হুমায়ুন আজাদ ও শামসুর রাহমান স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথামালা, নিবেদিত কবিতাপাঠ আর স্মৃতিচারণায় কবি হুমায়ুন আজাদ এবং শামসুর রাহমানকে স্মরণ করেছে বাচিক শিল্পচর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’। ১০ আগস্ট বিকেলে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে ‘কাফনে মোড়া অশ্রুবিন্দু’ শিরোনামের এ অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রামের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও আবৃত্তিশিল্পীরা। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামের পরিচালনায় কথামালা ও স্মৃতিচারণায় অংশ নেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, আবৃত্তিকার রণজিৎ রক্ষিত, সংস্কৃতিকর্মী মফিজুর রহমান, কাউন্সিলর রেহানা বেগম, কবি কামরুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, ‘বাংলা কবিতা যে কজন কবির হাত ধরে আধুনিকতায় পৌঁছেছে হুমায়ুন আজাদ এবং শামসুর রাহমান তাঁদের অন্যতম। আমরা হুমায়ুন আজাদের লেখনিতে যেমন খুঁজে পেয়েছি ব্যক্তি জীবনের নানা রুদ্র অনুভূতি, তেমনি শামসুর রাহমানের কবিতায় উঠে এসেছে মধ্যবিত্ত নাগরিক জীবনের নানান কথামালা।’অনুষ্ঠানে কবিদ্বয়ের কবিতা আবৃত্তি করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি অঞ্চল চৌধুরী, বোধন আবৃত্তি পরিষদের ইন্দিরা চৌধুরী ও নিশাত হাসিনা, প্রমা আবৃত্তি সংগঠনের রাশেদ হাসান, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের দেবাশিস রুদ্র, উচ্চারক আবৃত্তি কুঞ্জর ফারুক তাহের, নির্মাণ আবৃত্তি অঙ্গণের মাহবুবুর রহমান মাহফুজ, শব্দনোঙর আবৃত্তি সংগঠনের হাসান জাহাঙ্গীর, মুক্তধ্বনি আবৃত্তি সংগঠনের মশরুর হোসেন, তারুণ্যের উচ্ছ্বাসের মিজানুর রহমান, শামীমা ইয়াসমীন, শ্রাবণী দাশগুপ্তা, সাইদুর রহমান, ইভা চৌধুরী এবং সুমি বিশ্বাস। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী অনুপম দেবনাথ, তারুণ্যের উচ্ছ্বাসের নাহিদুজ্জামান, প্রবীর মহাজন, মিঠু তলাপাত্র, রুবেল চৌধুরী প্রমুখ।