মঞ্চে কবিতার আসর। হঠাৎ দেখা গেল স্লোগান দিতে দিতে মঞ্চে প্রবেশ করল একদল লোক। তারা হামলে পড়ল এক ব্যক্তির ওপর। হামলাকারীদের ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে লুটিয়ে পড়ল সেই মানুষটির দেহ। এ সময় বড় পর্দায় ভেসে উঠল হুমায়ুন আজাদের ছবি। লেখক ও প্রাবন্ধিক হুমায়ুন আজাদের ওপর হামলার প্রতীকী চিত্র এটি। এভাবেই ১২ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণ করা হয় হুমায়ুন আজাদকে। ১১তম প্রয়াণ দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন। আয়োজনে হুমায়ুন আজাদের কবিতা ও জীবনালেখ্য নিয়ে সংগঠনের পূর্ণাঙ্গ প্রযোজনা ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ মঞ্চায়ন করা হয়।
এ প্রযোজনায় একদিকে যেমন উঠে আসে প্রাবন্ধিক হুমায়ুন আজাদের ওপর হামলার চিত্র ও এরপর সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতিবাদ ও প্রতিক্রিয়ার চিত্র। এতে দেখানো হয় কতিপয় রাজনীতিকের হাতে মানুষ জিম্মি। যেখানে সততা, দক্ষতা, যোগ্যতা সবকিছুই মূল্যহীন। শেষ দৃশ্যে তাই এসবের বিরুদ্ধে জ্বালানো হয় দ্রোহের আগুন। প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন রাশেদ হাসান। অংশ নেন কঙ্কন দাশ, জেরিন মিলি, বিশ্বজিৎ পাল, তাজুল ইসলাম, মোহিত বিশ্বাস, মঞ্জুর মুন্না প্রমুখ।