হিলারি দিয়ে মাত মমতার
চমক দিতে বরাবরই পছন্দ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সর্বশেষ চমকটি দলমতনির্বিশেষে সবারই নজর কেড়েছে। সব ক্ষেত্রে হয়তো প্রতিক্রিয়াটা ইতিবাচক নয়, কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফর আয়োজন করতে পারা সত্যিই কমবেশি সচকিত করেছে সবাইকে। হিলারি ক্লিনটনই পশ্চিমবঙ্গ সফর করা প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।৭ মে হিলারি ক্লিনটনকে পশ্চিমবঙ্গের মাটিতে এনে তাঁকে সংবর্ধনা দিলেন। করলেন বৈঠকও। মমতার এ পর্যন্ত রাজনৈতিক জীবনে নিঃসন্দেহে সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যায়ের সাক্ষাতের ঘটনা এটি।অন্যদিকে হিলারির কলকাতা সফর নিয়ে বিতর্ক জমিয়ে তোলেন বামপন্থীরা। প্রশ্নটা অবশ্য খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নয়। বাম মহল থেকে প্রশ্ন উঠেছে, ৩৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থাকতে হিলারির পশ্চিমবঙ্গকে বেছে নেওয়ার কারণ কী? কেন তিনি সাড়া দিলেন মমতার আমন্ত্রণে? কলকাতায় অবশ্য হিলারির সফর খুব দীর্ঘ ছিল না। মমতার সঙ্গে বৈঠকের পরই তিনি উড়ে যান নয়াদিল্লিতে। কলকাতার সচিবালয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের জন্য একটি কথাও খরচ করেননি। তবে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা সংবাদ সম্মেলন করে জানান, হিলারি আগে থেকেই চেয়েছিলেন পশ্চিমবঙ্গে আসতে। মমতার বামবিরোধী নিরলস আন্দোলনের কথা তিনি অনেক শুনেছেন। বিশেষ করে গত বিধানসভা নির্বাচনে বামদের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটাতে পারায় তাঁর আগ্রহ জাগে তৃণমূল নেত্রীকে দেখার। মমতা সাংবাদিকদের জানিয়েছেন, টাইম সাময়িকীর বাছাইয়ে বিশ্বের ১০০ ক্ষমতাবান ব্যক্তির তালিকায় তাঁর নাম উঠেছিল বলে হিলারি মনে করেছিলেন, টাইম-এর অনুষ্ঠানে যোগ দিতে তৃণমূল প্রধান যুক্তরাষ্ট্রে যাবেন। তখন তাঁদের দেখা হবে। কিন্তু মাত্র দুই দিনের নোটিশে মমতা নিউইয়র্কে আয়োজিত টাইম পত্রিকার অনুষ্ঠানে যেতে পারেননি। তাই হিলারি ঠিক করেন, ভারত সফরের সময় পশ্চিমবঙ্গে আসবেন। কিন্তু আসলে কি ব্যাপারটা এতই সরল? আরও বড় রাজনীতি বা অর্থনৈতিক কূটনীতির বিষয় কি এর নেপথ্যে নেই? অনেকেই মনে করছেন, অবশ্যই আছে। মমতা ঘোর বামবিরোধী বলে তাঁকে অভয় দেওয়ার জন্যই মূলত হিলারি সফরের জন্য বেছে নেন পশ্চিমবঙ্গকে। আবার বৈদেশিক বিনিয়োগ প্রসঙ্গে তাঁকে তোষণ করাও নাকি সম্ভাব্য কারণ।বিদেশি চেইন সুপারমার্কেটগুলোর ভারতে খুচরা পণ্যের ব্যবসায় বিনিয়োগের বিরুদ্ধে মমতা কঠোর অবস্থান নিয়েছেন। এ কারণে ভারতের কেন্দ্রীয় সরকার এ সংক্রান্ত বিল পাস করতে পারেনি সংসদে। এই বিলের বিরোধিতা করছে সব বাম দলও। পর্যবেক্ষকেরা মনে করছেন, হিলারি হয়তো এ কারণে চেয়েছেনমমতাকে বুঝিয়ে এই বিনিয়োগের বিষয়ে একটা রফা করতে। তাহলে হয়তো ভারতের মতো বিশাল বাজারে প্রবেশ করতে পারবে ওয়ালমার্টের মতো মার্কিন খুচরা পণ্যের ব্যবসায়ীরা। হিলারির সঙ্গে আলোচনায় সে কথা উঠেছে কি না তা মমতা বা কেউ নিশ্চিত করেননি। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন, হিলারি সম্ভবত বলে গেছেন, মমতা যেন সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে সমর্থন করেন। মুখ্যমন্ত্রী মমতা ইঙ্গিত দিয়েছেন, পশ্চিমবঙ্গের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এখন রাজ্যটিতে বড় ধরনের বিনিয়োগ করবে। মমতা বলেছেন, হিলারি তাঁকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চায় পশ্চিমবঙ্গকে বাণিজ্যের ক্ষেত্রে ‘স্টেট পার্টনার’ করতে। যুক্তরাষ্ট্রের এই আগ্রহে দারুণ খুশি মুখ্যমন্ত্রী। অন্যদিকে ‘বাম দুর্গ’ পশ্চিমবঙ্গে দীর্ঘ ৩৪ বছরে যে সুযোগ পাওয়া যায়নি, এখন তার সম্ভাবনা জাগায় খুশি যুক্তরাষ্ট্রও। কলকাতার সংবাদমাধ্যমও কম মাতেনি এ নিয়ে। প্রচারমাধ্যমের অনেকে আগে থেকেই উচ্ছ্বসিত হয়ে বলতে থাকেন, মমতাই এখন ভারতের ত্রাণকর্তা। হিলারি তাঁর সঙ্গে আলোচনা করবেন এমনকি ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও। হিলারির কলকাতা সফরকে স্বাভাবিকভাবেই সুনজরে নেয়নি পশ্চিমবঙ্গের বাম দলগুলো। এই সফরের প্রতিবাদে ভারতের কমিউনিস্ট পার্টি (এমএল-লিবারেশন) পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দুই দিন সভা-সমাবেশ ও মিছিল করেছে। বামপন্থী দল এসইউসিআইয়ের রাজ্য সম্পাদক সৌমেন বসু বলেছেন, যে মার্কিন সাম্রাজ্যবাদ বিভিন্ন দেশে যুদ্ধের আগুন জ্বালাচ্ছে সেই মার্কিন দেশের পররাষ্ট্রমন্ত্রীকে পশ্চিমবঙ্গে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে যা এ রাজ্যের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের ঐতিহ্যের পরিপন্থী। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু হিলারি-মমতা বৈঠকের আগেই হুঁশিয়ারি দেন, তিস্তার পানি নিয়ে তৃতীয় দেশ ‘নাক গলালে’ তাঁরা তা মানবেন না। বিমান বসু আরও বলেন, খুচরা ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বিষয়টিও ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এসব ব্যাপারে হিলারি কথা বলবেন কেন? পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী শীর্ষ বামনেতা বুদ্ধদেব ভট্টাচার্যও খোঁচা দিয়ে বলেছেন, ‘আমেরিকার মনের মতো সরকার হয়েছে, তাই কলকাতায় এসেছেন হিলারি।’বামপন্থী দল আরএসপির কেন্দ্রীয় নেতা মনোজ ভট্টাচার্য বলেছেন, ‘হিলারি ক্লিনটন সাম্রাজ্যবাদী পুঁজির বিশ্বস্ত অনুচরের সঙ্গে দেখা করতে এসেছেন, অবাক হওয়ার কী আছে?’ অমর সাহা, কলকাতা