ্রধান এই উপজেলায় হিমাগার না থাকায় পচনশীল কৃষিপণ্য সংরক্ষণ করতে পারছেন না কৃষকেরা। ফলে এখানকার অনেক কৃষকই উৎপাদিত সবজি বেচে চাষের খরচ তুলতে পারেন না।
সীতাকুণ্ড বাজারে আসা অপর কৃষক রফিক আহম্মদ বলেন, তিনি এবার ৮০ শতক জমিতে ক্ষীরার চাষ করেছেন। এখন প্রতি কেজি ২২ টাকা দরে বেচে দিতে বাধ্য হচ্ছেন। এ টাকায় সবজি বিক্রি করায় ক্ষতি হচ্ছে তাঁর।
উপজেলার আরেক সবজির বাজার শুকলালহাটেও একই চিত্র দেখা গেছে। সেখানেও বেশির ভাগ সবজি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকদের অভিযোগ, স্থানীয় সাংসদ দিদারুল আলম তাঁর নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার ভিত্তিতে একটি হিমাগার স্থাপনের ঘোষণা দিলেও নির্বাচনের দুই বছরেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ দিদারুল আলম বলেন, হিমাগার সীতাকুণ্ডের কৃষকদের জন্য খুবই প্রয়োজন। তাই বিষয়টি বিবেচনাধীন রয়েছে। কিছু দিনের মধ্যে হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তালিকাভুক্ত সবজিচাষি রয়েছেন ১৮ হাজার ৫৪০ জন। এ বছর পাহাড়ি ও সমতল মিলিয়ে দুই হাজার হেক্টর জমিতে মিশ্র সবজি ও ২ হাজার ৫০০ হেক্টরে শুধু শিম চাষ হয়েছে। উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র নাথ বলেন, সীতাকুণ্ডের কৃষকেরা কৃষিপণ্যের ন্যায্য দাম পান না হিমাগারের অভাবে। ভরা মৌসুমে সবজি না বেচে সংরক্ষণ করা গেলে কৃষকেরা লাভবান হতেন। তখন সারা বছর আয় করার সুযোগ পেতেন। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে যেত।