হুমকিতে জাতীয় উদ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের শতবর্ষী মা–গাছ (মাদার ট্রি) কেটে সাবাড় করছে দুর্বৃত্তরা। এ কারণে দিন দিন বৃক্ষশূন্য হয়ে পড়ছে এই বনাঞ্চল।
গত ১৮ অক্টোবর সরেজমিনে দেখা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দুপাশে মেধাকচ্ছপিয়া থেকে খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের উত্তর পাশ পর্যন্ত সারি সারি গর্জনগাছ। কিন্তু মহাসড়ক থেকে পূর্ব দিকে একটু ভেতরে ঢুকলেই দেখা যায় বিরান ভূমি। এখানকার বহু মা গর্জনগাছ কেটে নিয়ে গেছে বনদস্যুরা। এসব স্থানে কয়েক হাত পরপরই ছড়িয়ে আছে কাটা গাছের গুঁড়ি। অনেক গাছ মাটি খুঁড়ে শিকড়সহ নিয়ে যাওয়া হয়েছে।
খুটাখালী ইউনিয়নের মহাসড়কের পাশে হরিখোলা, ঘেছখোলা, খেলির বিল, গুল ডেবা, মুধর শিয়া, গয়ালমারা, কোনাপাড়া, লাল পাহাড়, অঙ্গীকার ক্লাব মাঠ এলাকা থেকে প্রতিনিয়ত মা গর্জনগাছ কেটে ফেলা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবছার (৪০) জানান, এলাকায় দুই বছর আগেও প্রচুর গাছ ছিল। কিন্তু সম্প্রতি একের পর এক মা গর্জনগাছ কেটে নেওয়ার ফলে শ্রীহীন হয়ে পড়েছে এই জাতীয় উদ্যান।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, বন বিভাগের একজন পাহারাদার (ভিলেজার) নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে বাগানের গাছ কেটে বিক্রি করছেন। গাছচোরদের সঙ্গে ওই পাহারাদার সমঝোতা করেই মা গর্জনগাছ কাটেন। বাগানের ভেতর রাতে ট্রাক ঢুকিয়ে গাছ ভর্তি করে ওই চক্র তা পাচার করছে।
তাঁরা আরও অভিযোগ করেন, গাছ কাটার শ্রমিক হিসেবে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের ব্যবহার করা হয়। এই চক্রের লোকজন গাছের গোড়ায় একধরনের বিষ দেন। পরে গাছ মরে গেলে তখন কেটে ফেলা হয়।
মেধাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা আববুল মান্নান গত বুধবার রাতে প্রথম আলোকে বলেন, বনের ভেতরে অন্তত এক হাজার অবৈধ বসতি আছে। এর মধ্যে অল্পসংখ্যক বনকর্মী দিয়ে বন রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, গর্জন বাগান ধ্বংসের পেছনে অন্তত ৩০ জনের একটি চক্র জড়িত। গত এক মাসে তঁাদের বিরুদ্ধে অন্তত চারটি মামলা দায়ের করা হয়েছে।
বনবিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন খুটাখালী মৌজার মেধাকচ্ছপিয়ার এক হাজার একর জায়গায় জাতীয় উদ্যান গড়ে উঠেছে। এই বনাঞ্চলে ১৯৫২ একবার এবং ১৯৯৩ সালে দ্বিতীয়বার গর্জন গাছ সৃজন করা হয়। ২০০৪ সালের এপ্রিল মাসে পরিবেশ ও বন মন্ত্রণালয় এই বনভূমিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। কিন্তু সরকারের জাতীয় উদ্যান ঘোষণাটি শুধু সাইনবোর্ড লাগানোর মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) শাহ-ই-আলম গত বুধবার রাতে প্রথম আলোকে বলেন, গর্জন গাছগুলো থেকে বীজ নিয়ে দেশের বিভিন্ন স্থানে গর্জনের বংশবিস্তার করা হয়। এ বাগান কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া যায় না। শুধু বন বিভাগ নয়, সবার চেষ্টায় তা বন্ধ করা প্রয়োজন।
শাহ-ই-আলম আরও বলেন, এই বনে গাছচোর রয়েছে মাত্র পঁাচ-সাতজন। তঁাদের বিরুদ্ধে মামলা করেও দমানো যাচ্ছে না। তাই আমরা তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএইড ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে নেওয়া ক্রেল নামের একটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। তখন হয়তো তারা আর বনের সম্পদের দিকে হাত বাড়াবে না।