হুমকির মুখে ৫১ কোটি টাকার রাবারড্যাম প্রকল্প
চকরিয়ার মাতামুহুরী সেচ প্রকল্পের অস্থায়ী বাঁধ দুটি ভেঙে যাওয়ায় হুমকির মুখে পড়েছে রাবারড্যাম নির্মাণকাজ। গত জানুয়ারিতে ৫১ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মাতামুহুরী নদীর শাখা পালাকাটা ও বাগগুজারা অংশে রাবারড্যাম নির্মাণকাজ শুরু করে। বৃষ্টিতে উজানের পানির চাপ বাড়লে রাবারড্যাম নির্মাণকাজ চালিয়ে যাওয়া কঠিন হবে এবং এ পর্যন্ত যা কাজ হয়েছে তাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। এদিকে, অস্থায়ী সেচবাঁধ দুটি দ্রুত নির্মাণ করা না হলে চকরিয়া ও পেকুয়া উপজেলার ৬০ হাজার একর জমির বোরোর ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বোরোর সেচ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকেরা। তবে দ্রুত বাঁধ মেরামতের চেষ্টা চলছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাকী বিল্লাহ। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খান জানান, পানির চাপ কমাতে স্লুইসগেটগুলো খুলে দেওয়া হয়েছে। তারপরও রাবারড্যাম প্রকল্পের রিংবাঁধগুলো চরম ঝুঁকিতে রয়েছে। রিংবাঁধ ভেঙে গেলে রাবারড্যামের অবকাঠামো তলিয়ে যাবে। বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শিগগিরই বাঁধ পুনর্নির্মাণ না হলে এ বছর চকরিয়া ও পেকুয়ার কৃষকেরা বোরোর ফলন থেকে বঞ্চিত হবে। সংশ্লিষ্ট লোকজন জানান, মাতামুহুরীর উৎপত্তিস্থল বান্দরবানের লামা ও আলীকদমের পাহাড়ে ভারী বৃষ্টিপাত হলে নদীতে আকস্মিক পানি বেড়ে যায়। পানির প্রবল চাপে দুই সপ্তাহ আগে বাঁধ দুটি ভেঙে যায়। আবার বৃষ্টি হলে একই অবস্থা হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। উপজেলা প্রশাসন ও পাউবো সূত্র জানায়, চলতি শুষ্ক মৌসুমে চকরিয়া ও পেকুয়ায় প্রায় ৬০ হাজার একর জমিতে বোরো চাষের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৩২৮ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডও দুইটি রাবারড্যামের অবকাঠামো নির্মাণের জন্য একই জায়গায় দুইটি করে চারটি রিংবাঁধ তৈরি করে। রাবারড্যামের তলায় ইতিমধ্যে কয়েক কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন প্রথম আলোকে জানান, ‘পাহাড়ে বৃষ্টি হওয়ায় পানির খুব চাপ ছিল, ফলে দুই দিনের ব্যবধানে দুইটি বাঁধই ভেঙে গেছে। উপজেলা প্রশাসন ও পাউবো বাঁধগুলো রক্ষায় বিকল্প অনেক চেষ্টা করেও কাজ হয়নি।’ তিনি জানান, ‘বাঁধ দুটি ভেঙে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পানি কমলেই পুনরায় নির্মাণের চেষ্টা করা হবে।’ পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খাঁন জানান, বাঁধগুলো রক্ষা করা না গেলে ৬০ হাজার একর জমির বোরোর আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।