হিমালয় ডিঙাতে হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
দেবযানী ঘোষ
দেবযানী ঘোষ
সারা বিশ্বে ছড়িয়ে পড়ছেন বাংলাদেশের তরুণেরা। মেলে ধরছেন প্রতিভার স্বাক্ষর। এঁরা শোনাচ্ছেন নিজেদের কথা। আজ দ্বিতীয় পর্ব

ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল বিজ্ঞানী হওয়ার। বাবা শিক্ষক থাকার কারণে মাধ্যমিকের রসায়নের ব্যবহারিক বই থেকে নিজে নিজেই লিটমাস পেপারের কিছু পরীক্ষা করার চেষ্টায় থাকতাম। পরে আমার উৎসাহ দেখে বাবা নিজেই সাহায্য করতেন। ছোট থেকেই বাবা বলতেন, ‘তোমার ফার্স্ট-সেকেন্ড হওয়া লাগবে না, শুধু ভিত্তি ঠিক থাকলেই হবে।’

আমি ব্যাচেলরস (ইইই) করেছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে। তখন থেকেই আগ্রহ ছিল নবায়নযোগ্য জ্বালানির ওপর কাজ করার। এরপর মাস্টার্স করেছি জার্মানির অন্যতম সেরা টেকনিক্যাল ইউনিভার্সিটি আরডব্লিউটিএইচ আখেন থেকে। সেটা ছিল ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর। এখানে পড়তে এসে আমার পাওয়ার ইলেকট্রনিকসের ওপর আগ্রহ জন্মে। যাঁরা জানেন না তাঁদের জন্য বলি, পাওয়ার ইলেকট্রনিকস হলো নবায়নযোগ্য জ্বালানির হৃৎপিণ্ড। আমার থিসিস এবং ইন্টার্নশিপও ছিল এই টপিকের ওপর। ফলে ভালো একটা দক্ষতা গড়ে ওঠে এবং আমি উলম ইউনিভার্সিটির প্রফেসর ড. জোসেফ কাল্লোর কাছে এইচওয়াইফোর (এমিশন ফ্রি বৈদ্যুতিক বিমান) নিয়ে পিএইচডি করতে আগ্রহ প্রকাশ করি। বেশ কয়েকটি সাক্ষাৎকার এবং ভাইভা শেষে তিনি আমাকে তাঁর প্রজেক্টে নিয়ে নেন। এটা আমার জীবনের একটি টার্নিং পয়েন্ট। এত দিন ধরে কাজ করার পর অবশেষে আমি বুঝতে পারি, আমি আমার আসল লক্ষ্যের পথেই আছি। আমার এবং আমাদের গবেষণা নতুন পৃথিবীর জন্য হবে সঞ্জীবনী শক্তি।
আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে মোটিভেশনের যথেষ্ট অভাব আমি লক্ষ করেছি। বড় কিছু চিন্তা করতে সবার কোথায় যেন ভয়। কিংবা কেউ এ রকম কিছু বললেও সেটা যাচাই না করেই উড়িয়ে দেওয়ার একটা মানসিকতা রয়েছে। ব্যাচেলরস করতে গিয়ে অনেকেই এটা বোধ করেন এবং আমি নিজেও এর ভুক্তভোগী। এখানে প্রথমেই রয়েছে স্বপ্ন দেখার ভয়, চারপাশে রয়েছে হাজারো হতাশার গল্প। সেই জায়গা থেকে দেশের বাইরে পড়তে যাওয়ার পথ অনেক কঠিন। এ ছাড়া আমাদের সামাজিক প্রেক্ষাপটে একজন মেয়ের ব্যাচেলরস শেষ করে একা বাইরে পড়তে যাওয়া অনেকটা হিমালয় ডিঙানোর মতো। এখানে ব্যাচেলরস শেষ করা মানেই যেন পড়ালেখার সমাপ্তি ঘোষণা করে নতুন সংসার শুরু করা।
যাওবা যাওয়া হলো, এরপরও ক্রমাগত আমার পরিবারকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আমি খুবই ভাগ্যবান এ ক্ষেত্রে যে, আমার পরিবার এই প্রশ্নগুলো কখনো আমার কাছ পর্যন্ত আসতে দেয়নি। বরং মা সব সময় ফোন করে বলতেন, ‘লোকের কথায় কান না দিয়ে সামনে অনেক দূর এগিয়ে যাও।’

