হিমালয়ের কোলে শান্তির গান

‘তরুণদের মধ্যে নেতৃত্বের মনোভাব তৈরি ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা করছে ইউনিভার্সাল পিস ফেডারেশন। এরই অংশ হিসেবে আমরা নেপালে একটা সম্মেলনে অংশগ্রহণ করি। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিরা বিশ্ব শান্তিকে প্রোমোট করতে এই কনফারেন্সে অংশগ্রহণ করেছিল।’ বলছিলেন সম্মেলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহাদাৎ হোসেন।
কর্মকাণ্ডের অংশ হিসেবে নেপালে সাত দিনের একটি কর্মশালায় অংশগ্রহণ করেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ৪৫ জন তরুণ শিক্ষার্থী। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা ১১ জনের একটি প্রতিনিধিদল নেপালে অনুষ্ঠিত ‘রিলিজিয়াস ইয়ুথ সার্ভিস ২০১৬’-এর কনফারেন্সে অংশ নেন। কর্মশালায় তাঁরা কীভাবে বিভিন্ন জাতি আর ধর্মের মানুষের মধ্যে আন্তসম্পর্ক আরও উন্নত ও শান্তিপূর্ণ করা যায় এ বিষয়ে আলোচনায় অংশ নেন। সমস্যা সমাধানের উপায় নিয়েও কথা বলেছেন তাঁরা।
কর্মশালায় বাংলাদেশসহ মোট ১৪টি দেশের তরুণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন উখেং মারমা, পড়ছেন এশিয়া ইউনিভার্সিটি অব উইমেন-এ। তিনি বলেন, ‘বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম, মালয়েশিয়া, রাশিয়া, সিয়েরালিওন, আরব আমিরাতসহ মোট ১৪টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন এই কনফারেন্সে।’ বিশ্ব শান্তি, যুব ও বৈচিত্র্য, আন্তসাংস্কৃতিক বিনিময়, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ, বৈশ্বিক ইস্যু ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা এবং বিতর্ক হয় বলেও তিনি জানান।
শুধু কর্মশালার জ্ঞানগর্ভ আলোচনাই যে হয়েছে, তা নয়। শিক্ষার্থীরা ঘুরে বেড়িয়েছেন নেপালের বিভিন্ন শহরে। ‘হিমালয়ের বুক চিরে সূর্যোদয়, কী যে দারুণ এক দৃশ্য! এখনো ঘোর লেগে আছে চোখে।’ বললেন শাহাদাৎ হোসেন।
এ ছাড়াও তাঁরা হিমালয়, পোখারার ফেওয়া লেকসহ নেপালের বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করেন। কাঠমান্ডুর ভূমিকম্প-বিধ্বস্ত এলাকার অংশবিশেষ পরিষ্কার এবং পোখারার ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও প্রশাসনিক ভবন রং করেন তাঁরা। ‘কালচারাল নাইটে’ জাতীয় সংগীত পরিবেশনসহ আরও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন বাংলাদেশের শিক্ষার্থীরা।
উখেং মারমা বলেন, ‘নেপালিরা জাতি হিসেবে অনেক শান্তিপ্রিয়। পরিবেশ সচেতন। তাদের দেখে আমরা অনেক কিছু শিখেছি।’ আরও বলছিলেন, ‘বাংলাদেশে জাতিগত দ্বন্দ্ব রয়েছে অনেক, আমরা ভবিষ্যতে বাংলাদেশের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে শান্তি ও সৌহার্দ্যের সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক প্রতিনিধি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ফারহানা রাজ্জাক বলছিলেন, ‘মানুষের মধ্যে জাতিগত নানান ভুল-বোঝাবুঝি থাকে। এই ধরনের কনফারেন্সে মতামত বিনিময়ের মাধ্যমে আমাদের সেই ছোটখাটো ভুল-বোঝাবুঝিগুলো দূর হয়ে যায়। শান্তি প্রতিষ্ঠার জন্য এটা খুব জরুরি।’