হিমালয়ের শেরপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি শহর সোলেখম্বুর ছোট্ট গ্রাম ফাপলু। নেপালের পূর্বদিকের এই গ্রামটা হিমালয়ের একেবারে পায়ের কাছে। শুভ্র বরফে ঢাকা এই গ্রামের খুদে বাসিন্দা কৈলাশ তামাংয়ের বয়স তখন মোটে ১৩। কৈলাশের ভারি মন খারাপ। বাইরে যাওয়া একেবারেই বন্ধ। তার মধ্যেও যে কৈলাশ দু-একবার বাইরে বেরোনোর চেষ্টা করেনি তা কিন্তু নয়। ওর বাবা পেশায় উকিল। বেশ রাশভারী। বাবার চোখ রাঙানিতে শেষ পর্যন্ত আর বাইরে পা দেওয়া হয়নি। বাবা হাতে ধরিয়ে দিয়েছেন খান কতক বই। ফায়ার প্লেসের উজ্জ্বল আলোতে বই ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়ে এডমুন্ড হিলারি আর তেনজিং নোরগের এভারেস্ট অভিযানের কথা। শ্বাসরুদ্ধকর এ অভিযানের কাহিনি কৈলাশ পড়ে ফেলেন এক নিমেষে। বাইরে তখনো ঝোড়ো হাওয়া। হঠাৎ হঠাৎ বিদ্যুচ্চমকে আলোকিত হয়ে ওঠে প্রকৃতি, দূরের হিমালয়। ১৩ বছরের কৈলাশ তামাং বাইরে এসে দাঁড়ায়। ওদের ঘরের ঠিক উত্তরে দাঁড়িয়ে আছে রহস্যঘেরা সেই এভারেস্ট। কৈলাশ মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকে। তাকে যে পর্বতারোহী হতেই হবে। এভারেস্ট ডাকলে কি পিছু ফেরা যায়? তাই তো কৈলাশ ছুটে গেছে এভারেস্টের কাছে, রহস্যে ঢাকা আর বিপত্সংকুল পথ পেরিয়ে। এই কৈলাশ তামাঙের বয়স এখন ২৭। এভারেস্টের পথে তিনি হেঁটেছেন অসংখ্যবার। গত ২৩ মে মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের পথে কৈলাশও সঙ্গী হয়েছিলেন শেরপা হিসেবে। সঙ্গে ছিলেন আরও দুজন শেরপা। একজনের নাম সোমবাহাদুর তামাং, অন্যজন লাকপানুরু। বাংলাদেশ কেমন দেখলেন? জানতে চাইলে তিনজনের চোখই আনন্দে ঝলমল করে ওঠে। তার মধ্যে সোমবাহাদুর তামাং হাতে কিল দিয়ে বলেন, ‘ফাটাফাটি!’ ফাটাফাটি কিন্তু নেপালি শব্দ না, খাঁটি বাংলাদেশি। সোমবাহাদুর নতুন শিখেছেন। সোমবাহাদুরের অভিধানে ভয় শব্দটা একেবারেই নেই। দুঃসাহসী এই শেরপা এভারেস্টকে চেনেন হাতের তালুর মতোই। না, এভারেস্টের চূড়ায় তাঁর ওঠা হয়নি। কিন্তু অসংখ্য অজানা সব পথে অভিযানে অংশ নিতে হয়েছে জীবন বাজি রেখে। ১৯৯৬ সালে তিনি এক উদ্ধার অভিযানে অংশ নেন। সেবার বিখ্যাত অনেক পর্বতারোহী আটকা পড়েন এভারেস্টে। প্রচণ্ড খারাপ আবহাওয়া আর তুষারঝড়ের কবলে পড়া এই অভিযাত্রীদের অধিকাংশই বেঁচে ফিরতে পারেননি। এই দুর্যোগের মধ্যে তাঁদের উদ্ধার করতে গিয়েছিলেন সোমবাহাদুর আর ১৪ জন সঙ্গী। কিন্তু তুষারে ঢাকা পড়া অধিকাংশ লাশই সেদিন মেলেনি। এই অভিযানেই তিনি এভারেস্টে কাটিয়েছিলেন টানা তিন মাস।শেরপা লাকপা নুরুর কবে থেকে পাহাড়ে ওঠাওঠি, সেটা আর মনে করতে পারেন না। এবার মুসা ইব্রাহীমের সঙ্গে মিলিয়ে মোট চারবার এভারেস্টের চূড়ায় উঠেছেন তিনি। না, নিজের জন্য তাঁকে ফিরতে হয়নি। তিনি যার সঙ্গী হয়ে উঠেছিলেন, শেষ পর্যন্ত তাঁর আর ওঠার ক্ষমতা ছিল না। তাই বাধ্য হয়েই তাঁকে ফিরতে হয়েছে অভিযাত্রীর জীবন বাঁচানোর জন্য। আমাদের দেশটা লাকপা নুরুরও ভালো লেগে গেছে। কত গাড়ি এখানে। ওদের শহরে নাকি একটাও গাড়ি নেই। পা-টাই সম্বল। কৈলাশ তামাংয়ের নেপালের সেই ছোট্ট পাহাড়ি গাঁয়ে ফিরে যাওয়ার আজ খুব তাড়া। তাঁর জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আছেন স্ত্রী সীতা। এই তো মাস-চারেক বিয়ে হয়েছে তাঁদের। বিয়ের রাতেই সীতা বলেছিলেন ‘তোমাকে আর দূর পাহাড়ে যেতে দেব না।’ কিন্তু কৈলাশ পাহাড়কে ভালোবেসে ফেলেছেন, তাই আমাদের মুসা ইব্রাহীমের সঙ্গে আবারও তিনি পাড়ি দিয়েছিলেন এভারেস্টের দীর্ঘ পথ।