হুমকির মুখে মদুনাঘাট সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালদা নদী থেকে দুই বছর ধরে বালু ও মাটি উত্তোলনের কারণে মদুনাঘাট সেতুর পাথরের ব্লক সরে যাচ্ছে। ধসে পড়ছে নদীর ভাঙনরোধে দেওয়া বিভিন্ন স্থানের পাথরের ব্লক। নদী নিয়ে গবেষণা করেন এমন বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিত বালু উত্তোলন ও রাত-দিন যান্ত্রিক নৌযান চলাচলের কারণে এ রকম ধসের ঘটনা ঘটছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রের পরিবেশ। বিশেষজ্ঞদের আশঙ্কা, সেতু রক্ষায় এখন থেকে ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতি হতে পারে। জানা গেছে, হালদার তীরবর্তী গ্রাম কচুখাইন, সাকরদা, মোকামিপাড়া, দেওয়ানজীরঘাট, মইশকরম, নাপিতেরঘাট, আজিমেরঘাট,পশ্চিম গহিরা এলাকায় শুষ্ক মৌসুমেও নদীর ভাঙন চলছে। ভাঙনকবলিত এলাকায় গত এক দশকে যেসব পাথরের ব্লক ফেলা হয়েছিল, অনেক স্থানে সেসব ব্লক এখন নদীর নিচের দিকে নেমে গেছে।এ রকম পাথরের ব্লক ধসের ঘটনা ঘটেছে মোকামিপাড়া, কচুখাইন, পশ্চিম আবুরখীল ও পশ্চিম গহিরা এলাকায়। স্থানীয় অধিবাসীদের আশঙ্কা, আগামী বর্ষায় এ ভাঙন তীব্রতর হতে পারে। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, মদুনাঘাট সেতুর দুই পাশে গড়ে উঠেছে বালুর ব্যবসা। সেতুর দুই পাশের বিশাল এলাকায় যন্ত্রচালিত নৌকায় বালু খালাস করা হচ্ছে। সেতু রক্ষায় পূর্বাংশের গোড়ায় ফেলা পাথরের ব্লক চলে যাচ্ছে নদীগর্ভে। সেতুর কিনারায় বাঁশের ব্যবসা করেন আবদুল মালেক। তিনি জানান, পাথরের ব্লকগুলো কিছু দিন ধরে ধসে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, হালদার বিভিন্ন স্থান থেকে ড্রেজারের সাহায্যে বালু তুলছেন প্রভাবশালী লোকজন। এলাকাবাসী জানান, কচুখাইন বাঁধের গোড়া, হালদার চর, সাকরদা চর, নাপিতেরঘাট, আজিমেরঘাট এলাকায় বালু ও মাটি তোলা হচ্ছে বেশি। এসব বালু পরিবহনের জন্য যন্ত্রচালিত নৌকা ব্যবহার করছেন ব্যবসায়ীরা। ফলে ভাঙনের পাশাপাশি পরিবেশদূষণের কবলে পড়েছে হালদা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও হালদা গবেষক মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘যেভাবে বালু তোলা হচ্ছে, তা বন্ধ করা না হলে দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হুমকির মুখে পড়বে।’ এ ছাড়া মদুনাঘাট সেতুসহ তীরবর্তী অনেক এলাকায় ভাঙন বাড়তে পারে বলে তাঁর আশঙ্কা। একই রকম অভিমত দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য ইমাম উদ্দিন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আবু তাহের হালদা থেকে অব্যাহতভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে পাথরের ব্লক ধসের কথা স্বীকার করেছেন। তবে ব্যাপকহারে পাথরের ব্লক সরে যাচ্ছে না বলে তিনি জানান। তিনি বলেন, ‘২০০৫ সালে ফেলা কিছু ব্লক ধসে গেলেও পরে ফেলা ব্লকগুলো এখনো অক্ষত রয়েছে।’এ প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।