চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারিপার্ক ও সংরক্ষিত বনাঞ্চলঘেঁষে চারটি অবৈধ ইটভাটা গড়ে তোলা হয়েছে। এসব ভাটায় পাহাড় কেটে ও বনের কাঠ জ্বেলে ইট তৈরি করা হচ্ছে। ভাটার কালো ধোঁয়ায় পার্কের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।বন বিভাগ সূত্র জানায়, সাফারিপার্কের দক্ষিণ ও পূর্বদিকে সংরক্ষিত বনাঞ্চল। এসব বনের পাশেই বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীতে ব্যক্তির মালিকানাধীন রাবার ও হর্টিকালচার বাগান। চকরিয়ার ডুলাহাজারা এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এর ভেতরেই তিন-চার বছর ধরে ইটভাটাগুলো তৈরি করেছেন। কোনো ধরনের অনুমোদন ছাড়াই ভাটাগুলো চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।বন বিভাগের এক কর্মকর্তা জানান, ‘পরিবেশের দিক বিবেচনা করলে কোনো অবস্থাতেই সেখানে ভাটা করা যায় না। কিন্তু প্রতি শুষ্ক মৌসুমে বনের কাঠ জ্বালিয়েই ভাটাগুলোতে ইট পোড়ানো হচ্ছে। কিন্তু বর্তমানে ইট পোড়ানো নিয়ন্ত্রণের যে আইন তাতে বন বিভাগের কিছুই করার নেই।’ সাফারিপার্ক সূত্র জানায়, প্রায় ৯০০ হেক্টর বনাঞ্চল নিয়ে ডুলাহাজারায় বঙ্গবন্ধু সাফারিপার্কটি গড়ে তোলা হয়েছে। ২০০০ সাল থেকে সরকার এ পার্কের জন্য কোটি কোটি টাকা খরচ করে জীবজন্তুর আবাসস্থল তৈরি, সীমানাপ্রাচীর নির্মাণ, প্রাণীর আলাদাবেষ্টনী, বিশ্রামাগার, বাংলো, মিউজিয়াম, স্টুডেন্ট ডরমেটরি, অর্কিড হাউস, প্রাণীদের খাবার জায়গা, পর্যবেক্ষণ টাওয়ার, বনায়ন, অভ্যন্তরীণ সড়ক, পশু-পাখির প্রতিকৃতিসহ নানান স্থাপনা নির্মাণ করে। পার্কে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে বিভিন্ন প্রজাতির জীবজন্তু ও পশুপাখি । পার্ক সূত্র জানায়, হাতি, বাঘ, সিংহ, কুমির, ওয়াইলবিস্ট, কুদু, হরিণ, ভল্লুক, এশীয় ও আফ্রিকান তৃণভোজী প্রাণী থেকে শুরু করে হাজারো প্রজাতির পশুপাখি রয়েছে এখানে। রয়েছে পশুচারণ ভূমি। পার্ক ছাড়াও বাইরের পশুপাখি আশ্রয় নেওয়ার সুবিধার জন্য সীমানাপ্রাচীরের বাইরেও সৃষ্টি করা হয়েছে বনাঞ্চল। সরেজমিনে দেখা যায়, পার্কের আফ্রিকান তৃণভোজী প্রাণীর বেষ্টনীর পূর্ব-দক্ষিণে দুটি ভাটা রয়েছে। এসব ভাটার ধোঁয়ায় পার্কের গাছপালা বিবর্ণ হয়ে পড়েছে। ভাটাগুলোর চারপাশে সংরক্ষিত ও ব্যক্তির মালিকানাধীন বনাঞ্চল। আইন অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চল বা ৫০টি বনজ-ফলদ গাছ থাকলে সেখানে ইটভাটা করা যায় না। অথচ ভাটাগুলো সংরক্ষিত ও অশ্রেণীভুক্ত বনাঞ্চলের ভেতরেই গড়ে তোলা হয়েছে। স্থানীয় লোকজন জানান, ভাটাগুলোতে সংরক্ষিত বন ও সামাজিক বনায়নের গাছ কেটে জ্বালানো হচ্ছে। ভাটার মালিকেরা লোক দিয়ে দিনে-রাতে এসব কাঠ সংগ্রহ করছেন। প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ফাঁসিয়াখালী এলাকার ভাটাগুলোকে অনুমতিপত্র (লাইসেন্স) দেওয়া হয়নি। ওই ভাটাগুলো পরিবেশ ছাড়পত্রও পায়নি। সাফারিপার্কের ভেটেরিনারি সার্জন জাহেদ মো. মালেকুর রহমান পার্কের পাশে ইটভাটা গড়ে ওঠার ক্ষতিকর দিকগুলো তুলে ধরে প্রথম আলোকে বলেন, ‘এতে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার পাশাপাশি প্রাণিজগতে বিরূপ প্রভাব পড়ছে। পশুপাখির স্বভাবও পাল্টে যাচ্ছে। অন্যদিকে বনাঞ্চল উজাড় হওয়ায় পার্কের আশপাশে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে।’ এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা বিভাগের পরিচালক মো. আল আমিন বলেন, ‘ইটভাটার ধোঁয়ার কার্বন ও ধূলা পানিতে পড়ে জলজ প্রাণীর ক্ষতি ও গাছের বেড়ে ওঠার ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলছে। আর এভাবে মাটির উর্বরাশক্তি নষ্ট হলে নতুন করে ঘাস, বাঁশের বীজ ও উদ্ভিদ জন্মাবে না।’ এতে করে পশুপাখির সহজভাবে বেঁচে থাকা বাধাগ্রস্ত হবে বলে জানান তিনি।