হুদাই নজমুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তখন ফোর্থ ইয়ারে। কয়েক দিন পরেই অনার্স ফাইনাল বিধায় বেশির ভাগ সময় রিডিং রুমে থাকি। এর মধ্যে একদিন শেষ রাতের দিকে রুমে ঘুমুতে এসে দেখি, আমার সিটে একজন শুয়ে আছে। এই একজনটা আবার রুমমেটদের কেউ না। সম্পূর্ণ নতুন আমদানি। আমি তার কানের কাছে গিয়ে ছোট করে একটা গলাখাঁকারি দিলাম। সঙ্গে সঙ্গে সে শোয়া থেকে উঠে গিয়ে বলতে লাগল, ‘আপনার সিট এইটা? ঠিক আছে, শোন আপনি। আমি অনেকক্ষণ ধরেই শুয়ে ছিলাম। বাকি রাত আমার না ঘুমালেও চলবে। তবু যদি ঘুম আসে, আমার ট্রাংকের ওপর শুয়েই ঘুমুতে পারব। কী করব, রুমে তো আর ফাঁকা জায়গা নেই।’ কথাগুলো মোটামুটি একটানা বলে আমার সিটের পাশ থেকে বেশ কয়েক কদম দূরে সরে গেল ছেলেটা। আমি তার প্রতি তেমন আগ্রহ না দেখিয়ে শুধু জিজ্ঞেস করলাম, ‘কী নাম তোমার?’ ছেলেটা আমার সঙ্গে ভাব জমানোর জন্যই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, আবার আমার কাছে এসে বলল, ‘জি ভাই, আমার নাম নাজমুল। মা-বাবার দেওয়া নাম নাজমুল হুদা। আমি নিজে লিখি নাজমুল আলম।’ নাজমুল মনে হয় তার জবাব আরও দীর্ঘ করতে চেয়েছিল। কিন্তু আমাকে পাশ ফিরে শুয়ে যেতে দেখে হতাশ হলো এবং কথায় ব্রেক কষল। আমি পাশ ফিরে শুয়ে থাকলাম ঠিকই, তবে নাজমুল যে বলল ঘুম এলে সে নাকি ট্রাংকের ওপর ঘুমুবে—এই কথাটা আমার মাথায় ঘুরছিল। ট্রাংকের ওপর আবার মানুষ ঘুমায় কী করে! একটা ট্রাংক বড় হলে আর কতটুকুই বা বড় হয়। এ ছাড়া হলে তো সবাই ছোট ছোট ট্রাংক ব্যবহার করে। কথাগুলো চিন্তা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। ভোররাতে যখন ঘুম ভাঙল, শুনি পায়ের দিক থেকে কার যেন একটা নাকডাকানির শব্দ আসছে। চেয়ে দেখি একটা ট্রাংকের ওপর কেউ একজন গোল হয়ে শুয়ে আছে। একজন মানুষ কতটা গোল হলে ছোট সাইজের একটা ট্রাংকের ওপর শুতে পারে, ভাবুন। যখন নাজমুলের সঙ্গে কথা বলছিলাম, তখন তার দিকে ভালো করে তাকাইনি। সিনিয়র হিসেবে আমার উচিত না একটা ভাব বজায় রেখে কথা বলা? কিন্তু এখন বেশ মনোযোগ দিয়ে তাকালাম তার বডির দিকে। মনে হলো, মঙ্গা, দুর্ভিক্ষ—এই জাতীয় আরও যত দুর্যোগ এবং বালা-মুসিবত আছে, সবই গেছে তার শরীরের ওপর দিয়ে। আর এরই সুবাদে তার শরীরটা এমন সিলিম হয়েছে যে, সে ট্রাংকের ওপর তো শুতে পেরেছেই, ইচ্ছে করলে একটা জ্যামিতি বক্সের ওপরও শুতে পারবে। দুই দিন পর রুমে ঢুকতে গিয়ে শুনি আরেক রুমমেট বলছে, ‘এই নাজমুল, তুই তোর মেকআপ বক্স এখান থেকে সরা। এইটার জন্য পুরো রুমে জ্যাম লেগে গেছে।’ আমি রুমে ঢুকে জানতে চাইলাম, মেকআপ বক্সে আবার রুমজুড়ে জ্যাম লাগায় কীভাবে। এ ছাড়া ছেলেদের আবার মেকআপ বক্স লাগে নাকি! জুনিয়র এই রুমমেট এবার হেসে বলল, ‘ভাই, আপনার-আমার না লাগলেও নায়কদের লাগে। নাজমুল হচ্ছে নায়ক। তার কি মেকআপ বক্স ছাড়া চলে? এই দেখেন, তার কত বড় মেকআপ বক্স।’ বলেই সে নাজমুলের ট্রাংকটা দেখাল। বলল, এর ভেতরে নাকি হরেক পদের মেকআপে ভরা। নাজমুলকে এর সত্যতা সম্পর্কে জিজ্ঞেস করলাম। নাজমুল অস্বীকার করল। কিন্তু যখন চ্যালেঞ্জ করা হলো, সে স্বীকার করল। আমরা তার এই ট্রাংক তথা মেকআপ বক্সে দুনিয়ার যাবতীয় মেকআপ-সামগ্রীর সন্ধান পেলাম। তবে এর মধ্যে সবচেয়ে জরুরি যে জিসিটি পাওয়া গেল, সেটি হলো কাঁচা হলুদ। নাজমুলের অনুপস্থিতিতে এরপর অনেকেই এই কাঁচা হলুদ নিয়ে দেয়ালে দেয়ালে চিকা মারার কাজ চালাত। একদিন জানা গেল, নাজমুল তার বান্ধবীর সঙ্গে বসে ডেটিং করছে। তার ইয়ারমেটরা ছুটে গেল এই বিরল দৃশ্য দেখার জন্য। কিন্তু ততক্ষণে ডেটিং শেষ। কারণ দুজনই নীলক্ষেতে যাবে একটা কাজে। ঠিক তখনই ইয়ারমেটরা শুধু বিরল দৃশ্যই না, বিরলের চেয়ে আরও বিরল কিছু দেখার সৌভাগ্য অর্জন করে ফেলল। তারা দেখল, নাজমুলের বান্ধবী রিকশায় করে নীলক্ষেতে রওনা হলেও নাজমুল রওনা হলো হেঁটে। কারণ একটাই—চিকনা নাজমুলের বান্ধবী এতই মোটা যে সে রিকশায় বসলে নাজমুলের আর বসার জায়গা থাকে না। নাজমুল সেদিনই রুমে এসে ঘোষণা দিয়েছিল, এখন থেকেই সে টাকা-পয়সা জমাতে শুরু করবে। কারণ যত শিগগির সম্ভব তাকে গাড়ি কিনতে হবে। রিকশায় যেহেতু সে বান্ধবীকে নিয়ে বসতে পারল না, অতএব গাড়িতে অবশ্যই বসতে পারবে। এই ঘোষণা শুনে রুমের আরেকজন বলে উঠেছিল, ‘নরমাল গাড়িতে দেখেছি একটা বা দুটো অতিরিক্ত চাকা রাখা হয়। তুই যে গাড়িটা কিনবি, সেটাতে কিন্তু কমপক্ষে ছয়-সাতটা অতিরিক্ত চাকা রাখিস। কারণ এমনও হতে পারে, দৈনিক একটা-দুটো করে চাকা ফাটতেই থাকবে।’ কেন ফাটতে পারে, সেটা না হয় না-ই বললাম। একদিন রুমে এসে শুনি, সবাই নাজমুলকে ‘নাজমুল’ না ডেকে ‘নজমুল’ ডাকতে শুরু করেছে। আমি অবাক হতেই তারা বলল, নাজমুল নামে আ-কার থাকলে নামটা কেমন মোটা মোটা লাগে। নাজমুলের বডির সঙ্গে এই মোটা নামটা যায় না। তাই আ-কার ফেলে দিয়ে নামটা তার বডির মতোই সিলিম বানিয়ে নিলাম। নজমুল। আমি বললাম, কিন্তু তোমরা শেষের ম-এর উ-কারটা তো ফেললে না। একজন হেসে গড়িয়ে পড়তে পড়তে বলল, ‘তাহলে, ভাই, গন্ধ ছুটে যাবে। নজ—মল।’ আমি আর কথা বললাম না। একদিন পুরো হলে হইচই পড়ে গেল নজমুলকে নিয়ে। নজমুলকে নিয়ে নয়, বরং নজমুল নিজেই পুরো হলে হইচই ফেলে দিল। তার সে কী চেঁচামেচি! আর চেঁচামেচি না করে করবেই বা কী? বডিবিল্ডার সাব্বির তাকে রুম থেকে কাঁধে করে এনে মাঠে ছুড়ে ফেলে দিয়েছে। সবাই ধরে নিল, এবার সাব্বিরের এমন শাস্তি হবে যে, হল ছেড়ে যেতে হবে। কিন্তু কিছুই হলো না। আসলে সাব্বিরের কোনো দোষ ছিল না। সে ছারপোকা তাড়ানোর জন্য রুমের লেপ-কম্বলগুলো গোল করে এনে মাঠে দিচ্ছিল। কিন্তু একটা লেপের ভেতরে যে চিকনা পটাশ নজমুল গোল হয়ে শুয়ে ছিল, সে টেরই পায়নি। ব্যস, এরপর ঘটনা যা ঘটার ঘটে গেছে।