
রাঙ্গুনিয়া উপজেলায় ২৩ মার্চের নির্বাচনকে ঘিরে প্রচারণা জমে উঠেছে। এই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় প্রার্থীকে নিজ দলের প্রার্থীর বিরুদ্ধেও প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। এ কারণে ভোটের হিসাব-নিকাশ অনেকটাই পাল্টে গেছে। ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবেন সেটা দেখার অপেক্ষায় আছেন ভোটাররা।
চেয়ারম্যান পদে দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করছেন উত্তর জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. আলী শাহ। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি মো. জসিমও এ পদে প্রার্থী হয়েছেন। উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত বিএনপির দলীয় সমর্থন পেলেও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক (বহিষ্কৃত) কুতুব উদ্দিনও নির্বাচন করছেন। পাশাপাশি এ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মো. শামীম হোসেন।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরীকে গত বুধবার সকালে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগ এখনো এ বিষয়ে সিন্ধান্ত নেয়নি। আজ বিকেলে (বুধবার) বৈঠকে বসে সিন্ধান্ত নেওয়ার হবে।
তবে গত মঙ্গলবার স্থানীয় দৈনিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, কেন্দ্রের নির্দেশে মো. আলী শাহকে দলের সমর্থন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্থানীয় নেতা-কর্মীদের তাঁর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেন্দ্রের নির্দেশে মো. আলী শাহকে সমর্থন জানানো হয়েছে। তিনি রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান পদে দলের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি উভয়দলে একাধিক প্রার্থী থাকায় প্রচারণায়ও এর প্রভাব পড়ছে। দুই দলের নেতা-কর্মীরা এ নিয়ে অনেকটা বিভক্ত। তবে সব প্রার্থীই প্রচারণা চালাচ্ছেন সমানতালে।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী শাহ বলেন, ‘৩৩ বছরের রাজনৈতিক জীবনে অনেক পরীক্ষা দিয়েছি। দলের জন্য বহু ত্যাগ স্বীকার করেছি। আমি যদি যোগ্য প্রার্থী হই, তাহলে জনগণ আমাকে ভোট দেবেন। আমি আমার মা বাবাকেও বলেছি—যদি অযোগ্য মনে হয়, তবে আমাকে ভোট দেবেন না।’
এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি মো. জসিম বলেন, ‘আমার সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীরা আছেন। এ জন্য নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। জয়লাভের ব্যাপারেও আমি আশাবাদী।’
দলীয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ হাসনাতকেও। তিনি বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়া আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছেন বলে আমি কৃতজ্ঞ। আশা করি দলের নেতা-কর্মীরা আমাকে মূল্যায়ন করবেন।’
নির্বাচনে প্রার্থী হয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক কুতুব উদ্দিন বহিষ্কৃত হলেও দলের ভোটারদের সমর্থন পাবেন বলে তিনি আশাবাদী। তিনি বলেন, ‘এক-এগারোর পর থেকে দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে ছিলাম। সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার আমাকে সমর্থন জানিয়েছেন। তৃণমূলের নেতা-কর্মীরাও আমার পাশে আছেন।’
রাঙ্গুনিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদার জানান, চতুর্থ ধাপে ২৩ মার্চের নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, পুরুষ ভাইস চেয়ারম্যান আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় ৮৬টি ভোটকেন্দ্রে ভোট দেবেন দুই লাখ ১৭ হাজার ৯৩১ জন ভোটার।