হিমালয়ের চূড়ায় পর্যটনের সুযোগ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাউন্ট এভারেস্ট থেকে ময়লা-আবর্জনা কুড়িয়ে আনছেন এক নেপালি শেরপা। ছবি: এএফপি
মাউন্ট এভারেস্ট থেকে ময়লা-আবর্জনা কুড়িয়ে আনছেন এক নেপালি শেরপা। ছবি: এএফপি

ইউটিউব বা ফেসবুকে পর্বতারোহণের ছবি বা ভিডিও দেখে দেখে যাঁরা হিমালয়ে যেতে না পারায় আফসোস করেছেন, তাঁদের জন্য সুখবর। সুযোগ বাড়ছে হিমালয়ে পর্যটনের। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে পর্বতারোহী ও পর্যটকদের চাপ কমাতে হিমালয়ের অন্যান্য চূড়াগুলোতে দেশি-বিদেশি বেসরকারি পর্যটন কোম্পানিগুলোকে কাজ করার অনুমতি দেওয়ার কথা ভাবছে নেপাল। এ পরিকল্পনার আওতায় হিমালয়ের ৩২৬টি পর্বতশৃঙ্গের বেশ কয়েকটিতে শিগগিরই শুরু হতে পারে বেসরকারি ব্যবস্থাপনার পর্যটন। নেপালের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

প্রতিবছরের বসন্তকালে এভারেস্টে পর্বতারোহীদের ব্যাপক চাপ সামলাতে এবং হিমালয়ে পর্যটকদের ফেলে আসা ময়লা আবর্জনা পরিষ্কার করে পরিবেশগত বিপর্যয় রোধ করতে হিমশিম খাচ্ছে নেপাল। কিন্তু এভারেস্ট ছাড়া প্রায় কাছাকাছি উচ্চতার অন্যান্য পর্বতশৃঙ্গগুলোতে পর্যটকদের তেমন কোনো যাতায়াত নেই। এ অবস্থায় এভারেস্টে ভিড় কমাতেই সেখানে পর্বতারোহণের নিয়ম-কানুনে কড়াকড়ি আরোপের পাশাপাশি অন্যান্য পর্বতশৃঙ্গে পর্যটনের ব্যবস্থা করার এ পদক্ষেপ নিতে যাচ্ছে নেপাল।

নেপাল সরকারের এ পদক্ষেপকে দেশটিতে আরও বেশি পর্যটক আকর্ষণের চেষ্টা হিসেবেও দেখছেন কেউ কেউ। এখানে উল্লেখ্য যে, পর্বতারোহণসহ অন্যান্য পর্যটন খাতই নেপালের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহন কৃষ্ণ সাপকোতা বলেছেন, ‘পর্যটনের নতুন দিক হিসেবে এসব পর্বতশৃঙ্গগুলোকে জনপ্রিয় করার লক্ষ্যেই আমারা এই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।’

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ৮,৮৪৮ মিটার উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং অন্যান্য স্থানে পর্যটনই নেপালের বৈদেশিক মুদ্রা আয়ের বড় উত্স। ছবি: রয়টার্স
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ৮,৮৪৮ মিটার উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং অন্যান্য স্থানে পর্যটনই নেপালের বৈদেশিক মুদ্রা আয়ের বড় উত্স। ছবি: রয়টার্স

বার্তা সংস্থা এএফপিকে নেপালের এই কর্মকর্তা আরও জানান, ‘আমরা নেপালি এবং বিদেশি বেসরকারি কোম্পানি উভয়ের জন্যই এ সুযোগ উন্মুক্ত রাখার কথা ভাবছি। আমরা নিশ্চিত যে এই পথ প্রসারিত হলে তা নেপালের রাজস্ব আয় বাড়াবে।’ অবশ্য এই প্রস্তাব কার্যকর করতে হলে তা নেপালের মন্ত্রিসভায় পাস হতে হবে। আর সরকারি অনুমোদন পেলেও নতুন এই পদক্ষেপ কার্যকর করতে বেশ কয়েক মাস সময় লেগে যেতে পারে।

পর্যটন প্রসারে দেশটির অন্যতম জাতীয় সংস্থা নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন (এনএমএ) এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে একে ‘অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ’ বলে অভিহিত করেছে। সংস্থাটির সভাপতি আং শেরিং শেরপা বলেছেন, ‘বেসরকারি কোম্পানিগুলো পর্যটন ব্যবসায় তুলনামূলকভাবে সরকারি খাতের চেয়ে ভালো।’ তিনি আরও বলেন, বেসরকারি কোম্পানিগুলোর বিশ্বব্যাপী অনেক ভালো যোগাযোগ আছে এবং তারা হয়তো সারা দুনিয়া থেকে আরও বেশি পর্বতারোহী এবং পর্যটক নিয়ে আসতে সক্ষম হবে।

এদিকে, গত মাসে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে নেপাল সরকার। নতুন এই নীতিমালা না মানলে পর্বতারোহীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। হতে পারে জরিমানা কিংবা অন্য শাস্তিও। এ নীতিমালা অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট থেকে নেমে আসার সময় প্রত্যেক পর্বতারোহীকে নিজের ব্যবহারের জিনিসপত্রের বাইরে অতিরিক্ত কমপক্ষে ৮ কিলোগ্রাম বর্জ্য দ্রব্য সঙ্গে করে বয়ে আনতে হবে।

আগামী মাস থেকেই পর্বতারোহণ এবং পর্যটনের এসব নিয়ম-কানুন কার্যকর করতে যাচ্ছে নেপাল। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা মধুসূদন বুরলাকতি কিছুদিন আগে জানিয়েছেন, এভারেস্টের ‘বেইজ ক্যাম্প’ পার হয়ে আরও ওপরে উঠবেন এমন সব পর্বতারোহীর ওপরই নেমে আসার সময় বর্জ্য বয়ে আনার এই নিয়ম প্রযোজ্য হবে।’

মধুসূদন বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে মাউন্ট এভারেস্টকে পরিচ্ছন্ন রাখতে সব অভিযানের প্রত্যেক সদস্যকেই নিজের আবর্জনার পাশাপাশি অতিরিক্ত আরও ৮ কিলোগ্রাম বর্জ্য বয়ে আনতে হবে।’

দশকের পর দশক ধরে এভারেস্টে পর্বতারোহী এবং নানা ধরনের পর্যটকের ভিড় ক্রমাগত বাড়ছেই। প্রত্যেক অভিযানেই পর্বতারোহীরা বিপুল পরিমাণ দ্রব্য সঙ্গে করে নিয়ে যান বিশ্বের এই সর্বোচ্চ পর্বতশৃঙ্গে। কিন্তু ওজন বয়ে পর্বতে ওঠার মতোই ওজন বয়ে নেমে আসাটাও বেশ কষ্টকর বলে অনেক ক্ষেত্রেই পর্বতারোহীরা অপ্রয়োজনীয় দ্রব্য ফেলে আসেন সেখানে।

প্রচণ্ড ঠান্ডার কারণে এভারেস্টে প্রায় কোনো কিছুই নষ্ট হয় না বা পচে না। পর্বতারোহীদের ফেলে আসা এমন জিনিসপত্র ও আবর্জনার মধ্যে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে মানববর্জ্য, নষ্ট হয়ে যাওয়া পর্বতারোহণ দ্রব্যাদিও থাকে। আর দুর্ঘটনায় বা কোনোভাবে কেউ মারা গেলে সেই পর্বতারোহীর মৃতদেহও রয়ে যায় এভারেস্টে, যা ঠান্ডার কারণে পচে না।