হুন সেনের ২৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ২৫ বছর কোনো দেশের ক্ষমতায় টিকে থাকা চাট্টিখানি কথা নয়। সেই অসাধ্যই সাধন করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। এই সাবেক খেমাররুজ নেতা ১৯৮৫ সালের ১৪ জানুয়ারি দেশের ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে প্রধানমন্ত্রী হন। তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৩ বছর। ওই সময় দক্ষিণ-পূর্ব এশিয়া তো বটেই, গোটা বিশ্বে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। বয়স বিচার করলে তাঁর অভিজ্ঞতার পাল্লা ছিল বিশ্বের অন্যান্য প্রবীণ রাজনীতিকের তুলনায় কম। তাই ক্ষমতায় টিকে থাকা তাঁর জন্য ছিল একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু তিনি শুধু ওই চ্যালেঞ্জই মোকাবিলা করেননি, অটলভাবে টিকে থেকে ১৪ জানুয়ারি ক্ষমতায় আসীনের ২৫ বর্ষপূর্তি উদ্যাপন করেছেন। এখানে সঙ্গত কারণেই একটি প্রশ্ন এসে দাঁড়ায়, হুন সেন একনাগাড়ে এত বছর ক্ষমতাটা ধরে রেখেছেন কী করে?হুন সেনের এই দীর্ঘপথ নির্বিঘ্ন ছিল না। পদে পদে কাঁটার আঘাত সহ্য করতে হয়েছে। গৃহযুদ্ধ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিশৃঙ্খলার মতো ঝড়ঝাপ্টা সামাল দিতে হয়েছে। তিনি ও তাঁর দল কম্বোডিয়াস পিপলস্ পার্টি (সিপিপি) আপাতদৃষ্টিতে সফল। তবে জনগণের চাহিদা পূরণে সত্যিকারে তাঁরা কতটুকু সফল, তা খতিয়ে দেখার বিষয়। বিশ্বে যে কয়জন নেতা সবচেয়ে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থেকেছেন, তাঁদের মধ্যে হুন সেন একাদশ স্থানে আছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এক্ষেত্রে এক নম্বরে আছেন ব্রুনেইয়ের সুলতান। ১৯৬৭ সাল থেকে তিনি ক্ষমতায় রয়েছেন। অন্য যে নয়জন নেতা সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন, তাঁদের মধ্যে পাঁচজনই আফ্রিকার। চারজন রয়েছেন মধ্যপ্রাচ্যে। ক্ষমতার ২৫ বর্ষপূর্তি উদ্যাপনের প্রাক্কালে ১২ জানুয়ারি রাজধানী নমপেনে ন্যাশনাল ইনস্টিটিউট ফর এডুকেশনে বিনয়ী এক ভাষণ দেন হুন সেন। এ সময় তিনি বলেন, ‘২৭ বছর বয়সে আমি পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলাম। উপপ্রধানমন্ত্রী হই ২৯ বছর বয়সে। আর ৩৩ বছর বয়সে হলাম প্রধানমন্ত্রী।’ওই সময় কম্বোডিয়ার পরিচিতি ছিল ‘পিপলস্ রিপাবলিক অব কাম্পুচিয়া’ হিসেবে। তা ছিল ভিয়েতনামের প্রতিষ্ঠিত এক কমিউনিস্ট রাষ্ট্র। রক্তপায়ী খেমাররুজকে উত্খাত করে ভিয়েতনাম এই রাষ্ট্রের জন্ম দেয়।বক্তৃতায় হুন সেন তাঁর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে প্রজাতন্ত্রবিরোধী মাকিস আন্দোলনে যোগ দেওয়ার কথা বলেন। খেমাররুজসহ কয়েকটি প্রতিরোধী সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠে সেই আন্দোলন। ১৯৭০ সালের এপ্রিলে তাঁরা সেই দুর্বার আন্দোলন গড়ে তোলেন। একই বছরের গোড়ার দিকে ক্ষমতাচ্যুত হন কম্বোডিয়ার রাজা নরোদম সিহানুক। হুন সেন বলেন, মূলত সিহানুকের আবেদনের পরিপ্রেক্ষিতেই তাঁর আন্দোলনে নামা। নানা চড়াই-উত্রাই পেরিয়ে হুন সেন বিগত পুরো চার দশক বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘সব ধরনের অভিজ্ঞতাই আছে আমার। সেনাদলকে কীভাবে পরিচালনা করতে হয়, আমার অধিনায়কের কাছ থেকে আমি তা শিখেছি। আবার কীভাবে তাঁর জন্য চা তৈরি করতে হবে, তাও জানা আছে। এমনকি কাপড় ধোলাইয়ের কাজও আমি জানি।’