হিমালয়ের শেরপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপা বলতেই চোখের সামনে ভেসে ওঠে ছোটখাটো আর চ্যাপ্টা নাকের পাহাড়ের অধিবাসীদের চেহারা। হিমালয়ের পাহাড়ের ভাঁজে ভাঁজে বরফের রাজ্যে যাঁদের চলাচল। বলা হয়, এঁরা পাহাড়েরই সন্তান। আর এভারেস্টের সর্বোচ্চ চূড়া থেকে এই পাহাড়ের সব রহস্য বিশ্বের সামনে তুলে ধরেছেন এই শেরপারাই। কিন্তু সময় আর যুগের সঙ্গে এঁরাও পাল্টে যাচ্ছেন। এখন তাঁরা কথা বলেন ইংরেজিতে আর চড়েন গাড়িতে। পাহাড়ের পরিশ্রমী পথ থেকে নিজেদের নিয়ে আসছেন সমতলে। পেশা আর মনের পরিবর্তনে হচ্ছেন আধুনিক। রহস্য কী? এ বিষয়েই কথা হচ্ছিল ৬৫ বছর বয়সী দাপা রাদি শেরপার সঙ্গে। তাঁর পাহাড়ে ওঠার সরঞ্জামের একটি দোকান আছে নামচে বাজারে। নামচে হচ্ছে শেরপা রাজধানী। এটি তিন হাজার ৪৪৬ মিটার উচ্চতায় নেপাল হয়ে এভারেস্ট বেইস ক্যাম্পে যাওয়ার পথে একটি বসতি। সকালের সোনাঝরা রোদে দোকানের বাইরে বসে ধর্মগ্রন্থ পড়ছিলেন তিনি। আমি নমস্কার দিয়ে তাঁর ছবি তোলার অনুমতি চাইলাম। আলাপে জানলাম, চারবার এভারেস্ট শৃঙ্গে উঠেছেন। তিনি ও তাঁর স্ত্রী দীর্ঘ ৩০ বছর পাহাড়ের রাস্তাতেই কাটিয়েছেন পর্যটকদের পথ দেখাতে। কিন্তু তাঁর সন্তানেরা আর আসতে চায় না এই পথে। কারণ বিষয়টি আসলেই কষ্টের। আর সে রকম পয়সাও নেই। একজন পর্বতারোহী এভারেস্টে উঠতে খরচ করেন ৬০ হাজার ডলার আর সেই কাজের জন্য শেরপা পান মাত্র দুই হাজার ডলার। তা ছাড়া এখন শেরপাদের জন্য স্কুল আছে। রয়েছে বড় বড় হোটেলে কাজ করার সুযোগ। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানও এগিয়ে আসছে শেরপাদের লেখাপড়া আর বিশ্বের সঙ্গে পরিচিত করে তোলার কাজে। রাদি কথা বলছিলেন ভাঙা হিন্দি আর ইংরেজিতে। জানালেন, বিদেশি পর্যটকদের সঙ্গে মিশতে মিশতেই নানা ভাষা শেখা।আধুনিক যুগের সঙ্গে শেরপাদের এই পরিচিতি তাঁদের মানসিকতায় এনেছে পরিবর্তন। বাজারের এক মুদি দোকানে লুডু লেখার মতো একটি খেলা হচ্ছিল। ছবি তুলতে চাইলে জানালেন, ১০০ ডলার দিলে তবেই ছবি তুলতে দেবেন তাঁরা! শেরপা বা শেরপানি তাঁদের আতিথেয়তা আর মুখের হাসি দিয়ে জয় করতেন মানুষের মন। কিন্তু নামচে বাজারের এই ঘটনা আমাকে অবাক করে দিল। আমার হোটেলের মালিক দিবং শেরপার সঙ্গে কথা বলে মনে হলো, বিষয়টিকে তিনি স্বাভাবিকভাবেই দেখছেন। তিনি বলছিলেন, বহু শেরপা আছেন, জীবনে মোটর গাড়ি কী তা চোখে দেখেননি। আর শেরপাদের সব কাজ—তা কৃষি হোক আর কাপড় বোনা—সবই নিজেদের করতে হয়। তাই তাঁদের মধ্যে মানুষের প্রতি বিশ্বাস অন্য যেকোনো জাতির থেকে বেশি। তাঁরা একদিকে যেমন সৎ, তেমনি সাহসীও। কিন্তু হাজার পর্যটক আর তাঁদের ডলারের লোভে শেরপারা এখন মোহগ্রস্ত। শেরপাদের আদিবাস তিব্বতে। ১৬ শতাব্দীর শুরুর দিকে তাঁরা নেপালের হিমালয় অংশে এসে বসবাস করতে শুরু করেন। পাহাড়ে ওঠার দক্ষতা আর কম অক্সিজেন নিয়ে সাধারণ মানুষের চেয়ে বেশি পরিশ্রম করতে পারার কারণে সারা বিশ্বই পাহাড়ে চড়তে তাঁদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। অনেক শেরপাই এভারেস্টের চূড়ায় উঠলেও তেনজিং নোরগেই প্রথম শেরপা, যিনি স্বীকৃতি পান। তাই তো এডমন্ড হিলারিকে দেবতা হিসেবে এখনো মানেন প্রত্যেক শেরপা। এই হিলারিই তাঁদের দেখিয়েছেন কীভাবে শেরপাদের কঠিন জীবনকে আরও একটু সহজ করা যায়। তাঁদের জন্য চার হাজার মিটার উচ্চতায় স্থাপন করেছেন স্কুল। সেই স্কুলে নিজের ছোটবেলার পাঠ শেষ করে এখন ব্যবসায়ী জিলং শেরপা। কথা বলেন ইংরেজিতে। এক জাপানি মহিলার সঙ্গে গাইড হিসেবে এসেছেন। তিন হাজার ৮৬৭ মিটার উচ্চতায় থেংবোচে গ্রামে তাঁর সঙ্গে এক হোটেলের রান্নাঘরে আমার দেখা। চেহারার ভাঁজ ছাড়া, পোশাক আর আচার-আচরণ দেখে বলা মুশকিল তিনি একজন শেরপা। তাঁর বাবা পর্যটকদের মাল বহন করতেন। তিনি বিদেশি এক সংস্থার সহায়তায় কাঠমান্ডুতে কলেজে পড়েছেন। এখন নিজেই একটি হোটেল খুলেছেন। বললেন, ২০ বছর আগেও এত পর্যটক ছিল না। এখন পর্যটকের সংখ্যা বেড়েছে। মার্চ, এপ্রিল ও মে মাসে শুধু এভারেস্ট বেইস ক্যাম্পেই যান ১০ হাজারের বেশি পর্যটক। তাই দরকার প্রচুর লোকবল। স্বাভাবিকভাবেই পাহাড়ের রাস্তায় মাল বহন বা গাইড হিসেবে কাজ করার চেয়ে হোটেলে কাজ করা সহজ আর লাভজনক। তা ছাড়া এই শেরপাদের মধ্য থেকেই এখন অনেকে উচ্চশিক্ষা নিয়ে ডাক্তার বা সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন। এখন মোট শেরপার সংখ্যা দেড় লাখের একটু বেশি হলেও তাঁদের এক-তৃতীয়াংশই পুরোনো পেশা থেকে দূরে রয়েছেন। ছুটছেন আধুনিক জীবনের দিকে।