হিসাব পাল্টে দিতে পারে পাঁচ লাখ তরুণ ভোটার
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এবার ভোটার বেড়েছে সাড়ে পাঁচ লাখ। এর প্রায় ৯০ ভাগই তরুণ। এই তরুণ ভোটাররাই আসন্ন নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। তরুণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোট দেওয়ার ক্ষেত্রে তাঁরা স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টি মাথায় রাখবেন। পাশাপাশি বিজ্ঞানমনস্ক, তথ্যপ্রযুক্তিবান্ধব ও আধুনিক চিন্তাধারার প্রার্থীরাই তাঁদের কাছে প্রাধান্য পাবেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের ‘ডিজিটাল বাংলাদেশ’ ধারণা তরুণদের কাছে টেনেছিল বলে মনে করছেন অভিজ্ঞ মহল। তবে গত দেড় বছরে এ বিষয়ে সরকারের কার্যক্রম দেখে তাঁদের উৎসাহে কিছুটা ভাটা পড়েছে বলেও অনেকে মনে করেন।এদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সীমিত আকারে ইলেকট্রনিক পদ্ধতিতে (আঙুলের ছাপে) ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশন সূত্র জানায়, এবার ভোটারসংখ্যা প্রায় ১৬ লাখ ৯৫ হাজার। এতে নারী ভোটারের সংখ্যা আট লাখ ১৭ হাজার। ২০০৫ সালের সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে পাঁচ লাখ ৫৬ হাজার। ভোটার বাড়ার হার ৪৮ দশমিক ৮৯ শতাংশ। এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, ‘২০০৫ সালের তুলনায় এবার যে পরিমাণ ভোটার বেড়েছে এদের বড় অংশই তরুণ। ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকা ২০০৯ সালে হালনাগাদ করা হয়েছে। এতে বাদপড়াদের পাশাপাশি যাঁদের বয়স ১৮ বছর হয়েছে তাঁদের অন্তর্ভুক্ত করা হয়।’তেমন একজন তরুণ ভোটার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের ছাত্র জুলকার নাঈম আহমেদ। তিনি বলেন, ‘রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিক্ষিত, আধুনিক ও যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন—এমন প্রার্থীই পছন্দ আমার। এলাকার উন্নয়নে প্রার্থীর ক্ষমতা কতটুকু তা-ও দেখব ভোট দেওয়ার ক্ষেত্রে।’এ প্রসঙ্গে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের চট্টগ্রামের কো-অর্ডিনেটর ফেরদৌস আহমদ ও শরীফ চৌহান একই সুরে বলেন, ‘জাতীয় ও স্থানীয় নির্বাচনের মধ্যে পার্থক্য রয়েছে। স্থানীয় ক্ষেত্রে দল প্রাধান্য পেলেও শেষপর্যন্ত ব্যক্তিই মুখ্য হয়ে দাঁড়ান। এ ক্ষেত্রে বিভিন্ন দলকে যোগ্য, আধুনিক, সাহসী ও উন্নয়নমুখী প্রার্থী নির্বাচন করতে হবে। কারণ প্রায় পাঁচ লাখ তরুণ ভোটার এসব বিবেচনা করেই ভোট দেবেন। ফলাফল নির্ধারণে তাঁরা বড় ভূমিকা রাখবেন। তাঁরাই গণেশ উল্টে দিতে পারেন।’ হালিশহরের নতুন ভোটার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আলিয়া চৌধুরী বলেন, ‘প্রার্থীর ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতা এবং উন্নয়নের ক্ষমতা আমার কাছে বড়। দলীয় বিবেচনা পরের বিষয়।’ জানা গেছে, প্রথমবারের মতো ছবিযুক্ত ভোটার তালিকা ধরে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০০৫ সালের সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে ভোটপদ্ধতি ছিল তালিকা অনুযায়ী। তখন ভোটার ছিল ১১ লাখ ৩৮ হাজার। এর মধ্যে ৬০ শতাংশ ভোট পড়েছিল। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে সিটি করপোরেশন এলাকায় ভোটার ছিল ১৫ লাখ ৭৮ হাজার ৭৮২। ২০০৯ সালে হালনাগাদ করার সময় ভোটার বেড়েছে প্রায় এক লাখ ২৪ হাজার। বেড়েছে ভোটকেন্দ্রও: ভোটার বাড়ায় বাড়ানো হয়েছে কেন্দ্রের সংখ্যাও। কেন্দ্র ৯৭টি বাড়িয়ে ৬৭৪টি করা হয়েছে। ভোটকক্ষ হবে চার হাজার ৭৪৮টি। এসব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রায় ১৬ হাজার কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া চলছে এখন। এ প্রসঙ্গে উপ-নির্বাচন কমিশনার এজহারুল হক বলেন, ‘আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়ে কর্মকর্তাদের তালিকা দিতে বলেছি। সেখান থেকে নিরীক্ষণ করে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তার চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।’