২০১৩ সালে দেশের পরবর্তী নির্বাচনে হুন সেনের পুনরায় নির্বাচিত হওয়ার বিষয়টি এক রকম নিশ্চিত। এরই মধ্যে দলীয় সম্মেলন থেকে প্রধানমন্ত্রী পদে তাঁর মনোনয়নের বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে ওই সময় আসা পর্যন্ত এখনও কয়েক বছর মেয়াদ বাকি আছে তাঁর। দীর্ঘ ২৫ বছর হুন সেনের ক্ষমতায় টিকে থাকার পটভূমি নিয়ে গবেষক ও বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। তবে বেশির ভাগ গবেষক ও বিশ্লেষক স্বীকার করেছেন, যুদ্ধবিধ্বস্ত কম্বোডিয়াকে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ দেশে পরিণত করাই হুন সেনের ক্ষমতায় টিকে থাকার মূলমন্ত্র। উন্মুক্ত ও ক্রমবর্ধমান অর্থনীতি তাঁর প্রধান অর্জন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে গত বছর কম্বোডিয়ার অর্থনৈতিক উন্নতি বাধাগ্রস্ত হয়। ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত গড়ে প্রতিবছর সে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৯ দশমিক ৫ শতাংশ। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।তাই বলে হুন সেন দুধে ধোয়া তুলসী পাতা নন। বরং অনেক বিশ্লেষক তাঁকে ক্ষমতা আঁকড়ে থাকা নির্মম শাসক হিসেবেও দেখেন। মানবাধিকার লঙ্ঘন, ভূমি থেকে উচ্ছেদ, সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক দুর্নীতি—এসব সমস্যা সেখানে ব্যাপক। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কিছুই নেই। নেই রাজনীতিবিদদের স্বাধীন মতপ্রকাশের স্বাধীনতা। স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত বছর কম্বোডিয়ার আদালতগুলোতে রাজনীতিকদের বিরুদ্ধে মামলার সংখ্যা বেড়ে যায়। ফ্রান্সে অবস্থানকারী কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা স্যাম রেইনসি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ শাসনামলে হুন সেনের কর্মকাণ্ডে এটি স্পষ্ট, তাঁর মূল লক্ষ্য হচ্ছে স্বীয় স্বার্থ হাসিল। দেশের সাধারণ মানুষের জন্য তিনি কিছু করেননি। ক্ষমতা আঁকড়ে থাকার ব্যাপারে হেন কাজ নেই, যা তিনি করেন না। রাজনৈতিকভাবে বাঁচতে সর্বস্তরে ক্ষমতার খুঁটি রয়েছে তাঁর। ই-মেইলে পাঠানো বক্তব্যে রেইনসি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দুভাবে মোকাবিলা করেন হুন সেন। হয় তাঁদের কেনেন, নয়তো পাঠিয়ে দেন যমের ঘরে। এভাবেই বছরের পর বছর ধরে একই পদে বহাল আছেন তিনি। কোনো গণতান্ত্রিক দেশে এভাবে দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত করে রাখার নজির বিশ্বের আর কোথাও নেই।