হুবহু যমজ কুকুরছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় দুটি কুকুরছানা জন্ম নিয়েছে। এদের বৈশিষ্ট্য হলো অবিকল যমজ। এরা নেকড়ে শিকারে ব্যবহৃত আইরিশ উলফহাউন্ড জাতের।
দেশি-বিদেশি গবেষকেরা এই কুকুর যমজ নিয়ে উচ্ছ্বসিত। কারণ, এই প্রথম জিনগত বিশ্লেষণের মাধ্যমে তাঁরা এই যমজের অবিকল বা মনোজাইগোটিক (একই ডিম্বকোষ থেকে নিষিক্ত) বৈশিষ্ট্য নিশ্চিত করতে পেরেছেন।
পোষা কুকুরের ক্ষেত্রে মনোজাইগোটিক যমজ সম্ভব কি না, তা নিয়ে বহু বছর ধরে সংশয় ছিল। এ বিষয়ে নানা কাহিনির প্রচলন থাকলেও এত দিন পর্যন্ত কেউ বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বিষয়টির প্রমাণ দিতে পারেননি। মানুষের ক্ষেত্রে যমজ থাকার বিষয়টি তুলনামূলক পরিচিত হলেও অন্যান্য প্রজাতির মধ্যে মনোজাইগোটিক যমজ বিরল।
নতুন ওই যমজ কুকুরের নাম কালেন ও রোমুলাস। দক্ষিণ আফ্রিকার মোগাল সিটির রান্ট এন ডাল অ্যানিমেল হসপিটালে এদের জন্ম। প্রাণিচিকিৎসক কার্ট ডি ক্র্যামার এদের জন্মকালীন সিজারিয়ান অস্ত্রোপচার করেন।
কালেন ও রোমুলাস দেখতে কেমন? হ্যাঁ, মিল আছে অনেক। তবে অমিলও আছে গায়ের সাদা ছোপ ছোপ দাগের মধ্যে। তবে রক্তের নমুনা পরীক্ষা করে দেখা যায়, এরা মনোজাইগোটিক যমজ।
একই জিনের ধারক হলেও প্রতিটি জিনের ওপর পরিবেশগত কিছু প্রভাব পড়ে। এ কারণে মানুষের অবিকল যমজও দেখতে কিছুটা আলাদা হয়ে থাকে। জিনগত পরীক্ষার ওই গবেষণায় অংশ নেন অস্ট্রেলিয়ার জেমস কুক বিশ্ববিদ্যালয়ের ক্যারোলিন জুন এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের জোহান নথলিং। তাঁদের গবেষণা প্রতিবেদনটি রিপ্রোডাকশন ইন ডমেস্টিক অ্যানিমেলস সাময়িকীতে গত সপ্তাহে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীদের মতে, প্রকৃতিতে যমজের সংখ্যা বিরল হওয়ার কারণ আছে। একই গর্ভপত্রে দুটি জীবন্ত সত্তার অবস্থান নিরাপদ নয়। এতে দুটি সত্তার বিকাশ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।