নিজেদের উদ্ভাবিত দূষণকারী গ্যাস নিঃসরণহীন বিমানের পাশে সহকর্মীদের সঙ্গে দেবযানী ঘোষ l ছবি: সংগৃহীত
নিজেদের উদ্ভাবিত দূষণকারী গ্যাস নিঃসরণহীন বিমানের পাশে সহকর্মীদের সঙ্গে দেবযানী ঘোষ l ছবি: সংগৃহীত

প্রবাসজীবনেও একই কথা আমার শুনতে হয়েছে অনেকবার। শুনতে হয়েছে প্রবাসী আত্মীয়স্বজনের কাছ থেকেও। আমরা নারীরা নিজেদের পথকে নিজেরাই সংকুচিত করে রাখি। সেখান থেকে উঠে এসে ‘আমিও পারি’ এই শব্দ দুটিকে বাস্তবে রূপ দেওয়াটাই আমার জীবনের অন্যতম চ্যালেঞ্জ ছিল।
আমার বর্তমান রিসার্চ প্রজেক্ট এমিশন ফ্রি বৈদ্যুতিক বিমান নিয়েই আরও কাজ করতে চাই। বর্তমানে এটি ৪-সিটার বিমান। ইচ্ছে আছে ভবিষ্যতে যাতে এই প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে বহু আসনবিশিষ্ট বিমানের ব্যবহারযোগ্য করে তোলা যায় এবং পৃথিবীতে কার্বন নিঃসরণ যতটা সম্ভব কমানো যায়।
এ ছাড়া আমি জার্মান প্রবাসে ম্যাগাজিনের প্রধান সম্পাদক হিসেবে কাজ করছি, যা বর্তমানে একটি প্রতিষ্ঠিত মাসিক ই-ম্যাগাজিন এবং প্রবাসীদের একটি যোগসূত্র। ইচ্ছে, ভবিষ্যতে এই ম্যাগাজিন ছড়িয়ে পড়বে বিশ্বের সব প্রান্তের বাংলাদেশিদের কাছে।
নতুন যারা বাইরে পড়তে যায়, তারা প্রথমেই অনেক সমস্যার সম্মুখীন হয়, কালচারাল শকে আক্রান্ত হয়। ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক থেকে শুরু করে খুঁটিনাটি সবকিছুই থাকে নতুন এবং অজানা। এই নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার সময়টা প্রবাসজীবনের সবচেয়ে কঠিন সময়। জার্মান প্রবাসে নিয়ে আমরা নতুনদের পাশে দাঁড়াতে চাই, যাতে তারা এই সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে পারে। ইচ্ছে আছে পরবর্তী সময়ে জার্মানি ছাড়াও পুরো বিশ্বের নতুন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি গ্লোবাল প্ল্যাটফর্ম তৈরি করা।
বাংলাদেশে উইমেন এমপাওয়ারমেন্ট বলতে অনেকেই বোঝেন সংরক্ষিত আসন বা কোটাপ্রথা। এটাতে অনেকেই বেশ সন্তুষ্ট থাকেন। কিন্তু আমার মতে এটাই শেষ কথা নয়। এই ব্যবস্থার দরকার নেই তা বলছি না, যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে চলার সময়, সেখানে সুবিধা না পাওয়ার অজুহাত দিয়ে নিজেকে থামিয়ে দেওয়া চলবে না। আমার ব্যক্তিগত ইচ্ছে তাঁদের এই যাত্রাপথের সহায়ক ভূমিকা পালন করার, যাতে করে বাংলাদেশি নারীরা তরুণ গবেষক হিসেবে তাঁদের শক্তিশালী পদক্ষেপ রাখতে সক্ষম হন পৃথিবীর যেকোনো প্রান্তেই।