হুমকিতে মৎস্য প্রজননক্ষেত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুই, কাতলা, মৃগেলসহ কার্প–জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র হালদা নদীতে দখল ও দূষণ বাড়ছে। নদীর ফটিকছড়ি উপজেলা অংশে ফেলা হচ্ছে বর্জ্য। এ ছাড়া ওই এলাকায় নদীর পাড় দখল করে গড়ে উঠেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। এর ফলে মাছের প্রজননক্ষেত্রটি পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকির মুখে পড়েছে বলে গবেষকদের আশঙ্কা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি, সুন্দরপুর, ধুরুং, দৌলতপুর ও রোসাংগিরি ইউনিয়ন ঘেঁষে শতাধিক গ্রামের ভেতরে দিয়ে প্রবাহিত হচ্ছে হালদা নদী। ফটিকছড়ি সদরের রাজঘাট থেকে উত্তর দিকের এক কিলোমিটার এবং নাজিরহাট বাজার থেকে নতুন সেতু পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা দখল করে গড়ে উঠেছে বহু অবৈধ স্থাপনা। পাশাপাশি নদীর নাজিরহাট কলেজসংলগ্ন এলাকার পূর্ব সুয়াবিল ও পূর্ব মন্দাকিনী অংশ থেকে প্রতিদিন অবাধে বালু ও মাটি তোলা হচ্ছে।
১২ জানুয়ারি উপজেলার নাজিরহাট এবং বিবিরহাট এলাকা ঘুরে নদী দখলের চিত্র চোখে পড়েছে। নাজিরহাট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মাহফুজুল হক বলেন, নাজিরহাট বাজার এলাকায় নদীর পাড় দখল করে ২৬টি ও বিবিরহাট বাজারে অন্তত ১৫টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।
উপজেলার নাজিরহাট পুরোনো সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, সেতুর গোড়ায় স্তূপ করে ফেলা হয়েছে বর্জ্য। পলিথিন ও গৃহস্থালির আবর্জনা মিশছে নদীর পানিতে। ওই এলাকায় সেতু পার হতে গিয়ে দুর্গন্ধের কারণে নাকে রুমাল চাপা দিতে দেখা গেছে পথচারীদের। এলাকার লোকজন জানান, নাজিরহাট বাজারের বিভিন্ন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের লোকজন নদীতে ময়লা ফেলেন। পুরোনো সেতু এলাকার ১১ কিলোমিটার দূরে বিবিরহাট বাজারের পাশেও নদীতে ময়লা ফেলতে দেখা গেছে।
নাজিরহাট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বজল আহমদ বলেন, বাজারের বর্জ্য ফেলার কোনো নীতিমালা নেই। ফলে বাজারের কিছু ব্যবসায়ী হালদায় বর্জ্য ফেলে পরিবেশ দূষিত করছেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, খাল-নদীতে বর্জ্য না ফেলার বিষয়ে নির্দেশনা আছে। এরপরও অনেকে ময়লা-আবর্জনা ফেলেন। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে।
দখল ও দূষণ হালদার জীববৈচিত্র্যের ওপর কী ধরনের প্রভাব ফেলছে জানতে চাইলে হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, পৃথিবীতে মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্রগুলোর মধ্যে হালদা অন্যতম। কিন্তু এই নদীর ফটিকছড়ি অংশের উপকূলে ৫২টি ইটভাটা, ১৭টি চা–বাগান এবং বিভিন্ন হাট-বাজার ও কলকারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানের বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে হালদার পানি। এ ছাড়া বিভিন্ন শাখা খাল ভরাট করে ফেলায় হালদার পানিপ্রবাহ হ্রাস পেয়ে লোনা পানির আগ্রাসন বেড়েছে। দখলের কারণেও হালদার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এটি রক্ষার উদ্যোগ না নিলে ঐতিহ্যের মৎস্য প্রজননক্ষেত্র ধ্বংস হয়ে যাবে।
উপজেলার পূর্ব মন্দাকিনী, বারইয়ারহাট, পূর্ব-ধুরুং গ্রামের বিভিন্ন অংশে নদীর বালু ও মাটি অপরিকল্পিতভাবে কেটে নিতে দেখা গেছে। এলাকাবাসী জানান, প্রভাবশালী লোকজন মাটি কাটা এবং বালু তোলার কাজে জড়িত।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে পাউবোর উপপ্রকৌশলী মো. খোরশেদুল আলম বলেন, ‘হালদার নাব্যতা ফিরিয়ে আনার জন্য খননের উদ্যোগ নেওয়া হবে। তবে কেউ যাতে অবৈধভাবে মাটি ও বালু তুলতে না পারে, সেটাও দেখব আমরা।’
হালদার দূষণ প্রতিরোধে কী উদ্যোগ নেওয়া হয়েছে, জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো. মুকবুল হোসেন বলেন, হালদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৎস্য প্রজননক্ষেত্র। এর পরিবেশ রক্ষায় সরকার বহু উদ্যোগ গ্রহণ করেছে। নদীর দূষণের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।