অমাবস্যা ও পূর্ণিমায় প্রবল জোয়ারে আনোয়ারার পারকি সমুদ্রসৈকতের ঝাউগাছের গোড়া থেকে বালু সরে যাচ্ছে। বালু সরে যাওয়ায় কয়েক শ গাছ কাত হয়ে পড়েছে। উপড়ে পড়েছে বেশ কিছু গাছ। এর ফলে সাইক্লোন ও জলোচ্ছ্বাসের কাছে উপকূল যেমন উন্মুক্ত হয়ে পড়ছে, তেমনি হুমকির মধ্যে পড়েছে সম্ভাবনাময় এই সৈকত।
সরেজমিনে পারকি সৈকতে দেখা যায়, সৈকতের লুসাই পার্ক এলাকা থেকে পশ্চিম দিকে আধা কিলোমিটার এলাকাজুড়ে ঝাউগাছের গোড়ার বালু সরে গেছে। গোড়ার দেড় থেকে দুই ফুট বালু সরে যাওয়ায় গাছগুলোর শেকড় বেরিয়ে পড়েছে। বালু সরে গিয়ে হেলে পড়া ৩০টির মতো গাছ কেটেও নেওয়া হয়েছে। সৈকতজুড়ে ছড়িয়ে আছে কেটে নেওয়া গাছের গোড়া।
পারকি সৈকত এলাকার কয়েকজন দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ী জানান, সৈকতে প্রবল জোয়ারে গোড়ার বালু সরে গিয়ে কাত হয়ে পড়ছে গাছগুলো। কয়েক বছর ধরেই সৈকতের গাছগুলোর এমন হাল হচ্ছে বলে তাঁরা জানান। শেকড় বেরিয়ে পড়া অনেক গাছ লোকজন কেটেও নিয়ে যাচ্ছে। তাঁদের আশঙ্কা, ব্যবস্থা না নিলে এই সৈকত টিকিয়ে রাখাই কঠিন হবে।
বন বিভাগ জানায়, আনোয়ারা উপকূল রক্ষার জন্য বন বিভাগ ১৯৯৩-৯৪ এবং ২০০২ সালে প্রায় ৮০ হেক্টর জায়গায় ঝাউগাছ লাগায় পারকি সৈকত ও আশপাশের এলাকায়। তবে গোড়া থেকে বালু সরার কারণে গত পাঁচ বছরে পারকির পাঁচ শতাধিক গাছ কেটে ফেলতে হয়েছে। বর্তমানে একই কারণে হুমকিতে আছে অন্য গাছগুলোও।
সৈকতের ব্যবসায়ী লিয়াকত আলী খান বলেন, ‘সৈকতের গাছের গোড়ার বালু সরে যাওয়ায় গাছগুলো পড়ে মরে যাচ্ছে। জানি না ভবিষ্যতে সৈকতের কী হাল হবে?’
চট্টগ্রাম সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ প্রথম আলোকে বলেন, অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের প্রভাবের পাশাপাশি সৈকতের আশপাশ থেকে রাতে বালু তুলে পাচার করছে একটি চক্র। এ কারণেও গাছের গোড়া থেকে মাটি সরছে। এ অবস্থা চলতে থাকলে এ সৈকত ধ্বংস হয়ে যেতে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে উপকূলীয় বন বিভাগের বন্দর বিট কর্মকর্তা সাধন চন্দ্র প্রথম আলোকে বলেন, সৈকতের ঝাউগাছের গোড়া থেকে মাটি সরে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।