হুমকির মুখে বসতঘর ও সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী নদীর ভাঙনে বিলীন হচ্ছে সড়ক ও বসতঘর। গোমতী ইউনিয়নের তিন কিলোমিটারের প্রধান সড়কটির দুটি স্থানে এখন অর্ধেকাংশ নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে ইউনিয়নের গোরগুড়িয়া গ্রামের ২৭টি বসতঘর।

সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের প্রধান সড়কের আলী আহমদ মাস্টারপাড়া ও গোরগুড়িয়াপাড়া এলাকায় ভাঙন তীব্র। এসব স্থানে এখনই ভাঙন প্রতিরোধ করা না গেলে পুরো সড়কই নদীতে বিলীন হয়ে যাবে। এ ছাড়া দুই পাড়ার বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে। নদী এখন বসতঘরের কাছে চলে এসেছে। বৃষ্টি হলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর বর্ষার পাহাড়ি ঢল নামলে গোমতী নদীর ভাঙন দেখা দেয়। ভাঙনে ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ফসলি জমি, সেগুন বাগান ও আটটি বসতঘর। অনেকে ভিটেছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন আশপাশের গ্রামে।

গোরগুড়িয়া গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম (৬৭) বলেন, ‘গোমতী নদীতে আমার তিনটি ঘর বিলীন হয়ে গেছে। যতই নদীর কিনারা থেকে দূরে সরে ঘর তুলি, তিন-চার বছর পর আবার ভাঙন দেখা দেয়। এই পর্যন্ত চারবার ঘর সরালাম। জানি না আবার কবে এই ঘরও চলে যায়।’

 গোমতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান বলেন, ‘নদীভাঙনের ফলে লোকজন কষ্টে আছে। অনেক পরিবার এখন ফসলি জমি হারিয়ে অন্যের জমিতে কাজ করে সংসার চালাচ্ছে। আমার নিজের বাড়িও গোমতীতে চলে গেছে।’

 এ প্রসঙ্গে গোমতী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, ‘গোরগুড়িয়া গ্রামের লোকজন মানবেতর জীবন কাটাচ্ছে। ১০-১২ বছরে ভাঙনে অনেক পরিবার বসতভিটা হারিয়ে অন্যের জায়গায় ঘর তুলে আছে।’

এ ব্যাপারে জানতে চাইলে খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. ফয়জুল্লাহ মুঠোফোনে বলেন, ‘এই বিষয়টি আমাদের জানা নেই। এ জন্য হঠাৎ করে কোনো বরাদ্দ দেওয়া যায় না। তবে বরাদ্দ পেলে এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।