হু জিনতাওয়ের যুক্তরাষ্ট্র সফরের তাৎপর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগেরও বেশি সময়ের মধ্যে প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর করলেন। ১৯ জানুয়ারি থেকে চার দিনের এই সফরকে অনেক বিশ্লেষক চিহ্নিত করেছেন গত তিন দশকে কোনো শীর্ষ চীনা নেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র সফর হিসেবে।চীনা প্রেসিডেন্টের সফর শেষে দুই দেশের সংবাদমাধ্যমেই বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক শক্তির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিই প্রাধান্য পেয়েছে। একজন বিশ্লেষকের মতে, চীনের একটি সংবাদপত্রের প্রথম পাতায় যে ছবি ছাপা হয়েছে, তা থেকেই হু জিনতাওয়ের এই সফরের মূলভাব প্রকাশ পেয়েছে। ছবিটিতে দেখা যায়, হু জিনতাও হোয়াইট হাউসে বক্তৃতা করছেন। তাঁর পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।ছবিটির মূল বক্তব্য এভাবে ব্যাখ্যা করা যায়: চীন একটি নতুন বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং এর নেতা যখন ওয়াশিংটনে যান, তাঁর বক্তব্য মন দিয়ে শোনা হয়। চীনের সংবাদমাধ্যমও বেশ জোরালোভাবে এ রকম ধারণাই প্রচার করেছে।সফর শেষ করে হু জিনতাও দেশে ফেরার দিন চীনের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশনের সান্ধ্য বুলেটিনে চীনের উত্থান এবং যুক্তরাষ্ট্র কীভাবে এতে সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে, তা প্রচার করা হয়। চীনের প্রেসিডেন্ট চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ‘সহযোগিতামূলক অংশীদারি’ হিসেবে অভিহিত করেছেন। সরকারি বার্তা সংস্থা সিনহুয়াও দুই দেশের সম্পর্কোন্নয়নের বিষয়টির ওপরই জোর দেয়।কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্ব ও আঞ্চলিক রাজনীতিতে বেশ কিছু বিষয় নিয়ে চীন-মার্কিন সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি কারোরই অজানা নয়। বিশেষ করে অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে চীনা মুদ্রার বিনিময় হার যুক্তরাষ্ট্রের অন্যতম উদ্বেগের কারণ। এ ছাড়া কোরীয় উপদ্বীপে উত্তর কোরিয়ার ‘উসকানিমূলক আচরণে’ চীনের প্রতিক্রিয়া এবং দেশটির পরমাণু কর্মসূচিতে ‘নীরব সমর্থনের’ ব্যাপারেও বিভিন্ন সময়ে বেইজিংয়ের প্রতি অসন্তোষ জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া এবং চীনা ভিন্নমতাবলম্বীদের প্রতি সমর্থন অব্যাহত রাখা নিয়ে ওয়াশিংটনের ওপর ক্ষোভ রয়েছে বেইজিংয়ের।তবে লক্ষণীয়ভাবে হু জিনতাওয়ের সফরে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাঁর এক ধরনের স্বীকারোক্তি। যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্র দেশগুলো এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন দীর্ঘদিন ধরেই চীনের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করে আসছে। এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সর্বশেষ উত্তাপ ছড়ায় শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভিন্নমতাবলম্বী চীনা লিউ সিয়াওবোর কারাবন্দিত্ব নিয়ে।তাই হোয়াইট হাউসে ওবামার সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে যৌথ সংবাদ সম্মেলনে হু জিনতাও যখন বললেন, চীনের সার্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য এখনো অনেক কিছু করতে হবে, তখন বিশ্বে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়। হু জিনতাও বলেন, ‘চীনে মানবাধিকার পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, চীন একটি বিশাল দেশ। এখানে অনেক সামাজিক ও অর্থনৈতিক সমস্যা থাকতেই পারে।’ চীনা প্রেসিডেন্ট আরও বলেন, পারস্পরিক আস্থা বাড়াতে এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা করতেই তিনি যুক্তরাষ্ট্র সফরে এসেছেন। দুই দেশকে অবশ্যই একে অন্যের পছন্দ-অপছন্দ ও স্বার্থের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।চীনের প্রেসিডেন্টের এই বক্তব্যকে স্বাগত জানায় হোয়াইট হাউস। প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র রবার্ট গিবস জানান, প্রেসিডেন্ট হু জিনতাও খোলামেলাভাবে বিষয়টি স্বীকার করে নিয়েছেন। এ বিষয়ে দেশটি প্রকৃত অর্থে কী পদক্ষেপ নেয় তা পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতে পারে। কিন্তু এগুলো পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। যৌথ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, মানবাধিকার নিয়ে চীনের সঙ্গে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের মনোমালিন্য হতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এই মনোমালিন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না।বিশ্লেষকেরা বলছেন, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে চীনের প্রেসিডেন্টের ওপর সম্ভবত সে অর্থে কোনো চাপ সৃষ্টি করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। কারণ চীনা মুদ্রার বিনিময় হার পুনর্নির্ধারণের বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি হু। পাশাপাশি উত্তর কোরিয়ার কথিত উসকানিমূলক আচরণ বন্ধ এবং তাদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনার বিষয়েও দৃঢ় কোনো আশ্বাস তাঁর মুখ থেকে শোনা যায়নি। যদিও হোয়াইট হাউসের নৈশভোজে প্রেসিডেন্ট ওবামা সতর্ক করে দিয়ে বলেছেন, চীন যদি তার মিত্র উত্তর কোরিয়াকে সংযত করতে না পারে, তাহলে যুক্তরাষ্ট্রকে এশিয়ায় নতুন করে সেনাসমাবেশ করতে হবে। জবাবে প্রেসিডেন্ট হু বলেছেন, অস্ত্রের প্রতিযোগিতা বা অন্য রাষ্ট্রের ওপর সামরিক কর্তৃত্ব প্রয়োগের কোনো আগ্রহ তাঁদের নেই।তবে রাজনীতির তুলনায় অর্থনীতি ও বাণিজ্য নিয়ে এই সফরে কিছুটা হলেও অগ্রগতি পেয়েছে যুক্তরাষ্ট্র। অন্তত মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে চীনের ২০০ বিমান কেনার প্রতিশ্রুতি তেমন ইঙ্গিতই দিচ্ছে। এ ছাড়া চীনের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর শুরুর আগেই সে দেশের একটি বাণিজ্য প্রতিনিধি দল হিউস্টনে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে ছয়টি চুক্তিতে স্বাক্ষর করে।সফরের শেষ দিনে যুক্তরাষ্ট্রের অন্যতম শিল্পনগর শিকাগো পরিদর্শন করেন চীনের প্রেসিডেন্ট। সেখানে এক নৈশভোজে যোগ দেন শীর্ষস্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা। এ সময় হু জিনতাও চীনে উচ্চপ্রযুক্তির পণ্য রপ্তানির ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আর্থিক, বাণিজ্যিক, জ্বালানি এবং পরিবেশগত ও অবকাঠামোগত উন্নয়নসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যাশা করে চীন।চীনা প্রেসিডেন্টের এই বক্তব্যের মাধ্যমে যে চিত্রটি প্রকাশ পেয়েছে সেটি হলো, গোটা বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডের এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণকারী এই দুই দেশ প্রতিযোগিতা সত্ত্বেও চাইলে পরস্পরের সহযোগীও হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে কার্যকর করে তুলতে দুই নেতাও আগ্রহ প্রকাশ করেছেন। যদিও এই আগ্রহ অন্তত আপাতত দ্বিপক্ষীয় সম্পর্কের জটিলতাগুলো কমাতে খুব বেশি প্রভাব ফেলছে না।