দক্ষিণ চট্টগ্রামের উপজেলা বাঁশখালী লবণ শিল্প ও চিংড়ির পাশাপাশি ফসল ও সবজির জন্য বিখ্যাত। পাহাড় ও উপকূলীয় এলাকায় প্রচুর সবজি আবাদ হয়। তবে হিমাগার না থাকায় প্রতিবছর লাখ লাখ টাকার সবজি নষ্ট হয় বলে জানান সংশ্লিষ্ট লোকজন। সরেজমিনে দেখা যায়, এখানকার পাহাড় ও উপকূলীয় এলাকায় চাষিরা কঠোর পরিশ্রম করে সবজি উৎপন্ন করে নিজেদের আয়ের পাশাপাশি দেশের বিরাট একটি অংশের সবজির চাহিদা মিটিয়ে আসছেন। উপজেলার কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, বাঁশখালীর ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে বর্তমানে দুই হাজার ৭০০ একর সমতল ও পাহাড়ের ঢালে সবজির আবাদ হয়। স্থানীয় চাষিদের অভিযোগ—যথাসময় বীজ, সার, কৃষি উপকরণ পেতে তাঁরা ব্যর্থ হন। কৃষি কার্যালয়ের সার্বিক সহযোগিতা পেলে আগামীদিনে আরও ভালো সবজি ফলাতে পারবেন তাঁরা। তবে হিমাগার না থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে কৃষকেরা হতাশ। উপজেলার সাধনপুর পুকুরিয়া, কালীপুর, বৈলছড়ি, জলদি, চাম্বল, শিলকূপ, শেখেরখীল পুঁইছড়ি এলাকায় সবজি উৎপাদনের মূল এলাকা। সরকারি পৃষ্ঠপোষকতা ও সুযোগসুবিধা পেলে এলাকার মানুষ ওই পেশার প্রতি আরও উৎসাহিত হবে বলে কৃষকদের ধারণা। বাঁশখালীতে উৎপাদিত প্রধান সবজির মধ্যে রয়েছে, আলু, বেগুন, শিম, করলা, কাঁকরোল, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টিকুমড়া, লাউ, পেঁপে ও কচু। বৈলছড়ি ইউনিয়নের সবজিচাষি আবু তাহের জানান, ‘আমি ৪০ শতক জায়গায় সবজির আবাদ করে গত এক বছরে ৫০ হাজার টাকা আয় করি।’ চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজল কাদের জানান, ‘আমার ইউনিয়নে প্রচুর পরিমাণ সবজির চাষ হয়। তবে যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ার কারণে চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।’ উপজেলার কৃষি কর্মকর্তা আবদুল জলিল মণ্ডল জানান, ‘কৃষকদের সার্বক্ষণিক সহযোগিতা করাই আমাদের কাজ। আমরা প্রতিদিন বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের সেবা ও পরামর্শ দিয়ে থাকি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বাঁশখালীতে প্রচুর পরিমাণ সবজির চাষ হয়। তবে কৃষকদের ভালো প্রশিক্ষণ দিলে আগামীদিনে বাঁশখালীর সবজি দিয়ে দেশের সবজি চাহিদার বড় একটি অংশ মেটানো যাবে।