হুমায়ূন আহমেদ ভার্সন

মিসির আলি টেবিলে রাখা মোমের দিকে তাকালেন। মোমটা শেষ হয়ে আসছে। ঘড়িতে ১০টা বাজে। মিসির আলির হিসাবমতে ইলেকট্রিসিটি এখন চলে আসার কথা। তিনি একটা হিসাব করে বের করেছেন, ইলেকট্রিসিটি আসবে ৯টা ৫৫ মিনিটে। পাঁচ মিনিট ওভার হয়ে গেছে। এখনো আসছে না কেন ইলেকট্রিসিটি? তবে কি তাঁর হিসাবে আজকাল গন্ডগোল দেখা দিচ্ছে? দিতেই পারে। বিচিত্র কিছু না। বয়স হয়েছে।মিসির আলির একটু দুশ্চিন্তা হলো। তিনি একটা বই পড়ছেন। বইয়ের নাম দ্য নেচার অ্যাজাম্পশন। সাইকোলজির ওপর লেখা কঠিন বই। ইলেকট্রিসিটি না এলে তিনি আজ রাতে আর বইটা পড়তে পারবেন না। ভাবতে ভাবতে মোম নিভে গেল। হতাশ হয়ে মিসির আলি বই বন্ধ করতে যাচ্ছিলেন। ঠিক তখনই তিনি বুকে ব্যথা অনুভব করলেন। দরদর করে ঘামতে থাকলেন মিসির আলি। প্রচণ্ড ব্যথা। ব্যাপার কী! তাঁর গ্যাস্ট্রিকের সমস্যা আছে। মাঝেমধ্যেই বুকে ব্যথা করে। কিন্তু এতটা না। আজ কী হলো হঠাৎ? মিসির আলির মনে পড়ল তাঁর বাবারও এ রকম ব্যথা হয়েছিল একবার। প্রচণ্ড ব্যথায় চিৎকার করে বাবা বলেছিলেন, ‘ও মিসির, মিসির রে, আমি পানি খাব।’ ঘরে তখন পানি ছিল না। মিসির আলি পাশের বাসা থেকে পানি এনেছিলেন। পানি নিয়ে এসে দেখেন বাবা আর নেই। মিসির আলি কি সে রাতে কেঁদেছিলেন? তিনি মনে করতে পারলেন না। বাবার কথা ভাবতেই তাঁরও পানির পিপাসা পেল। তিনি দুইবার বললেন, ‘পানি, পানি’। কেউ তাঁর ডাকে সাড়া দিল না। হঠাৎ মিসির আলি নূপুরের শব্দ শুনলেন। সেই সঙ্গে তাঁর নাকে বেলি ফুলের গন্ধ এসে লাগল। মিসির আলি শুনলেন খুব ক্ষীণ স্বরে কেউ বলছে, ‘আমি এসে গেছি মিসির আলি, ভয় নেই।’
কী হচ্ছে এসব? নিশ্চয়ই এটা একটা হ্যালুসিনেশন। তাঁর হার্ট পাম্প করতে পারছে না। মস্তিষ্কে রক্ত পৌঁছাতে পারছে না। অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে। তাই মস্তিষ্ক এসব দেখাচ্ছে। ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে গেলেন মিসির আলি। অজ্ঞান হওয়ার ঠিক আগে তিনি অনুভব করলেন কেউ একজন তাঁর কপালে হাত রাখছে...।