হুমায়ূন আহমেদের সঙ্গে সেই আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ‌ুমায়ূন আহমেদ
হ‌ুমায়ূন আহমেদ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে আমার প্রথম পরিচয় যতটা মনে পড়ে ১৯৯০ সালে। কাকরাইলের এক রেস্টুরেন্টে। আমার অনুজপ্রতিম জাদুশিল্পী বন্ধু জাহাঙ্গীর (বর্তমানে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসরত) হুমায়ূন আহমেদকে সংবর্ধনা দেওয়ার জন্য ওই রেস্টুরেন্টে অনেক জাদুশিল্পী ও ভক্তকে আমন্ত্রণ করেছিলেন। আমি অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলাম। অনুষ্ঠান শেষে হু্মায়ূন আহমেদ আমাকে তাঁর কাছে ডেকে বললেন, ‘আপনার উপস্থাপনা আমার ভালো লেগেছে, বাসায় আসবেন, আড্ডা হবে।’ আমার জবাব ছিল, অবশ্যই আসব। তখন তিনি স্ত্রী গুলতেকিন ও সন্তানদের নিয়ে এলিফ্যান্ট রোডে একটি অ্যাপার্টমেন্টে থাকতেন।
এক বিকেলে প্রথম তাঁর বাসায় পৌঁছানোর পর আমাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁর বৈঠকঘরে বসালেন। দুজন পাশাপাশি বসলাম। বসার ঘরে চেয়ার-টেবিলের বালাই নেই। এক পাশে একটি কম্পিউটার। মেঝের সবটাই মোটা গদি ও চাদরে ঢাকা, আড্ডার জন্য সদা প্রস্তুত। হুিমায়ূন আহমেদ আমার সঙ্গে কথা বলে চলেছেন। হঠাৎ তাঁর দুই মেয়ে শিলা ও বিপাশাকে ডাকলেন। আমাকে জাদুকর হিসেবে পরিচয় করিয়ে দিলেন। আমাকে বললেন, ‘জলিল, ম্যাজিক দেখান না।’ আমি ম্যাজিক দেখালাম। প্রশংসা পাওয়ার যোগ্য ছিলাম কি না, জানি না কিন্তু তিনি প্রশংসা করলেন। আবার কবে তাঁর বাসায় যাব, তা জানতে চাইলেন। বললাম, সপ্তাহ খানেকের মধ্যেই আসব। হুপমায়ূন আহমেদ বললেন, ‘ম্যাজিক নিয়ে আসবেন।’ আমি বললাম, আচ্ছা, কিন্তু আপনি তো দেখছি ম্যাজিশিয়ানদের মতো আবদার করছেন (তখনো আমি জানি না, উনি একজন গুণী ম্যাজিশিয়ান)। হুয়মায়ূন আহমেদ রহস্যময়ভাবে মুচকি হাসলেন।
মহান এই মানুষটির আমন্ত্রণে আমি এক বিশেষ আকর্ষণে সপ্তাহ খানেকের মধ্যেই তাঁর বাসায় গিয়ে হাজির হলাম। আবার দুজনের আন্তরিক আড্ডা। এই আড্ডায় এই উদার মনের মানুষটি বললেন, তিনি বহু বছর যাবৎ জাদুচর্চা করেন। জাদুশিল্পের প্রতি রয়েছে তাঁর গভীর মমতা। হুসমায়ূন আহমেদ আমাকে জিজ্ঞেস করলেন, ‘আপনি পামিং করেন?’ বলেই তিনি কয়েন পাম (হাত সাফাই) করে দেখালেন। জিজ্ঞেস করলেন, হচ্ছে? আমি বললাম, নিখুঁত। পামিং হচ্ছে হাতের তালুতে বা আঙুলের ফাঁকে বিশেষ কায়দায় কয়েন বা তাস লুকিয়ে রেখে দর্শকদের কায়দা করে আবার বের করে দেখানো। এটা করার জন্য প্রয়োজন হয় বছরের পর বছর একনিষ্ঠ সাধনা। তখনই বুঝতে পারলাম, তিনি কত বড় মাপের একজন জাদুশিল্পী।

একান্ত আড্ডায় হ‌ুমায়ূন আহমেদকে জাদু দেখাচ্ছেন লেখক
একান্ত আড্ডায় হ‌ুমায়ূন আহমেদকে জাদু দেখাচ্ছেন লেখক

হুমায়ূন আহমেদ বললেন, তাঁর সংগ্রহে রয়েছে প্রচুর ম্যাজিকের বই। এরপর তিনি নিয়ে এলেন একটি বাক্স। সেখান থেকে কিছু ম্যাজিক বের করে বললেন, ‘এগুলোর কৌশল আমি ভুলে গেছি, আপনার জানা থাকলে বলবেন।’ আমি দেখিয়ে দিলাম। উনি বললেন, অসংখ্য ধন্যবাদ।
অন্য একদিন তাঁর হাতে জাদুর দুটি বই তুলে দিয়েছিলাম। তখন লক্ষ করলাম, তাঁর মুখভরা হাসি। তাঁর সেই হাসি এখনো আমার চোখে ভাসে।
একদিন লেখক খুব আবদার করে একটি নির্দিষ্ট দিনে আমাকে তাঁর বাসায় উপস্থিত থাকতে অনুরোধ করলেন। বললেন, তিনি একটি ছবি বানাতে যাচ্ছেন, নাম আগুনের পরশমণি।
বহু শিল্পীর উপস্থিতিতে আলোচনা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। আমি যেন কিছু ম্যাজিক নিয়ে আসি। কথা দিলাম, আসব।
নির্দিষ্ট দিনে উপস্থিত হলাম। অভিনেতা আসাদুজ্জামান নূরসহ অনেকে সেদিন উপস্থিত ছিলেন। সবার সঙ্গে জাদুশিল্পী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আমাকে জাদু প্রদর্শন করার অনুরোধ করলেন। বললেন, ‘আপনার যদি সহকারী প্রয়োজন হয় শিলা ও বিপাশাকে নিতে পারেন। ওরা নাটক করে, ওদের দু-তিনবার কী করতে হবে বুঝিয়ে দিলে ওরা বুঝতে পারবে।’ আমি শিলা ও বিপাশাকে ওই দিন সহকারী হিসেবে আমার সঙ্গে রাখলাম। শিলা ও বিপাশা সেদিন বেশ উৎফুল্ল ছিল জাদু দেখানোর কাজে যুক্ত হতে পেরে।
হুমায়ূন আহমেদের সঙ্গে একােন্ত অনেক আড্ডা দিয়েছি। স্মৃতিপটে জমে আছে বহু স্মৃতি, যা এই লেখায় শেষ করা অসম্ভব।