হিমায়িত খাবার গলানোর পর কি আবার হিমায়িত করা নিরাপদ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ডিপ ফ্রিজ থেকে হিমায়িত মাছ বা মাংস বের করে রাখলাম। জমাট বাঁধা অবস্থা থেকে দ্রুত কোটাকুটির অবস্থায় আনলাম। কিন্তু কোনো কারণে রান্না করা হলো না। এবার সেই খাদ্য কি আবার ডিপ ফ্রিজে রেখে হিমায়িত করা নিরাপদ? অনেকে বলেন, এতে ক্ষতি হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসের পুষ্টিবিজ্ঞানী টিনা হেইনস বলেন, প্রচলিত এ ধারণা সব সময় ঠিক নয়। যদি সুষ্ঠু প্রক্রিয়ায় গলানো হয়, তাহলে রান্না করা বা কাঁচা হিমায়িত খাদ্যদ্রব্য আবার হিমায়িত করলে ক্ষতি নেই। এ বিষয়ে তাঁর কয়েকটি পরামর্শ জেনে নিন।
১. হিমায়িত মাছ, মাংস প্রভৃতি ডিপ ফ্রিজ থেকে বের করে ফ্রিজে রেখে গলাতে হবে। এরপর প্রয়োজনে আবার হিমায়িত করলে খাদ্যদ্রব্য নিরাপদ থাকবে।
২. কখনো রান্নাঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে বা কলের পানিতে ভিজিয়ে ডিপ ফ্রিজে জমাট বাঁধা মাছ-মাংস গলানো উচিত নয়। কারণ, ঘরের স্বাভাবিক উষ্ণ তাপমাত্রায় ব্যাকটেরিয়া দ্রুত বিস্তার লাভ করে। তখন খাদ্যদ্রব্য অনিরাপদ হয়ে ওঠে।
৩. ডিপ ফ্রিজ থেকে বের করে জমাট বাঁধা খাদ্যদ্রব্য মাইক্রোওয়েভ ওভেনে গলানো উচিত নয়। এতে খাদ্যের গুণমান নষ্ট হয়।
৪. ফ্রিজের ঠান্ডা পানিতে গলাতে হলে হিমায়িত খাদ্যদ্রব্য প্লাস্টিকের প্যাকেটে রেখে তা করতে হবে এবং কিছুক্ষণ পরপর পানি বদলে আবার ঠান্ডা পানিতে রাখতে হবে।
৫. হিমায়িত খাদ্য ফ্রিজে গলিয়ে খুব বেশিক্ষণ না রাখাই ভালো। কারণ, এতে খাদ্যে একটু বাজে গন্ধ হতে পারে, স্বাদও নষ্ট হয়। নিয়ম মেনে গলানো হলে হিমায়িত মাছ, মাংস, ফলমূল—সবকিছুই আবার হিমায়িত করা যায়, কোনো সমস্যা নেই।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, কিন্ডল সংস্করণ, ৪ অক্টোবর ২০১৫