চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড়ে অগ্নিকাণ্ডের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। এতে প্রতিবেশগত ও পরিবেশের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আগুনে আর্থিক ক্ষতির পরিমাণ নির্ণয় করা গেলেও জীববৈচিত্র্যের যে ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই নির্ণয়যোগ্য নয়।উল্লেখ্য, গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিবিএ) অনুষদ ভবনের পাশের পাহাড়ে আগুন লাগে। পরে তা শাহজালাল ও শাহ আমানত হলের পাশের পাহাড়েও ছড়িয়ে পড়ে। পাহাড়গুলো উঁচু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কাটা পাহাড় হচ্ছে ক্যাম্পাসের অন্যতম ‘হট স্পট’ (যেখানে অন্যান্য স্থানের তুলনায় জীবজন্তুর বিচরণ বেশি)। পাহাড়ে রয়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির বিভিন্ন বৃক্ষ। এ ছাড়া রয়েছে বনমোরগ, ব্যাঙ, সাপ ও কয়েক প্রজাতির হরিণের বাস। ক্যাম্পাসে থাকা ১৫০ প্রজাতির পাখির মধ্যে প্রায় ৫০ প্রজাতির বিচরণক্ষেত্র এই কাটা পাহাড়। বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ জসীমউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পাহাড়গুলো অনেক উঁচু হওয়ায় সেখানে মানুষের আনাগোনা একেবারেই কম। এ জন্য এখানে পাখি-হরিণসহ বিভিন্ন প্রজাতির জীবজন্তুর নিরাপদ আবাস গড়ে উঠেছে। কিন্তু অগ্নিকাণ্ডের ফলে পশুপাখির এ নিরাপদ আবাস ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা বেশি। এতে এখানকার পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে।’ বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, কাটা পাহাড়ের ছয় একর জমির ওপর ২০০৬ সালে ‘বীজ বাগান’ করা হয়। এসব বাগানে বিলুপ্তপ্রায় প্রজাতির চারটি বৃক্ষের সাত হাজার ২০০ চারা রোপণ করা হয়েছিল। এগুলো হচ্ছে—ঢাকিজাম, গর্জন, চাপালিশ ও সিভিট। ইনস্টিটিউটের শিক্ষক কামাল হোসাইন প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের ফলে বীজ বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। বাগানে লাগানো বিলুপ্ত প্রজাতির বৃক্ষের অধিকাংশ চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিলুপ্ত প্রজাতির এসব গাছের চারা দেশের বিভিন্ন নার্সারিতে দেওয়ার কথা ছিল। তিনি আরও জানান, এখানে আবার নতুন বাগান তৈরি করা অনেক কঠিন। এমনকি এখানে আর বাগান না-ও হতে পারে। আগুন নিয়ন্ত্রণে পাহাড়ে ‘ফায়ার লাইন’ তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, ফায়ার লাইন তৈরি করা গেলে আগুন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে পারবে না। এতে পরিবেশ ও আর্থিক ক্ষতি—দুটিরই পরিমাণ কমবে।বিশেষজ্ঞরা জানান, আগুনের কারণে পাহাড়ের মাটির সারাংশ (ওপরের অংশ) নষ্ট হয়ে যায় এবং মাটির মধ্যে অবস্থিত বিভিন্ন অণুজীব ধ্বংস হয়। বৃষ্টি হলে উর্বর এ মাটি পাহাড়ের নিচে চলে যায়। এতে শণসহ আগাছা প্রজাতির উদ্ভিদ খুব দ্রুত জন্মায়। ফলে সেখানে নতুন বাগান করা খুবই কঠিন হয়ে পড়ে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন বলেন, ‘আগুনে বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে পরিবেশের ক্ষতিটাই আমাদের নাড়া দিয়েছে বেশি।’